বিদ্যুতের দাম ১৫ শতাংশ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে গড়ে ১৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে প্রায় ১৭ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে ৭৫ পয়সা। পাইকারি পর্যায়ে বেড়েছে ৬৮ পয়সা।এখন গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম হবে পাঁচ টাকা ৭৫ পয়সা। পাইকারি পর্যায়ে চার টাকা ৭০ পয়সা। পাইকারি পর্যায়ে (পিডিবি থেকে বিতরণ সংস্থার কেনা) দাম বাড়ার শতকরা হার ১৬ দশমিক ৯২।পল্লী বিদ্যুতের (আরইবি) গ্রাহকদের ক্ষেত্রে গড় দাম বাড়ার হার ১৫ দশমিক ১৪ শতাংশ। এ ছাড়া কৃষিতে প্রায় ১১ শতাংশ এবং শিল্প, বাণিজ্য ও দাতব্য ক্ষেত্রে গড়ে ১৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন অন্তর্বর্তী আদেশে এই দাম বাড়ানোর কথা ঘোষণা করেন। এ সময় বিইআরসির সদস্য এমদাদুল হক, সেলিম মাহমুদ ও মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার আগেই, ১ সেপ্টেম্বর থেকে এই বর্ধিত হার কার্যকর করা হয়েছে। একই সঙ্গে বিল কাঠামোয় ছয়টি ধাপ করে প্রতিটি ধাপের বিলে নিম্নতম ধাপের সুবিধা পুনর্বহাল করা হয়েছে। বিইআরসি আশা করছে, এর ফলে অস্বাভাবিক বিল আসা বন্ধ হবে এবং এ নিয়ে সারা দেশে গ্রাহকদের ক্ষোভ প্রশমিত হবে।বর্তমান সরকারের আমলে এই নিয়ে ছয়বার বিদ্যুতের দাম বাড়ানো হলো। এতে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে এবারই শেষ নয়। বর্তমান সরকারের মেয়াদেই আবারও দাম বাড়ানো হবে বলে বিদ্যুৎ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন।তবে দাম বাড়ার ঘোষণা দেওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান বলেছেন, জ্বালানি তেলের দাম অস্বাভাবিক না বাড়লে আগামী এক বছরের মধ্যে আর বিদ্যুতের দাম বাড়ানো হবে না। এবার দাম বাড়ার ঘোষণার পাশাপাশি বিইআরসি ‘এনার্জি সাপোর্ট ফান্ড’ নামের একটি তহবিল গঠনের প্রস্তাব করেছে। গত ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিলে নিম্নতম ধাপের সুবিধা তুলে দেওয়ার ফলে অস্বাভাবিক বাড়তি বিল হিসেবে যে টাকা (প্রায় ৪০০ কোটি) উঠেছে, তা ওই তহবিলে দেওয়া হবে। জ্বালানির দাম বাড়ানো হলে তার একটা অংশ এবং বিতরণ সংস্থাগুলোর নিট মুনাফার একটা অংশও এই তহবিলে দেওয়া হবে। বিদ্যুৎ খাতের নানা প্রয়োজনে এই তহবিল ব্যবহার করা হবে। এ ব্যাপারে বিইআরসি একটি নীতিমালার খসড়া তৈরি করবে।ছয়টি ধাপ: বিদ্যুতের ব্যবহার বিবেচনায় এবার যে ছয়টি ধাপ করা হয়েছে, তাতে প্রথমে আছেন সর্বোচ্চ ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা। এই ধাপের গ্রাহকেরা নিম্ন আয়ের এবং প্রায় সবাই গ্রামবাসী। এর আগে এই ধাপে সর্বোচ্চ ব্যবহারের পরিমাণ ধরা ছিল ১০০ ইউনিট। এবার তা ৭৫ ইউনিট করে প্রতি ইউনিটের দাম ধরা হয়েছে পল্লী বিদ্যুতের (আরইবি) ক্ষেত্রে গড়ে তিন টাকা ৬৬ পয়সা এবং অন্যান্য সংস্থার গ্রাহকের ক্ষেত্রে তিন টাকা ৩৩ পয়সা। দ্বিতীয় ধাপে আছেন ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা। এ ক্ষেত্রে আরইবির গ্রাহকদের প্রতি ইউনিটের গড় দাম ধরা হয়েছে চার টাকা ৩৭ পয়সা। অন্যান্য সংস্থার গ্রাহকের ক্ষেত্রে দাম হবে চার টাকা ৭৩ পয়সা। তৃতীয় ধাপে ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম হয়েছে গড়ে আরইবির ক্ষেত্রে চার টাকা ৫১ পয়সা। অন্যান্য সংস্থার গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট হয়েছে গড়ে চার টাকা ৮৩ পয়সা।চতুর্থ ধাপে ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি ইউনিটের গড় দাম হয়েছে আরইবির ক্ষেত্রে সাত টাকা ১০ পয়সা। অন্যান্য সংস্থার গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট হয়েছে চার টাকা ৯৩ পয়সা।পঞ্চম ধাপে ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি ইউনিটের গড় দাম হয়েছে আরইবির ক্ষেত্রে সাত টাকা ৪০ পয়সা। অন্যান্য সংস্থার গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট হয়েছে সাত টাকা ৯৮ পয়সা।ষষ্ঠ ধাপে আছেন ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীরা। এই ধাপে সব সংস্থার গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম হয়েছে নয় টাকা ৩৮ পয়সা।নিম্নতম ধাপের সুবিধা: ওপরের সব কটি ধাপেই বিল দেওয়ার ক্ষেত্রে গ্রাহক নিম্নতম ধাপের সুবিধা পাবেন। অর্থাৎ যিনি ২০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবেন, তিনি ৭৫ ইউনিটের দাম দেবেন প্রথম ধাপের দামে এবং অবশিষ্ট ১২৫ ইউনিটের দাম দেবেন দ্বিতীয় ধাপের দামে।৩০০ ইউনিট ব্যবহারকারী প্রথম ৭৫ ইউনিটের দাম দেবেন ওই ধাপের দামের হিসাবে। ১২৫ ইউনিটের দাম দেবেন দ্বিতীয় ধাপের হিসাবে এবং অবশিষ্ট ১০০ ইউনিটের দাম দেবেন তৃতীয় ধাপের হিসাব অনুযায়ী।এইভাবে প্রতিটি ধাপের গ্রাহক নিম্নতম ধাপের সুবিধা পাবেন। এর সঙ্গে যুক্ত হবে মিটার চার্জ ১০ টাকা, সার্ভিস চার্জ ৩০ টাকা এবং ৫ শতাংশ মূল্য সংযোজন কর (মুসক)।গত ফেব্রুয়ারি মাসে এই নিম্নতম ধাপের সুবিধা তুলে দেওয়ায় বিদ্যুৎ বিল নিয়ে তুঘলকি ঘটনা ঘটতে থাকে। তখন থেকে অস্বাভাবিক রকমের চড়া বিলে জেরবার হন গ্রাহকেরা। গতকাল বিইআরসির চেয়ারম্যান নিম্নতম ধাপের সুবিধা তুলে দেওয়াকে ভুল বলে স্বীকার করেন।বিইআরসির হিসাব অনুযায়ী, দাম বাড়ানোর ফলে প্রথম ধাপের (৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী) গ্রাহকদের বিল বাড়বে আগের তুলনায় ২১ টাকা। দ্বিতীয় ধাপের গ্রাহকদের মধ্যে যাঁরা ১৫০ ইউনিট পর্যন্ত ব্যবহার করবেন, তাঁদের বাড়বে ৮৫ টাকা। তৃতীয় ধাপে যাঁরা ২৫০ ইউনিট পর্যন্ত ব্যবহার করবেন, তাঁদের বিল বাড়বে আগের তুলনায় ১৩৪ টাকা। ৩৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীর বাড়বে ৬৯ টাকা।এর আগে ৪০০ ইউনিটের বেশি ব্যবহার করলেই বিলের যেভাবে উল্লম্ফন হতো, এখন আর তা হবে না। দাম বাড়ার পরও এখন যাঁরা ৪৫০ ইউনিট ব্যবহার করবেন, তাঁদের বিল আগের তুলনায় এক হাজার ৩৩৫ টাকা কম হবে। ৫৫০ ইউনিট ব্যবহারকারীদের বিল কম হবে আগের তুলনায় এক হাজার ৩২৬ টাকা।