পাইকারি দাম বাড়বে প্রায় ২২ শতাংশ। গ্রাহক পর্যায়ে বৃদ্ধির ঘোষণা এ মাসেই। ফেব্রুয়ারি থেকে কার্যকর
বিদ্যুতের দাম বাড়ছে
বিতরণকারী সংস্থার জন্য বিদ্যুতের পাইকারি মূল্য (বাল্ক ট্যারিফ) বৃদ্ধি চূড়ান্ত করা হয়েছে। পাইকারি দাম প্রায় ২২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই ২২ শতাংশ একবারে না বাড়িয়ে এ বছর দুই বারে (ছয় মাস পর পর) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আজ বুধবার বিকেলে অথবা আগামীকাল মূল্য বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দামও (খুচরা বা রিটেইল ট্যারিফ) এ মাসেই বাড়বে। কিন্তু ওই বৃদ্ধির হার নির্ধারণ করে ঘোষণা দিতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তবে পাইকারি ও খুচরা—দুই ক্ষেত্রেই মূল্য বৃদ্ধি কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে।অর্থাৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছ থেকে বিতরণকারী সংস্থাগুলোকে যেমন এ মাসেই বাড়তি দামে বিদ্যুৎ কিনতে হবে, তেমনি গ্রাহকদেরও বাড়তি দাম দিতে হবে ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিলেই।পাইকারি মূল্য বৃদ্ধির একাংশ, ৫ থেকে ৬ শতাংশ পুরোনো বিদ্যুৎকেন্দ্র মেরামত-রক্ষণাবেক্ষণের জন্য একটি তহবিলে রাখার আদেশ আসছে। হিসাব অনুযায়ী, এই তহবিলে বছরে প্রায় ৪০০ কোটি টাকা জমা হবে।সংশ্লিষ্ট সরকারি সূত্রে পাওয়া খবর সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র প্রথম আলোকে জানায়, দাম বাড়ানোর হিসাব-নিকাশ চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার সকালে কমিশনের সভা হবে। সেখানে অনুমোদনের পর আজই অথবা কাল বৃহস্পতিবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধি সম্পর্কে সূত্রগুলো জানায়, বিতরণকারী সংস্থাগুলোর ক্ষেত্রে দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে গ্রাহক পর্যায়ে খুচরা দামও বাড়ানো হবে। তা না হলে বিতরণকারী সংস্থাগুলোকে পিডিবির কাছ থেকে বেশি দামে পাইকারি বিদ্যুৎ কিনে অপেক্ষাকৃত কম দামে গ্রাহকদের কাছে বিক্রি করতে গিয়ে লোকসান দিতে হবে।পাইকারি পর্যায়ে মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে খুচরা পর্যায়ে দাম বাড়ানো হবে উল্লেখ করে সূত্রগুলো জানায়, তবে সব বিতরণকারী সংস্থার ক্ষেত্রে খুচরা মূল্য বৃদ্ধি সমান হবে না। যে সংস্থার বাণিজ্যিক অবস্থা যত ভালো, তার ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার তত কম হবে।পাইকারি বা খুচরা পর্যায়ে দাম একবারে বাড়ালে বৃদ্ধির যে হার হবে, ছয় মাস পর পর বাড়ালে সেই হার হবে না। অঙ্কের হিসাবে এতে কিছুটা বেশকম হবে বলে সূত্রগুলো জানায়।দাম বাড়ানোর প্রস্তাব: বিইআরসির কাছে দেওয়া দাম বাড়ানোর প্রস্তাবে পিডিবি বলেছিল, তেলচালিত কেন্দ্র করার কারণে বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ ব্যয় বাড়ছে। তাই পিডিবির লোকসানও বাড়ছে। এই লোকসান কমাতে ২০০৯-১০ সালে বিদ্যুতের প্রকৃত সরবরাহ ব্যয় এবং ২০১০-১১ ও ২০১১-১২ সালের প্রাক্কলিত ব্যয়ের ভিত্তিতে নির্ণয় করা সরবরাহ ব্যয় অনুযায়ী দাম বাড়ানো প্রয়োজন।পিডিবির হিসাব অনুযায়ী, ২০০৯-১০ সালে প্রতি ইউনিট বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় ছিল দুই টাকা ৬২ পয়সা। কিন্তু বিতরণ কোম্পানিগুলোর কাছে পিডিবি প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করছে দুই টাকা ৩৭ পয়সা।কাজেই অন্যান্য ব্যয় অপরিবর্তিত থাকলেও শুধু তরল জ্বালানির ব্যবহার বৃদ্ধির কারণে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ২০১০-১১ সালে ইউনিটপ্রতি হবে তিন টাকা ৬২ পয়সা (বৃদ্ধির হার ৫২ দশমিক ৫৭ শতাংশ)। ২০১১-১২ সালে হবে প্রায় চার টাকা ৪১ পয়সা (বৃদ্ধির হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ)। ২০১২-১৩ সালে হবে প্রায় চার টাকা ৯৮ পয়সা (বৃদ্ধির হার ১১০ দশমিক ৩৮ শতাংশ)। এই ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পাইকারি পর্যায়ে দাম বাড়ানো দরকার।পিডিবির প্রস্তাবে বলা হয়, এ ক্ষেত্রে বিতরণ কোম্পানিগুলোর লোকসান ঠেকাতে খুচরা পর্যায়েও একই হারে দাম বাড়াতে হবে। কিন্তু ওই হারে মূল্য বৃদ্ধি গ্রাহকের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে। তাই সেটা না করে গ্রাহক পর্যায়ে মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে পিডিবির প্রস্তাব হচ্ছে, প্রতি ছয় মাস অন্তর বিদ্যুতের পাইকারি দাম ১২ শতাংশ হারে বাড়ানো।এ প্রসঙ্গে বিইআরসির সূত্র জানায়, কমিশনের আইনে একসঙ্গে একাধিক বছরের জন্য ভিন্ন ভিন্ন হারে দাম বাড়ানোর (মাল্টি ইয়ার ট্যারিফ) বিধান না থাকায় তা করা যায়নি। এক বছরের জন্য বাড়ানো হচ্ছে। পাশাপাশি বিইআরসির আইনে ওই বিধান যুক্ত করার জন্য কমিশন অবিলম্বে কাজ শুরু করছে।পিডিবি গত (২০১০ সালের) জুলাই মাস থেকে এই মূল্য বৃদ্ধি কার্যকর করার প্রস্তাব করেছিল। কিন্তু বিইআরসি এতটা পেছনের তারিখে মূল্য বৃদ্ধি কার্যকর করা সমীচীন মনে করেনি বলে বিইআরসি সূত্র জানায়।পিডিবির প্রস্তাবের ওপর গত ১৯ জানুয়ারি বিইআরসি গণশুনানি করে। এতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই ও এমসিসিআই, ভোক্তাদের স্বার্থ রক্ষাকারী সংগঠন ক্যাব, ব্যক্তিগতভাবে কয়েকজন ব্যবসায়ী ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক নুরুল ইসলাম অংশ নেন। তাঁদের পরামর্শ ছিল, বিদ্যুতের দাম বাড়াতে হবে। তবে তা যেন সব শ্রেণীর গ্রাহকের কাছে সহনীয় হয়। আর সরকার যেন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে।পাইকারি পর্যায়ে প্রায় ২২ শতাংশ দাম বাড়ানো প্রসঙ্গে জানতে চাইলে পিডিবির সূত্রগুলো প্রথম আলোকে বলেছে, এই দাম বাড়ানোর পরও পিডিবির লোকসান অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে সরকারকে ভর্তুকি দিতে হবে।