বিদ্যুতের দাম বাড়ল, অর্থনীতি চাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব শ্রেণীর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল। দুই দফায় দাম বাড়ার গড় ২১ দশমিক ২৮ শতাংশ। ফলে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম হবে পাঁচ টাকা দুই পয়সা, যা এখন চার টাকা ১৬ পয়সা।দাম বাড়ানোর ক্ষেত্রে ১০০ ইউনিট (কিলোওয়াট/ঘণ্টা) পর্যন্ত ব্যবহারকারী অপেক্ষাকৃত দরিদ্র গ্রাহকদেরও রেহাই দেওয়া হয়নি। তাঁদের এবং একই সঙ্গে কৃষি, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও পাঁচ শতাংশ হারে দাম বাড়ানো হয়েছে।এ ছাড়া সব শ্রেণীর গ্রাহকের সার্ভিস চার্জ ও ডিমান্ড চার্জ ক্ষেত্রবিশেষে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রতি মাসের বিদ্যুৎ বিলের সঙ্গেই গ্রাহকদের এই অর্থ পরিশোধ করতে হয়।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন এই মূল্যবৃদ্ধির যৌক্তিকতা সম্পর্কে বলেছেন, অর্থনীতি চাপের মধ্যে আছে। সরকারের ভর্তুকি দেওয়ার ক্ষমতা সীমিত হয়ে এসেছে। এভাবে আর ভর্তুকি দেওয়া সম্ভব নয়।এই মূল্যবৃদ্ধি প্রথম দফায় চলতি ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে এবং দ্বিতীয় দফায় ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। দরিদ্র গ্রাহক, কৃষি, দাতব্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১ ডিসেম্বর থেকে পাঁচ শতাংশ এবং ওই বৃদ্ধির ওপর ১ ফেব্রুয়ারি থেকে আরও পাঁচ শতাংশ হারে দাম বাড়বে।অর্থনীতিবিদদের অভিমত, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি বিদ্যুৎভিত্তিক উৎপাদন-প্রক্রিয়া ও জনগণের ক্রয়ক্ষমতার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। মূল্যস্ফীতির ওপরও বাড়তি চাপ সৃষ্টি হবে।বিইআরসির চেয়ারম্যান ইউসুফ হোসেন গতকাল বৃহস্পতিবার বিকেলে কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মূল্যবৃদ্ধির ঘোষণা দেন। ব্রিফিংয়ে কমিশনের সদস্য ইমদাদুল হক ও সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন। তাঁরা প্রত্যেকেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিইআরসির চেয়ারম্যান বলেন, দাম বাড়ানোর ক্ষেত্রে সব সময় তিনটি জায়গায় স্বস্তি দেওয়ার চেষ্টা থাকে। এগুলো হচ্ছে—১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী অপেক্ষাকৃত দরিদ্র ও পল্লি অঞ্চলের (লাইফলাইন) গ্রাহক; কৃষি এবং বিভিন্ন অনাবাসিক (ধর্মীয়, দাতব্য প্রভৃতি) প্রতিষ্ঠান। এবারও বিইআরসির সেই চেষ্টা ছিল। কিন্তু তাদের স্বস্তি দিতে হলে সরকারের প্রায় ৫৫০ কোটি টাকা ভর্তুকি দিতে হতো।সৈয়দ ইউসুফ হোসেন বলেন, সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে গতকাল বিইআরসিকে বলা হয় যে সরকার এ ক্ষেত্রে ভর্তুকি দিতে পারবে না। তিনি বলেন, অর্থনীতি চাপের মধ্যে আছে। মূল্যস্ফীতি ১২ শতাংশে উঠেছে। সরকারের ভর্তুকি দেওয়ার ক্ষমতা সীমিত হয়ে এসেছে। বিদ্যুতের পাইকারি দামের ক্ষেত্রে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। তাই এ ক্ষেত্রে আর সম্ভব নয়।তার পরও আলাপ-আলোচনার পরিপ্রেক্ষিতে ৩০০ কোটি টাকার মতো ভর্তুকি দিতে সরকার রাজি হয়েছে। বাকি প্রায় ২৫০ কোটি টাকার জন্য ওই তিনটি ক্ষেত্রে পাঁচ শতাংশ হারে দাম বাড়ানো হয়েছে বলে বিইআরসির চেয়ারম্যান বলেন। মূল্যবৃদ্ধির প্রভাব সম্পর্কে জানতে চাইলে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকির চাপ কমানোর পরিবর্তে সরকারের অগ্রাধিকার দিতে হবে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদনের ওপর। তিনি বলেন, বেসরকারি খাতে কয়লা ও গ্যাসভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমিয়ে আনতে হবে। বিদ্যুৎ খাতে সরকারের মধ্যমেয়াদি পরিকল্পনায় সেই উদ্যোগের কথা আছে। কিন্তু সরকারের শাসন-মেয়াদের তিন বছর শেষেও ওই পরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকির চাপ সমন্বয়ের ফল, বিশেষ করে ১২ শতাংশ মূল্যস্ফীতির এই সময় ভালো হওয়ার কথা নয়।