বিদ্যুতের দাম বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিভিত্তিক ও ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়া সারা দেশের গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানে দাম বাড়ানোর ঘোষণা দেয়।সংস্থাভেদে দাম বাড়ার গড় হার ৬ থেকে ৭ শতাংশ। ১ মার্চ থেকে এই মূল্যবৃদ্ধি কার্যকর হয়েছে।বিদ্যুতের দাম বাড়লেও লোডশেডিং কিংবা গ্রাহক ভোগান্তি মোটেই কমবে না। কারণ চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন বাড়ছে না। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর আয় বাড়বে। দাম বাড়ানোর ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আয় বাড়বে প্রতি মাসে ১১৪ কোটি টাকা। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আয় বাড়বে ১৩২ কোটি, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) বাড়বে ৯৭ কোটি এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) আয় বাড়বে মাসে ২৬ কোটি টাকা।পিডিবির গ্রাহকদের ক্ষেত্রে গড়ে দাম বাড়ানো হয়েছে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ। ডিপিডিসির এলাকায় গড় বৃদ্ধির হার ৬ দশমিক ৯৯ শতাংশ। ডেসকো এলাকায় গড় বৃদ্ধির হার ৬ দশমিক ২৯ শতাংশ এবং ওজোপাডিকোর গ্রাহকদের ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে গড়ে ৫ দশমিক ৯৮ শতাংশ। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন গ্রাহকদের ক্ষেত্রে গত নভেম্বরে ৬ দশমিক ৫৭ শতাংশ দাম বাড়ানো হয়েছিল। চারটি সংস্থার আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার সমান। এ ক্ষেত্রে ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের প্রতি ইউনিট দাম বর্তমানের আড়াই টাকা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৬০ পয়সা। ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম তিন টাকা ১৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩ টাকা ৩০ পয়সা। ৪০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম ৫ টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৬৫ পয়সা করা হয়েছে।ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রেও চারটি সংস্থার বৃদ্ধির হার সমান। এ ক্ষেত্রে প্রতি ইউনিটের সাধারণ দাম (ফ্লাট রেট) ৪ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৩৫ পয়সা করা হয়েছে। সর্বোচ্চ চাহিদার সময় এই দাম হবে বর্তমানের প্রতি ইউনিট ৫ টাকা ৬২ পয়সার স্থলে ৫ টাকা ৯৫ পয়সা এবং অন্য সময়ে হবে ৩ টাকা ২০ পয়সার স্থলে সাড়ে ৩ টাকা। বাণিজ্যিক গ্রাহকের ক্ষেত্রে ডেসকো ছাড়া তিনটি সংস্থারই ফ্লাট রেট বর্তমানের ৫ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৫৮ পয়সা করা হয়েছে। ডেসকোর ক্ষেত্রে এই দাম করা হয়েছে ৫ টাকা ২৮ পয়সা। এ ছাড়া চারটি সংস্থার ক্ষেত্রেই সর্বোচ্চ চাহিদার সময় প্রতি ইউনিটের দাম ৮ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। অন্য সময়ে এই দাম হবে বর্তমানের ৩ টাকা ৮০ পয়সার স্থলে ৪ টাকা ০৫ পয়সা।যেসব গ্রাহক ১১ কিলো ভোল্টে সাধারণ ব্যবহারকারী, তাঁদের প্রতি ইউনিটের ফ্লাট রেট বেড়ে হবে বর্তমানের ৩ টাকা ৮০ পয়সা থেকে ৪ টাকা ১৭ পয়সা। সর্বোচ্চ চাহিদার সময় এই দাম হবে বর্তমানের ৬ টাকা ৭৩ পয়সা থেকে ৭ টাকা ১২ পয়সা। অন্য সময় হবে ৩ টাকা ১৪ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ৪৩ পয়সা। অতি উচ্চচাপে (১৩২ কিলো ভোল্ট) সাধারণ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিটের ফ্লাট রেট হবে বর্তমানের ২ টাকা ৮২ পয়সা থেকে ৩ টাকা ১০ পয়সা। সর্বোচ্চ চাহিদার সময় (বিকেল পাঁচটা থেকে রাত ১১টা) দাম হবে বর্তমানের ৫ টাকা ৫২ থেকে বেড়ে ৫ টাকা ৯৪ পয়সা। এই শ্রেণীর গ্রাহক রয়েছে শুধু পিডিবির।চারটি প্রতিষ্ঠানেরই যেসব গ্রাহক উচ্চচাপে ৩৩ কিলো ভোল্টে সাধারণ ব্যবহারকারী, তাঁদের ক্ষেত্রে প্রতি ইউনিটের ফ্লাট রেট বর্তমানের ৩ টাকা ৫৮ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩ টাকা ৯২ পয়সা। সর্বোচ্চ চাহিদার সময় বর্তমানের ৬ টাকা ৪৫ পয়সার ক্ষেত্রে হয়েছে ৬ টাকা ৮২ পয়সা। অন্য সময় বর্তমানের ৩ টাকা ০৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা।রাস্তার বাতি ও পানির পাম্পের ক্ষেত্রে ফ্লাট রেট হবে বর্তমানের ৩ টাকা ৮৬ পয়সা থেকে ৩ টাকা ৯৮ পয়সা। বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন দাম বাড়ানোর ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন, বিইআরসি আইন ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন এই মূল্যহার নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই হার বলবৎ থাকবে। বিইআরসি কার্যকর হওয়ার পর প্রথম পাইকারি (পিডিবির ক্রেতা সংস্থাগুলো) পর্যায়ে ২০০৮ সালের ১ অক্টোবর বিদ্যুতের ১৬ শতাংশ দাম বাড়ানো হয়। ফলে বিদ্যুত্ কেনার ব্যয় বাড়ায় ও নিজ নিজ বিতরণ ব্যবস্থার উন্নয়নের যুক্তি তুলে ধরে ওই বিতরণকারী সংস্থাগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিইআরসির কাছে আবেদন করে। এর মধ্যে পিডিবি গ্রাহক পর্যায়ে ২৪ দশমিক ৩১ শতাংশ, ডিপিডিসি ১২ দশমিক ৩৩ শতাংশ, ডেসকো ১০ দশমিক ১৮ শতাংশ, ওজোপাডিকো ১৫ দশমিক ১৮ শতাংশ এবং আরইবি ১১ দশমিক ৫২ শতাংশ দাম বাড়ানোর আবেদন করেছিল।