বিদ্যুতের দাম বেড়েছে, আরও বাড়বে
বিদ্যুতের দাম বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ মঙ্গলবার বিকেলে বিতরণকারী বিভিন্ন সংস্থা পর্যায়ে বিদ্যুতের পাইকারি ও গ্রাহক পর্যায়ে খুচরা দাম বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে।ওই সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি দাম ১ ফেব্রুয়ারি থেকে ১১ শতাংশ বাড়বে। এই বর্ধিত দামের ওপর আবার ৬ দশমিক ৬৬ শতাংশ বাড়বে ছয় মাস পরে, আগামী ১ আগস্ট থেকে। গ্রাহক পর্যায়ে ১ ফেব্রুয়ারি থেকে ‘অন্তর্বর্তীকালীন’ হিসেবে ৫ শতাংশ দাম বাড়বে। ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী আবাসিক গ্রাহক, সেচ এবং ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ৫ শতাংশ দাম বাড়বে না।বিতরণকারী সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী দুই-এক মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের প্রকৃত খুচরা দাম বাড়ানো হবে। তার আগে উপরিউক্ত গ্রাহক শ্রেণীগুলো ছাড়া সব গ্রাহকের ক্ষেত্রে বর্তমান দামের ওপর ৫ শতাংশ হারে বেশি দাম ধার্য হবে।এর আগে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের সর্বশেষ দাম বেড়েছিল ২০০৮ সালের ১ অক্টোবর ১৬ শতাংশ হারে। আর গত বছরের ১ মার্চ গ্রাহক পর্যায়ে খুচরা দাম বাড়ানো হয়েছিল, ৬ থেকে ৭ শতাংশ হারে।এবার সব বিতরণকারী সংস্থার ক্ষেত্রে পাইকারি দাম সমান হারে বাড়েনি। গ্রামীণ জনগোষ্ঠীর কথা বিবেচনা করে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে সবচেয়ে কম পাইকারি দাম স্থির করা হয়েছে। সবচেয়ে বেশি করা হয়েছে ডেসকোর ক্ষেত্রে।বর্ধিত দাম থেকে পাওয়া অর্থের একাংশ (৫ দশমিক ১৭ শতাংশ বা বছরে ৩৬৪ কোটি টাকা) দিয়ে ‘বিদ্যুত্ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ফান্ড’ গঠনের আদেশ দেওয়া হয়েছে। এই অর্থ পুরোনো বিদ্যুেকন্দ্রের মেরামত-রক্ষণাবেক্ষণে ব্যবহার করা হবে।