বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর জন্য বিতরণকারী কোম্পানিগুলোর উপস্থাপন করা হিসাবের সঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হিসাবের বিশাল ব্যবধান রয়েছে। তাই বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে কোম্পানিগুলোর দেওয়া হিসাবের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।বিতরণকারী দুটি কোম্পানির দাম বাড়ানোর প্রস্তাবের ওপর বিইআরসি আজ রোববার গণশুনানি করেছে। রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে সকালে গণশুনানি হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রস্তাবের ওপর। ওই প্রস্তাবে পিডিবি বর্তমান দামের ওপর আরও ১২ শতাংশ (প্রতি ইউনিটে ৭২ পয়সা) বাড়ানোর দাবি করেছে। আয়-ব্যয় সবকিছু হিসাব-নিকাশ করে পিডিবি এই প্রস্তাব করেছে।কিন্তু বিইআরসির কারিগরি মূল্যায়ন দলের হিসাবে পিডিবি সর্বোচ্চ ৪ দশমিক ৮৪ শতাংশ দাম বাড়ানোর দাবি করতে পারে। পিডিবি তার প্রস্তাবে যেসব হিসাবের উপাদান উল্লেখ করেছে, বিইআরসির মূল্যায়ন দলও সেগুলোই বিবেচনায় নিয়েছে। তাতে পিডিবি প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও ৭২ পয়সা বাড়ানোর দাবি করলেও বিইআরসির মূল্যায়ন দলের হিসাবে তা ২৯ দশমিক ০৪ পয়সা।বিকেলে অনুষ্ঠিত পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানিতেও একই চিত্র ফুটে উঠেছে। ওজোপাডিকো বর্তমান দামের ওপর আরও ৯ দশমিক ৫৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে। কিন্তু বিইআরসির কারিগরি মূল্যায়ন দলের হিসাব অনুযায়ী কোম্পানিটি সর্বোচ্চ ৪ দশমিক ১৫ শতাংশ বাড়ানোর দাবি করতে পারে। দুটি হিসাব একই উপাদানের ভিত্তিতে করা হয়েছে।গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানির সময়ও দেখা গেছে, হিসাব-নিকাশ যথাযথভাবে না করেই দাম বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।এ অবস্থায় আজ গণশুনানিতে বিভিন্ন গ্রাহক-শ্রেণীর পক্ষ থেকে দাম বাড়ানোর প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শুনানিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা শামসুল আলম দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। একপর্যায়ে তিনি বলেন, দাম বাড়ানো হলে গ্রাহকেরা বিদ্যুতের বিল দেওয়া বন্ধ করে দেবেন।বিইআরসি শামসুল আলমের এই বক্তব্যকে অনিয়মতান্ত্রিক ও উসকানিমূলক অভিহিত করে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার অনুরোধ জানায়। এর পরও ক্যাব প্রতিনিধির কিছু বক্তব্য নিয়ে শুনানিস্থলে গুঞ্জন চলে।কাল সোমবার সকালে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) এবং বিকেলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে।