বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে অর্থমন্ত্রী ও উপদেষ্টার ভিন্নমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তুকি কমাতে আগামী তিন বছর পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যুক্তি দিলেও দ্বিমত পোষণ করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।এক সংবাদ সম্মেলনে আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভর্তুকি কমাতে হলে আগামী তিন বছর পর্যন্ত বিদ্যুতের দাম বাড়াতে হবে। এর পর থেকে তা সহনীয় পর্যায়ে চলে আসবে।আর কতবার বিদ্যুতের দাম বাড়ানো হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।আজ রোববার রাজধানীর আবদুল গনি সড়কে বিদ্যুত্ ভবনে ‘বিদ্যুত্ খাতের উন্নয়ন: পরিকল্পনা ও বাস্তবায়ন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যুত্ বিভাগ।অর্থমন্ত্রীর ওই বক্তব্যের পর তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ানো একটা চলমান প্রক্রিয়া। তিন বছর পর্যন্ত দাম বাড়বে, তা ঠিক নয়, অর্থমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি।’ জ্বালানি মূল্যের সঙ্গে বিদ্যুতের দাম বাড়ানোর সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি মূল্যের সঙ্গে সমন্বয় করেই বিদ্যুতের দাম বাড়ানো হয়।রেন্টাল পাওয়ার প্লান্ট না করলে দেশ অন্ধকারে নিমজ্জিত থাকত বলে জানান অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী ওই প্রশ্নের জবাব দিতে গিয়ে সমন্বিত পরিকল্পনা দরকার বলে মন্তব্য করেন এবং তা আছে বলার চেষ্টা করেন। তবে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুত্ খাতের মতো জ্বালানি খাতের, বিশেষ করে গ্যাস খাতের উন্নয়ন সম্পর্কে শিগগির তাঁরা আলাদা একটি উপস্থাপনা গণমাধ্যমের সামনে দেবেন। সেখানে সবকিছু স্পষ্ট করা হবে।বিদ্যুত্ ভবনের বিজয় হলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনের পাশাপাশি বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে বিদ্যুত্ খাতের সব কটি (নয়টি) সংস্থার সঙ্গে বিদ্যুত্ মন্ত্রণালয় আলাদা আলাদা চুক্তি সই করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। বিশেষ অতিথি হিসেবে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ছাড়াও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপস্থাপনা করেন পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির। জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন উপস্থিত ছিলেন।