বিদ্যুতের দাম না কমালে ৩০ সেপ্টেম্বর মন্ত্রণালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ সময়ের মধ্যে দাম কমানো না হলে ৩০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে।বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ এ ঘোষণা দেন।দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, বারবার বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার জনগণকে আক্রান্ত করছে। এভাবে জনগণকে আক্রান্ত করার নজির পৃথিবীর কোথাও নেই। রেন্টাল ও কুইক রেন্টালের সমালোচনা করে এই অর্থনীতিবিদ বলেন, কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুত্ উত্পাদনের দরকার ছিল না। এর চেয়ে রাষ্ট্রীয় বিদ্যুৎ প্ল্যান্টগুলো মেরামত করে চালু করা হলে লাভবান হওয়া যেত বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, তেল, গ্যাস, কয়লার সংকট নয়, সরকার দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থসিদ্ধির জন্য সংকট সৃষ্টি করেছে। সমাবেশে জাতীয় কমিটির আহ্বায়ক মুহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত রাস্তা প্রদক্ষিণ করে। জাতীয় প্রেসক্লাবের সামনে এসে কর্মসূচি শেষ হয়।