বিদ্যুতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পাশাপাশি হামলা ও ভাঙচুরের ঘটনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলাও হয়েছে। সপ্তাহজুড়ে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ, ভাঙচুর, অবরোধ ও হরতাল করে বিক্ষুব্ধ জনতা। গতকাল বৃহস্পতিবারও তা অব্যাহত ছিল।এ ছাড়া নোয়াখালী, শেরপুর, জয়পুরহাট, পঞ্চগড়সহ বিভিন্ন জেলা ও স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তারা।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কিশোরগঞ্জ: জেলার করিমগঞ্জ উপজেলায় গতকাল মানববন্ধন কর্মসূচি এবং অষ্টগ্রাম উপজেলায় বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে বিক্ষোভকারীরা অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নে পল্লী বিদ্যুতের কার্যালয় ভাঙচুর করে। পরে তারা উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে। এতে সেখানকার কর্মকর্তারা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে ইউএনও সেবাস্টিন রেমা গিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয়।কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মায়া ভৌমিক বলেন, ‘বিদ্যুৎ বরাদ্দে বৈষম্যের কারণে কিশোরগঞ্জের মানুষ নজিরবিহীন লোডশেডিংয়ের শিকার হচ্ছে।’ কিশোরগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ১২ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এ দিয়ে শহর ঠিক রেখে অন্যান্য উপজেলায় বিদ্যুৎ দেওয়া খুবই কঠিন। কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে অফিস করছেন।’বিদ্যুতের দাবিতে এর আগে ৯ আগস্ট জেলার বাজিতপুরে বিদ্যুতের কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, ১০ আগস্ট ইটনায় ইউএনওর কার্যালয় ও বাসায় হামলা-ভাঙচুর, কিশোরগঞ্জ সদরের বৌলাইয়ে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তাকে আটক ও ১১ আগস্ট করিমগঞ্জে বিদ্যুৎ রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে করিমগঞ্জে আধাবেলা হরতাল ও তিন ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা।নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলার কল্যান্দিবাজার ও হাইস্কুল এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ চলে। গ্রাহকদের অভিযোগ, কল্যান্দিবাজার ও আশপাশের এলাকায় কয়েক মাস ধরে ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ‘লোডশেডিংয়ে লোকজন এতটাই অতিষ্ঠ যে কোনোভাবেই তাদের বোঝানো যায় না।’গাজীপুর: লোডশেডিংয়ের প্রতিবাদে গত মঙ্গলবার বিকেলে আট-নয়টি গ্রামের দুই শতাধিক লোক ক্ষিপ্ত হয়ে কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এতে কমপক্ষে দুজন কর্মকর্তা আহত হন। তাঁদের কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বুধবার কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম জয়দেবপুর থানায় দুজনের নাম উল্লেখসহ ৪০-৪৫ জনকে আসামি করে মামলা করেন। ওই দিন সন্ধ্যায় পুলিশ কোনাবাড়ী থেকে রেজাউল মিয়া (৪০) ও জহিরুল ইসলাম (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে।ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বুধবার রাত সোয়া ১০টার দিকে পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী। হামলায় কার্যালয়ের জানালা, দরজা ও কিছু বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়। টিনশেড ভবনটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ বলেন, বর্তমানে চরভদ্রাসনে দিন-রাত মিলিয়ে দুই ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। চরভদ্রাসন উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা (ইনচার্জ) শহীদুল আলম বলেন, ‘এ রকম নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করা সম্ভব নয়।’ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন, মেনটেইনস) আলতাফ হোসেন জানান, ফরিদপুরে পল্লী বিদ্যুতের চাহিদা ৩০ মেগাওয়াট। সেখানে মাত্র ছয়-সাত মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়।শেরপুর: শেরপুর সরকারি কলেজের দুই শতাধিক শিক্ষার্থী বুধবার শহরে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে তাঁরা জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেন, তীব্র লোডশেডিংয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। জয়পুরহাট: কালাই বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম কমিটির ব্যানারে বিক্ষুব্ধ লোকজন বুধবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে। একপর্যায়ে তারা বিদ্যুৎ কার্যালয়ে চড়াও হওয়ার চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ থেকে সংগ্রাম কমিটির নেতারা পরিস্থিতির উন্নতির জন্য বিদ্যুৎ বিভাগকে শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। পঞ্চগড়: গত কয়েক দিনের ভয়াবহ লোডশেডিংয়ে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ সমিতির (আরইবি) গ্রাহকেরা বুধবার রাতে আটোয়ারী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা করে। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ এনে পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক শাহ রাজ্জাকুর রহমান বলেন, পঞ্চগড় পৌর এলাকা ও তেঁতুলিয়া উপজেলা বাদে গোটা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়। অথচ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে চাহিদার ৭৫ ভাগ আর পল্লী বিদ্যুৎ সমিতিকে চাহিদার ২৫ ভাগ সরবরাহ করা হচ্ছে। বাধ্য হয়ে ১৮ ঘণ্টাই লোডশেডিং করতে হচ্ছে।ব্রাহ্মণবাড়িয়া: জেলার বাঞ্ছারামপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় বুধবার রাতে দেড় শতাধিক এলাকাবাসী ও শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছেন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নাসিমুল ইসলাম। তিনি বলেন, ‘বিভাগীয় ব্যবস্থায় মামলাটি করা হয়েছে, যারা ভাঙচুর করেছে তাদের কাউকে আমি চিনি না, তাই নাম দেওয়া হয়নি।’ অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে গত মঙ্গলবার উপজেলা সদরের ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসী পল্লী বিদ্যুতের কার্যালয়ে ভাঙচুর করে।