বিতরণ সংস্থা পর্যায়ে পাইকারি ও গ্রাহক পর্যায়ে খুচরা বিদ্যুতের দাম আবার বাড়ছে। এর মধ্যে পাইকারি দাম বাড়ানোর প্রক্রিয়া হিসেবে আজ সোমবার সকালে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির আয়োজন করেছে। দ্রুত দাম বাড়ানো হবে বলে এবার উন্মুক্ত সভা করা হচ্ছে না।বিইআরসি সূত্র জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চলতি মাস থেকেই প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম ৪১ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। শুনানির মাধ্যমে এপ্রিল মাস থেকেই তা বাড়ানো হতে পারে। আর গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর বিষয়ে বিতরণ সংস্থাগুলো (ডিপিডিসি, ডেসকো, আরইবি, ওজোপাডিকো এবং পিডিবির অঞ্চলসমূহ) প্রস্তাব তৈরি করছে। এ মাসের মধ্যেই তা বিইআরসিতে উপস্থাপন করা হবে। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত পেলে গ্রাহক পর্যায়ের দাম বাড়ানোও এপ্রিল মাস থেকে কার্যকর হবে।বিইআরসির গত ২৪ নভেম্বরের আদেশ অনুযায়ী পাইকারি বিদ্যুতের দাম দুই দফায় (ডিসেম্বরের ১ ও ফেব্রুয়ারির ১ তারিখ থেকে) বেড়েছে। ইতিমধ্যে গত ২৯ ডিসেম্বর জ্বালানি তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা করে বাড়ানো হয়। এর ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয় প্রতি ইউনিটে ২১ পয়সা বেড়ে সাড়ে পাঁচ টাকা হয়েছে। এতে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পিডিবির ১২৫ কোটি টাকা অতিরিক্ত ঘাটতি হয়েছে।বিইআরসিতে দেওয়া পিডিবির প্রস্তাবে বলা হয়েছে, মার্চ মাস থেকে সেচ ও গ্রীষ্মকালীন বর্ধিত চাহিদার কারণে তেলচালিত কেন্দ্রগুলোতে বিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে। ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয় প্রতি ইউনিটে আরও ২০ পয়সা বেড়ে পাঁচ টাকা ৭০ পয়সা হবে।পিডিবি বলেছে, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় পাঁচ টাকা ৭০ পয়সা। আর প্রতি ইউনিট পাইকারি বিক্রি করা হচ্ছে তিন টাকা ৭৪ পয়সা। ঘাটতি প্রতি ইউনিটে এক টাকা ৯৬ পয়সা। এই প্রেক্ষাপটে ১ মার্চ থেকে ইউনিটপ্রতি বিদ্যুতের পাইকারি দাম ৪১ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।পিডিবি-বিইআরসি সভা: এর আগে প্রতিবার বিদ্যুতের দাম বাড়ানোর সময় বিইআরসি পিডিবিকে গ্রাহকসেবার মান উন্নয়ন, পদ্ধতিগত লোকসান কমানো, বিদ্যুৎ উৎপাদনে দক্ষতা বৃদ্ধিসহ কতিপয় শর্ত দিয়ে এসেছে। এসব শর্ত পূরণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে বিইআরসি সম্প্রতি পিডিবিকে আনুষ্ঠানিক চিঠি দেয়। কিন্তু নির্ধারিত সময় চলে গেলেও পিডিবি সেই চিঠির জবাব দেয়নি।এই প্রেক্ষাপটে গতকাল রোববার সকালে বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, সদস্য এমদাদুল হক ও সেলিম মাহমুদ পিডিবি কার্যালয়ে যান। সেখানে দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত সভায় চিঠির জবাব না দেওয়ায় বিইআরসির পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়।সভায় পিডিবি বিইআরসির শর্তাদি পূরণের জন্য ইতিমধ্যে গৃহীত ব্যবস্থাদি সম্পর্কে বিইআরসিকে অবহিত করে।