বিদ্যুতের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ, পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান ও দোভাষি বাজারের সহস্রাধিক ব্যবসায়ী আজ সোমবার সকাল আটটায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিক্ষোভ প্রদর্শন করেছেন।ব্যবসায়ীরা এ সময় চন্দ্রঘোনা লিচুবাগান বাস স্টেশন চত্বরে অবস্থান নিয়ে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। ফলে চট্টগ্রাম-কাপ্তাই-রাজস্থলী ও রাঙামাটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।অবরোধকালে চন্দ্রঘোনা লিচুবাগান চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়। চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুন এতে সভাপতিত্ব করেন।লোডশেডিং বৈষম্যের অভিযোগ এনে দোভাষি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মুছা বলেন, রাঙ্গুনিয়া উপজেলায় সরকারি কার্যালয়গুলোতে যে হারে বিদ্যুত্ সরবরাহ দেওয়া হয়, তার অর্ধেকও পুরো রাঙ্গুনিয়ায় সরবরাহ করা হয় না। ফলে রাঙ্গুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো অচল হয়ে পড়ছে।লিচুবাগান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, রাঙ্গুনিয়ায় দিনের বেলায় একনাগাড়ে চার-পাঁচ ঘণ্টা লোডশেডিংয়ের পর ১০-১৫ মিনিট বিদ্যুত্ পাওয়া যায়। সন্ধ্যার পর পুরো রাত অন্ধকারে থাকে। এ অবস্থা চলতে থাকলে রাঙ্গুনিয়ার অর্থনৈতিক অবস্থা পঙ্গু হয়ে যাবে। এই পরিস্থিতি সৃষ্টির আগে রাঙ্গুনিয়ায় প্রয়োজনীয় বিদ্যুত্ সরবরাহের দাবি জানান তিনি।চট্টগ্রাম পল্লি বিদ্যুত্ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের উপব্যবস্থাপক শৈলেন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, রাঙ্গুনিয়ায় ১৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে এক থেকে তিন মেগাওয়াট। ফলে লোডশেডিং বেশি হচ্ছে।লোডশেডিং বৈষম্যের অভিযোগ সত্য নয় দাবি করে শৈলেন্দ্র দেবনাথ বলেন, বিদ্যুতের দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করলেও দাবি নিয়ে পল্লি বিদ্যুত্ কার্যালয়ে আসেননি তাঁরা। তবুও ব্যবসা কেন্দ্রগুলোতে লোডশেডিং কমানোর উদ্যোগ নেওয়া হবে।