বিদ্যুতের দাম বাড়ছে
এক বছরের জন্য বাড়ছে বিদ্যুতের পাইকারি দাম (বাল্ক ট্যারিফ)। এই দাম বৃদ্ধির ঘোষণা আসছে এ মাসেই। আগামী মাসে আসবে গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির ঘোষণা। তবে এই দুই ক্ষেত্রেই দাম বৃদ্ধি কার্যকর হবে একই সময়ে। সময়টি এ বছরের ১ জানুয়ারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ছয় মাস অন্তর তিন বছরের জন্য দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে। কিন্তু কমিশনের আইনে একসঙ্গে একাধিক বছরের জন্য ভিন্ন ভিন্ন হারে দাম বাড়ানোর (মাল্টি ইয়ার ট্যারিফ) বিধান না থাকায় এখন তা করা হচ্ছে না। তবে বিইআরসির আইনে ওই বিধান যুক্ত করতে কমিশন অবিলম্বে কাজ শুরু করবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এক বছরের জন্য সব বিতরণকারী সংস্থার ক্ষেত্রে পাইকারি দাম সমান হারে বাড়বে না। যে সংস্থার মুনাফা যত বেশি, তাদের ক্ষেত্রে দাম বৃদ্ধির হার হবে তত কম। আর পিডিবি দাম বৃদ্ধির মাধ্যমে যে পরিমাণ বাড়তি আয় করার প্রস্তাব দিয়েছে, দাম বৃদ্ধির ফলে সেই পরিমাণ বাড়তি অর্থ তারা পাবে।দাম বাড়ানোর বিষয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত গণশুনানিতে বিভিন্ন শ্রেণীর ভোক্তা ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে তাঁদের দ্বিমত নেই। তবে সেই বৃদ্ধি যেন গ্রাহকদের কাছে সহনীয় পর্যায়ের হয়, তা দেখতে হবে। আর যেহেতু বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর জন্য দাম বাড়ানো হচ্ছে, সেহেতু গ্রাহক যেন বিদ্যুৎ পায়। বিদ্যুৎ পেলে দাম বেশি দিতে তাঁরা রাজি।বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেনের সভাপতিত্বে শুনানির শুরুতে পিডিবির পক্ষ থেকে দাম বাড়ানোর প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরা হয়। এতে মূলত নতুন তেলচালিত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বৃদ্ধির কারণে দাম বাড়ানোর কথা বলা হয়। শুনানিতে বিইআরসির সদস্য এমদাদুল হক ও সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন।পিডিবির প্রস্তাবের ওপর জেরা ও আলোচনায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম বলেন, এর আগে দাম বাড়ানোর সময় শর্ত হিসেবে পিডিবিকে যেসব কাজ করতে বলা হয়েছিল, তা শেষ করেছে কি না, নতুন করে দাম বাড়ানোর আগে খতিয়ে দেখতে হবে। এ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন নিজ উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন করে প্রতিবেশী গ্রাহকের কাছে বিক্রি করতে পারে, সে বিষয়ে কমিশনের নির্দেশনা থাকা দরকার।কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের (ক্যাব) পক্ষে অধ্যাপক শামসুল আলম বলেন, ‘দাম বাড়ানোর বিষয়ে আমাদের কোনো কথা নেই। দাম বাড়ানো দরকার হলে সরকার বাড়াক। কিন্তু কতটা বাড়ানো হবে, তা বিবেচনা করতে হবে। আর খাদ্যসংকট দেখা দিলে যেমন সরকার ভর্তুকি-মূল্যে খাদ্য দেয়, তেমনি বিদ্যুৎ সংকটের সময় সরকার ভর্তুকি দিক।’ বিদ্যুৎ উৎপাদনে তেলের পরিবর্তে কয়লার ওপর জোর দেওয়ারও প্রস্তাব করেন তিনি।ইয়ুথ গ্রুপ ও বেসরকারি খাতের শাহ্জীবাজার বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম বলেন, ‘বিদ্যুৎ পায় দেশের মাত্র ৪৮ শতাংশ মানুষ, যারা অপেক্ষাকৃত সচ্ছল। তাদের সুবিধার জন্য দেশের অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত ৫১ শতাংশ মানুষের করের টাকা দিয়ে বিদ্যুতে ভর্তুকি দেওয়ার কথা চিন্তা করাও উচিত নয়। পৃথিবীর কোথাও বিদ্যুৎ-জ্বালানিতে ভর্তুকি নেই। ভর্তুকি দিয়ে এই খাত চালানোও যায় না। তবে দাম বেশি নিয়ে সেবাও উন্নত করতে হবে। লোডশেডিং, লোভোল্টেজ, কম ফ্রিকোয়েন্সি শিল্প-বাণিজ্যের ব্যাপক ক্ষতি করে। ব্যবস্থাপনা উন্নত করে এগুলো কমান। মানসম্পন্ন বিদ্যুৎ দিন। বেশি দাম দেব।’মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রতিনিধি বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে গ্রাহকের বহনযোগ্যতা বিবেচনা করতে হবে। এমসিসিআই চায় দাম বৃদ্ধির প্রস্তাব ও সব প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হোক। বিদ্যুতের দাম বাড়ানো হলে গ্রাহকের কী সুবিধা হবে, সিস্টেম লস কমবে কি না, তাও এমসিসিআই জানতে চায়। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় একনায়কত্বের পরিবর্তে প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা চালু হলে গ্রাহকের সুবিধা বাড়বে বলেও এমসিসিআই মনে করে। শুনানিতে এফবিসিসিআই ও বিজিএমইএর প্রতিনিধিরাও অংশ নেন। এ ছাড়া ডিপিডিসি, ডেসকো, আরইবি ওজোপাডিকো প্রভৃতি বিতরণকারী সংস্থাগুলোর প্রতিনিধিরা পাইকারি বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে একই সময়ে গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর প্রস্তাব করেন। বিইআরসি এ প্রস্তাবে সায় দিয়েছে।