বিদ্যুতের দাম বাড়ানোর হিসাবে গোঁজামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বচ্ছ ও গোঁজামিল হিসাবের ওপর ভিত্তি করে বিদ্যুতের দাম বাড়ানোর অনুশীলন করে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ বিষয়ের গবেষক ও পেশাজীবীরা বলছেন, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য দেখানো কারণগুলোর কিছু অযৌক্তিক, কিছু প্রমাণিত নয়।তাঁরা বলেন, এ কারণে বিইআরসি গণশুনানির মতো স্বাভাবিক আইনি-প্রক্রিয়া অনুসরণ না করে অন্তর্বর্তী আদেশে দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর আগেও বিইআরসি অন্তর্বর্তী আদেশে দাম বাড়িয়েছে। বারবার এ রকম করা তাদের উচিত নয়।দাম বাড়ানোর প্রক্রিয়ার পাশাপাশি বিদ্যুতের বিলকাঠামো যৌক্তিক পর্যায়ে আনার কাজেও জটিলতায় পড়েছে বিইআরসি। ফলে এ দুটি কাজই বিলম্বিত হচ্ছে। আর সারা দেশে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে অস্বাভাবিক বিল নেওয়া অব্যাহত রয়েছে।বিদ্যুতের নির্ধারিত দাম অনুযায়ী যে পরিমাণ বিল হওয়ার কথা, গত ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত তার চেয়ে প্রায় ৪০০ কোটি টাকারও অতিরিক্ত গ্রাহকদের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে।গোঁজামিল: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্ভরযোগ্য সূত্র জানায়, তাদের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, বিদ্যুতের বর্তমান পাইকারি দাম ২০ শতাংশ বাড়ালেই চলে। কিন্তু তাদের দেওয়া প্রস্তাবে যেসব হিসাব দেওয়া হয়েছে, তার ভিত্তিতে বিইআরসি অনুশীলন করছে পাইকারি বিদ্যুতের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ বাড়ানোর।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পিডিবির প্রস্তাবে দেওয়া হিসাবের অস্বচ্ছতার কারণেই বিইআরসি প্রয়োজনের চেয়ে অনেক বেশি হারে দাম বাড়ানোর অনুশীলন করছে।দ্বিতীয়ত, সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পথনকশায় বলা হয়েছে, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ছয় হাজার ৪০০ কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার দরকার হতে পারে। কিন্তু বিইআরসি বর্তমানে দাম বাড়ানোর বিষয়ে যে চর্চা করছে, তাতে ভর্তুকি ধরে নেওয়া হয়েছে তিন হাজার ৮০০ কোটি টাকা। ফলে দাম অনেক বেশি বাড়ানোর আয়োজন করছে বিইআরসি। তৃতীয়ত, পিডিবি বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব বিইআরসির কাছে দিয়েছে, সেখানে তাদের রাজস্ব আয় সম্পর্কে কোনো তথ্য নেই। শুধু তরল জ্বালানি ব্যবহারের জন্য উৎপাদন ব্যয় বৃদ্ধির একটা হিসাব দিয়ে তার ভিত্তিতে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।উৎপাদন ব্যয় বৃদ্ধিরও যে হিসাব দেওয়া হয়েছে, তাতেও অস্বচ্ছতা আছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, উৎপাদন ব্যয় কতটা বাড়বে, তা নির্ভর করে কোন ধরনের জ্বালানির ব্যবহার কতটা হবে, তার ওপর। সে ক্ষেত্রে তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো যে হারে চালানোর কথা বলা হয়েছে (৫৭ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টর), আর আসলে কী হারে চালানো হবে, তা নিশ্চিত করে বলা যায় না।কারণ, প্রয়োজনে এর চেয়ে বেশি কিংবা কম চালানো হতে পারে। বেশি চালানো হলে সরকারের ভর্তুকি দিয়ে তা পূরণ করা সম্ভব। কিন্তু কম চালানো হলে গ্রাহকের কাছ থেকে বেশি নেওয়া টাকা ফেরত দেওয়া হবে কীভাবে।পিডিবির প্রস্তাবে প্রথম বলা হয়েছিল, তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো সারা বছর ধরে ৮০ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টরে চালানো হবে। কিন্তু এটা যে সম্ভব নয় এবং এর দরকারও নেই, সে বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর পিডিবি তা সংশোধন করে ৫৭ শতাংশ করে দিয়েছে। চতুর্থত, দাম বাড়ানো ছাড়াও পিডিবির বিপুল অঙ্কের আয় আছে। এর মধ্যে যেসব বিদ্যুৎকেন্দ্র চুক্তি অনুযায়ী সময়মতো উৎপাদন শুরু করতে পারেনি কিংবা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে ব্যর্থ হয়েছে, সেগুলোর কাছ থেকে জরিমানা হিসেবে কয়েক শ কোটি টাকা পিডিবির কোষাগারে জমা হয়েছে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ইজাজ হোসেন প্রথম আলোকে বলেন, দাম বাড়ানোর ব্যাপারে যথেষ্ট তথ্য কখনোই দেওয়া হয় না। আর বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও তেল ব্যবহারের যে অনুপাত দেখা যায়, তাতে আর বেশি দাম বাড়ানোর কারণ নেই। তার পরও যখন উল্লেখযোগ্য হারে দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে, তখন গোঁজামিল থাকতে পারে।বিলকাঠামো: আবাসিক গ্রাহকদের ব্যবহূত বিদ্যুতের বিলকাঠামো যৌক্তিক পর্যায়ে আনার প্রক্রিয়ায়ও নানা জটিলতার মধ্যে পড়েছে বিইআরসি। সকল পর্যায়ে সর্বনিম্ন ধাপের (স্লাব) সুবিধা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করতে পারেনি তারা। ফলে বিদ্যুতের দাম কোন পর্যায়ে কত বাড়বে, বিলের কয়টি ধাপ হবে—এ নিয়ে কিছু অনিশ্চয়তা এখনো আছে। এর প্রধান কারণ হিসেবে জানা গেছে মন্ত্রণালয়ের চাপের কথা। এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, বিলকাঠামো নিয়ে একটি বৈষম্যমূলক ও অন্যায্য অবস্থা সৃষ্টি করা হয়েছে। এটা অবশ্যই দূর করতে হবে। বিলের কোনো পর্যায়েই এক ইউনিট বিদ্যুতের দাম ১৫০ টাকা হতে পারে না।