বিদ্যুতের দাবিতে ফেনী-লক্ষ্মীপুর সড়ক অবরোধ
বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে ফেনী-লক্ষ্মীপুর সড়ক অরবোধ করে। আজ সোমবার সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অবরোধ চলে। এতে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে বিদ্যুতের দাবিতে ওই এলাকার সহস্রাধিক গ্রাহক একত্র হয়ে ফেনী-লক্ষ্মীপুর সড়কে অবস্থান নেয়। এ সময় তারা সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।খবর পেয়ে বেগমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-খাজা আলামিন ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব ঘটনাস্থলেট এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেও সমঝোতা করতে ব্যর্থ হয়েছেন।গ্রাহকেরা জানায়, সারা দিনে দুই-এক ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না এখানে। তাই ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা এ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানায়।ওসি আবদুর রব বিদ্যুতের দাবিতে গ্রাহকদের সড়ক অবরোধের কথা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, খবর পাওয়ার পর থানা পুলিশ ও পুলিশ লাইনের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি।