বিদ্যুতের দাম বাড়ছে নভেম্বরে
বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আজ বুধবার সংস্থা দুটি আলাদাভাবে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে এই প্রস্তাব জমা দেয়।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পিডিবির প্রস্তাবে দুই ধাপে (ছয় মাস পর পর) মোট ১৯ শতাংশ (প্রথম ধাপে ৯ ও পরের ধাপে ১০ শতাংশ) এবং ডিপিডিসি একবারেই ১১ দশমিক ৯৩ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।এই দাম বাড়ানো ছাড়া সংস্থা দুটি সারচার্জ বাড়ানোরও প্রস্তাব দিয়েছে। পিডিবি গ্রাহকের বিল পরিশোধে বিলম্বের জন্য দুই শতাংশ এবং বিলের ওপর ১০ শতাংশ হারে সারচার্জ আরোপের প্রস্তাব করেছে। আর ডিপিডিসির প্রস্তাবে বিল পরিশোধে বিলম্বের জন্য বর্তমানের দুই শতাংশ হারে সরল সুদের পরিবর্তে এককালীন বিলের ওপর ১০ শতাংশ হারে সারচার্জ আরোপ করার কথা বলা হয়েছে।বিইআরসি এই প্রস্তাব বিবেচনার জন্য আমলে নিয়েছে। এ ছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) গ্রাহক পর্যায়ে প্রায় ১১ শতাংশ দাম বাড়ানোর বিষয় আগেই চূড়ান্ত হয়ে আছে। ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানি (ডেসকো) এবং পশ্চিমাঞ্চল বিদ্যুত্ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) শিগগিরই বিইআরসির কাছে দাম বাড়ানোর প্রস্তাব দেবে বলে সংস্থা দুটির সূত্র জানিয়েছে।বিইআরসির সূত্র জানায়, এই সব বিতরণ কোম্পানির প্রস্তাব পর্যালোচনা ও গণশুনানি করে আগামী নভেম্বর মাসে দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হবে। একসঙ্গে সব কোম্পানির বিদ্যুতের দাম না বাড়ালে একটা বিশৃঙ্খলা হতে পারে বলে বিইআরসি এই ব্যবস্থা নিচ্ছে।গ্রাহক পর্যায়ে সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে বিইআরসি নির্বাহী আদেশে পাঁচ শতাংশ হারে দাম বাড়িয়েছিল। এখন সব বিতরণ কোম্পানির প্রস্তাব নিয়ে বিইআরসির আইন অনুযায়ী প্রক্রিয়া করে দাম বাড়ানো হবে।এর মধ্যে আবাসিক গ্রাহকের ক্ষেত্রে বর্তমানের তিনটি মূল্যস্তরের (স্লাব) পরিবর্তে চারটি স্তর করার প্রস্তাব করেছে পিডিবি। প্রথম স্তরে থাকবেন ১০০ ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) পর্যন্ত ব্যবহারকারীরা। তাঁদের ক্ষেত্রে প্রতি ইউনিটে ২০ পয়সা দাম বাড়বে।দ্বিতীয় স্তরে থাকবেন ১০১ থেকে ৫০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা। তাঁদের ক্ষেত্রে ইউনিটপ্রতি দাম বাড়ার প্রস্তাব করা হয়েছে ৫৪ পয়সা। তৃতীয় স্তরে থাকবেন ৫০১ থেকে এক হাজার ইউনিট ব্যবহারকারীরা। তাঁদের ক্ষেত্রে প্রতি ইউনিটে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ৫৭ পয়সা এবং চতুর্থ স্তরে থাকবেন এক হাজার ইউনিটের ঊর্ধ্বে ব্যবহারকারীরা। তাঁদের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে দুই টাকা সাত পয়সা।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির প্রথম আলোকে বলেন, জ্বালানির দাম বাড়ায় বিদ্যুতের দাম না বাড়ানোর কোনো বিকল্প নেই। তবে গ্রাহকের ওপর যাতে একবারে বেশি চাপ না পড়ে, সেই জন্য দুই ধাপে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তা ছাড়া, যারা সম্পন্ন গ্রাহক, বেশি বিদ্যুত্ ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে দাম বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।