বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে ১৫ শতাংশ বাড়ছে
বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে প্রায় ১৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্র আজ বৃহস্পতিবার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছে। আজ বিকেল পাঁচটায় এক সংবাদ ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হবে।চলতি মাসের ১ তারিখ থেকে এ দাম বৃদ্ধি কার্যকর হবে। বিল কাঠামোতে ধাপ বা স্ল্যাব করা হবে ছয়টি।বর্তমান সরকারের আমলে এর আগে পাঁচবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এবার দাম বাড়ানো হচ্ছে ষষ্ঠ ও শেষবারের মতো। গত মার্চে পঞ্চমবার দাম বাড়ানো হয়।বর্তমান সরকারের আমলে দেশে বিদ্যুতের উৎপাদনও প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট বেড়েছে। বর্তমানে দেশে বিদ্যুৎকেন্দ্রগুলোর স্থাপিত ক্ষমতা প্রায় সাড়ে আট হাজার মেগাওয়াট।গত রমজান মাস থেকে দেশের শহরাঞ্চলে লোডশেডিং প্রায় নেই বললেই চলে। তবে বিদ্যুতের বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভ প্রায় গণ-অসন্তোষে পরিণত হয়েছে।