বিদ্যুতের দাম বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল মঙ্গলবার বিকেলে বিতরণকারী বিভিন্ন সংস্থা পর্যায়ে বিদ্যুতের পাইকারি ও গ্রাহক পর্যায়ে খুচরা দাম বাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি দাম ১ ফেব্রুয়ারি থেকে ১১ শতাংশ বাড়বে। এই বর্ধিত দামের ওপর আবার ৬ দশমিক ৬৬ শতাংশ বাড়বে ছয় মাস পরে, ১ আগস্ট থেকে। গ্রাহক পর্যায়ে ১ ফেব্রুয়ারি থেকে ‘অন্তর্বর্তীকালীন’ হিসাবে ৫ শতাংশ দাম বাড়বে। ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী আবাসিক গ্রাহক, সেচ এবং ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ৫ শতাংশ দাম বাড়বে না।বিতরণকারী সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী দুই-এক মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের প্রকৃত খুচরা দাম বাড়ানো হবে। তার আগে উপরিউক্ত গ্রাহকশ্রেণীগুলো ছাড়া সব গ্রাহকের ক্ষেত্রে বর্তমান দামের ওপর ৫ শতাংশ হারে বেশি দাম ধার্য হবে। এ ব্যাপারে ব্যাখ্যা চাইলে কমিশনের পক্ষ থেকে সদস্য এমদাদুল হক বলেন, ‘সোজা হিসাব, এখন যার বিদ্যুৎ বিল হয় ১০০ টাকা, তাঁর হবে ১০৫ টাকা।’এর আগে পাইকারি পর্যায়ে বিদ্যুতের সর্বশেষ দাম বেড়েছিল ২০০৮ সালের ১ অক্টোবর, ১৬ শতাংশ হারে। আর গত বছরের ১ মার্চ গ্রাহক পর্যায়ে খুচরা দাম বাড়ানো হয়েছিল ৬ থেকে ৭ শতাংশ হারে। এবার সব বিতরণকারী সংস্থার ক্ষেত্রে পাইকারি দাম সমান হারে বাড়েনি। গ্রামীণ জনগোষ্ঠীর কথা বিবেচনা করে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে সবচেয়ে কম পাইকারি দাম স্থির করা হয়েছে। সবচেয়ে বেশি করা হয়েছে ডেসকোর ক্ষেত্রে।বর্ধিত দাম থেকে পাওয়া অর্থের একাংশ (৫ দশমিক ১৭ শতাংশ বা বছরে ৩৬৪ কোটি টাকা) দিয়ে ‘বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ফান্ড’ গঠনের আদেশ দেওয়া হয়েছে। এই অর্থ পুরোনো বিদ্যুৎকেন্দ্রের মেরামত-রক্ষণাবেক্ষণে ব্যবহার করা হবে।ভোগান্তি কমছে না: এই মূল্য বৃদ্ধি বিদ্যুতের লোডশেডিং কিংবা গ্রাহক ভোগান্তি আপাতত কমাবে না। কারণ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এখনো বিদ্যুতের উৎপাদন বাড়ছে না। সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে এ বছরের শেষ নাগাদ বিদ্যুৎ পরিস্থিতিতে একটা স্থিতিশীলতা আসতে পারে।সরকারের হিসাব অনুযায়ী আসন্ন গ্রীষ্মে, এপ্রিল-মে পর্যন্ত বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে দুই হাজার মেগাওয়াটের মতোই ব্যবধান থাকবে। ফলে এ বছর গ্রীষ্মের সর্বোচ্চ চাহিদার সময়ও লোডশেডিং পরিস্থিতি অসহনীয় পর্যায়েই থাকবে। এরপর একে একে নতুন কেন্দ্র চালু হতে থাকবে এবং চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান কমে আসবে।প্রক্রিয়া নিয়ে প্রশ্ন: বিইআরসির এবারের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া-পদ্ধতি নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। প্রথমত, দাম বাড়ানোর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদেশে ছয় মাস পর পর দুবার দাম বাড়ানোর বিধান বিইআরসি আইনে নেই। কিন্তু পাইকারি দাম সেভাবেই বাড়ানো হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান বলেন, ‘আইনে বিধান আছে।’ কিন্তু এটি বিইআরসি আইনের কোন অনুচ্ছেদে, কত ধারায় তা জানাতে পারেননি। এ প্রসঙ্গে জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এক আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদেশে ছয় মাস পর পর দাম বাড়ানোর বিধান বিইআরসি আইনে দেখিনি।’