মোস্তাফিজুর রহমান বলেন, ভর্তুকির যে চাপের মধ্যে এখন সরকার আছে, সেটা না কমালে তারও একটা নেতিবাচক প্রভাব মূল্যস্ফীতিসহ সমগ্র অর্থনীতিতে আছে। আবার বর্তমান উচ্চ মূল্যস্ফীতির সময় বিদ্যুতের দাম বাড়ানোয় মানুষের ক্রয়ক্ষমতা, উৎপাদন-প্রক্রিয়া এবং অন্যদিক থেকে মূল্যস্ফীতির ওপর চাপ বাড়াবে।অর্থনীতিবিদদের এই অভিমত সরকারের বিদ্যুৎ খাত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এখন পর্যন্ত কার্যকরভাবে প্রতিফলিত হচ্ছে না। মধ্যমেয়াদি পরিকল্পনা অনুযায়ী কয়লা ও গ্যাসভিত্তিক বড় একটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণও আগামী দেড় বছরের মধ্যে সম্পন্ন হবে না। এ কারণে ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার মেয়াদ সরকার বাড়িয়ে দিয়েছে। দেশীয় কয়লা ব্যবহার করে অধিক বিদ্যুৎ উৎপাদনের পথেও সরকার অগ্রসর হতে পারেনি। আরেক গুরুত্বপূর্ণ প্রাথমিক জ্বালানি—গ্যাসের উৎপাদন বৃদ্ধিও চাহিদার সঙ্গে এখন পর্যন্ত সংগতিপূর্ণ নয়। প্রকৃতপক্ষে গত তিন বছরে গ্যাসের চাহিদা ও উৎপাদনের মধ্যে ব্যবধান বেড়েছে।সরকারি সূত্রগুলো জানায়, বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই পরিস্থিতি উত্তরণে আরও দুই বছর লাগবে। এই সময় পর্যন্ত সরকারকে বেশি দামের তরল জ্বালানি ব্যবহার করেই বিদ্যুৎ উৎপাদন চালু রাখতে হবে। বিদ্যুৎ ও জ্বালানির দাম আরও বাড়ানোর অজনপ্রিয় পদক্ষেপ নিতে হবে। তবে সরকার একবারে বেশি বাড়ানোর পরিবর্তে ক্রমান্বয়ে অল্প অল্প করে দাম বাড়ানোর নীতি অনুসরণ করবে। সরকারের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে—বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি যতটা সম্ভব কমিয়ে দেওয়া। উৎপাদন ব্যয়ের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যহার সমন্বয় করে এই খাতকে স্বয়ম্ভর করে তোলা।মূল্যবৃদ্ধির হার: বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ক্ষেত্রে চলতি ডিসেম্বর মাসে দাম বেড়েছে গড়ে ১০ দশমিক ৭৪ শতাংশ। এই বাড়তি দামের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে বাড়বে আরও ৬ দশমিক ৫৮ শতাংশ। পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর ক্ষেত্রে এই দুই দফায় মূল্যবৃদ্ধির ফলিত গড় ১৮ দশমিক ০৩ শতাংশ।পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) ক্ষেত্রে চলতি মাসে দাম বেড়েছে গড়ে ১২ দশমিক ৬৯ শতাংশ। এই বৃদ্ধির ওপর ১ ফেব্রুয়ারি থেকে বাড়বে আরও ৬ দশমিক ৯৪ শতাংশ। দুই দফায় মূল্যবৃদ্ধির ফলিত গড় ২০ দশমিক ৫১ শতাংশ।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ অঞ্চলে চলতি মাসে দাম বেড়েছে গড়ে ১৩ দশমিক ৬২ শতাংশ। এই বৃদ্ধির ওপর ১ ফেব্রুয়ারি বাড়বে আরও ৬ দশমিক ৭৪ শতাংশ। দুই দফায় মূল্যবৃদ্ধির ফলিত গড় ২১ দশমিক ২৮ শতাংশ।ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) গ্রাহকদের ক্ষেত্রে চলতি মাসে মূল্যবৃদ্ধির গড় ১৫ দশমিক ০২ শতাংশ। এই বৃদ্ধির ওপর ১ ফেব্রুয়ারি থেকে বাড়বে আরও ৭ দশমিক ৭৬ শতাংশ। দুই দফায় দাম বাড়ার ফলিত গড় ২৩ দশমিক ৯৪ শতাংশ।ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) গ্রাহকদের ক্ষেত্রে চলতি মাসে মূল্যবৃদ্ধির গড় ১৪ দশমিক ১৬ শতাংশ। এই বৃদ্ধির ওপর আগামী ১ ফেব্রুয়ারি বাড়বে আরও ৭ দশমিক ৪৪ শতাংশ। দুই দফায় মূল্যবৃদ্ধির ফলিত গড় ২২ দশমিক ৬৫ শতাংশ।এর পরও লোকসান: এবার দাম বাড়ানোর পরও একমাত্র ডেসকো ছাড়া অন্য চারটি বিতরণ কোম্পানিকে লোকসানের বোঝা বইতে হবে। বিইআরসি জানিয়েছে, দাম বাড়ানোর পর থেকে পরবর্তী দাম না বাড়ানো পর্যন্ত প্রতিবছর আরইবির লোকসান হবে ২৫৯ কোটি টাকা। পিডিবির ৪৫০ কোটি। ওজোপাডিকোর ২৬ কোটি ৫৯ লাখ এবং ডিপিডিসির লোকসান হবে প্রায় আট কোটি টাকা। অপরদিকে, ডেসকোর মুনাফা হবে বছরে ১০৯ কোটি টাকা।এর আগে, গত ফেব্রুয়ারি মাসে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ হারে বাড়ানো হয়েছিল। সরকারি সূত্রের দাবি, এবার মূল্যবৃদ্ধির পরও ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম। গতকাল বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার জন্য আয়োজিত বিইআরসির সভায়ও এ কথা বলা হয়েছে।