বিদ্যুতের দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধানের মেয়াদ দুই বছর বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইনের মেয়াদ আরও দুই বছর বাড়ল। এ বিষয়ে আনা ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল ২০১২’ আজ বুধবার সংসদে পাস হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ সালে প্রণয়ন করা হয়। এ আইনের মাধ্যমে দুই বছরের জন্য দ্রুত বিদ্যুৎ উৎপাদনে চুক্তির ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুসরণ না করার ক্ষমতা দেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এতে করে সরকারের ক্রয় বা চুক্তিসংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি রক্ষার স্বার্থে ২০০৬ সালে প্রণীত সরকারি ক্রয়নীতির আইনটি অনুসরণের কোনো প্রয়োজনীয়তা থাকে না। বিশেষ এই বিধানের সময়সীমা আরও দুই বছর বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে বিদ্যুতের চাহিদা অব্যাহত থাকায় দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশেষ বিধানটির মেয়াদ বাড়ানো প্রয়োজন। গত বছরের অক্টোবরে এর মেয়াদ শেষ হয়ে গেছে।’সংসদের অধিবেশন কাল বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।