দ্বিতীয়ত, গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ দাম বাড়ানোর যে ‘অন্তর্বর্তীকালীন’ আদেশ কমিশন দিয়েছে, তাও বিধিসম্মত হয়নি। দাম বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই কমিশনের সামনে সংশ্লিষ্ট সংস্থা বা সংস্থাগুলোর প্রস্তাব থাকতে হবে। এ ক্ষেত্রে তা ছিল না। কিন্তু দাম বাড়ানোর আদেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কমিশনের বক্তব্য হচ্ছে, বিইআরসি একটি কোয়াশি বিচারিক সংস্থা। আইনে বলা আছে, বিইআরসির কাজ হবে আদালতের অনুরূপ। কাজেই আদালত যেমন আন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে, তেমনি বিইআরসিও পারে। এ প্রসঙ্গে নুরুল ইসলাম বলেন, এভাবে করা উচিত নয়। এতে বিইআরসির ওপর মানুষের আস্থা কমবে।তৃতীয়ত, বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে এবার বিইআরসি সরকারের মুখাপেক্ষী হয়ে পড়েছিল। এ কারণে দাম বাড়ানোর হিসাব-নিকাশ চূড়ান্ত করার পরও তা ঘোষণা করতে কয়েক দিন দেরি হয়েছে। নির্ভরযোগ্য সরকারি সূত্র জানায়, দাম বাড়ার বিষয়ে সরকারের মনোভাব এবং ভর্তুকি দেওয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানতে বিইআরসির চেয়ারম্যান দুই দফায় সরকারের শীর্ষ পর্যায়ে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু এটা স্বাধীন কমিশনের বিধিসম্মত আচরণ নয়। সরকার ভর্তুকি দেবে কি না, দিলে কতটা দেবে, তা কমিশনের সামনে উপস্থাপন করার কথা পিডিবির। কারণ, দাম বাড়ানোর প্রস্তাবটি কমিশনের কাছে নিয়ে এসেছে পিডিবি। এ ব্যাপারে প্রশ্ন তুললে কমিশন আইনের ২৪(২) ধারা উল্লেখ করে বলা হয়, কমিশন সরকারের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনা ও পরামর্শ করতে পারে।ভর্তুকি দেড় হাজার কোটি টাকা: এই দাম বাড়ার ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আয় বাড়বে। কিন্তু তার পরও সরকারকে দেড় হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণার সংবাদ ব্রিফিংয়ে বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেন, তিনি এই ভর্তুকি দেওয়াকে যৌক্তিক মনে করেন। কারণ, তা না হলে বিদ্যুতের দাম যে হারে বাড়াতে হবে, তা গ্রাহক পর্যায়ে অসহনীয় হবে এবং বিপর্যয় সৃষ্টি করবে।বিদ্যুৎ খাতে এখনো পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) স্বাভাবিকের চেয়ে বেশি। সরকারি খাতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যয়ও (ওভারহেড কস্ট) বেশি। এ কারণে লোকসান বাড়ে। পুরোনো বিদ্যুৎকেন্দ্রের মেরামত-রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয় না। এ জন্য উৎপাদন কমে। এসব বিষয়ে বিইআরসির পর্যবেক্ষণ বা নির্দেশনা কি, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, সিস্টেম লস ও ওভারহেড কস্ট কমানো, বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণ প্রভৃতি বিষয়ে পিডিবিকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিফিং অনুষ্ঠানে বিইআরসির সদস্য এমদাদুল হক ও সেলিম মাহমুদও বক্তব্য দেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাঁরা।কোন সংস্থার দাম কত: পাইকারি দাম ১১ শতাংশ বাড়ানোর ফলে ১ ফেব্রুয়ারি থেকে আরইবিকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে হবে ২ দশমিক ৪৭৪৫ টাকায়। ওজোপাডিকোর কিনতে হবে ২ দশমিক ৬৪১৫ টাকায়। পিডিবির বিতরণ অঞ্চলের কিনতে হবে ২ দশমিক ৬৭১০ টাকায়। ডিপিডিসিকে কিনতে হবে ২ দশমিক ৭৫৭৫ টাকায় এবং ডেসকোকে কিনতে হবে ২ দশমিক ৭৮২৫ টাকায়।১ আগস্ট থেকে আরইবিকে প্রতি ইউনিট কিনতে হবে ২ দশমিক ৬৩৯৫ টাকায়। ওজোপাডিকোকে কিনতে হবে ২ দশমিক ৮১৭৫ টাকায়। পিডিবির বিতরণ অঞ্চলকে কিনতে হবে ২ দশমিক ৮৪৯০ টাকায়। ডিপিডিসিকে কিনতে হবে ২ দশমিক ৯৪১০ টাকায় এবং ডেসকোকে কিনতে হবে ২ দশমিক ৯৬৮০ টাকায়।