শর্ত বহাল থাকবে, সংযোগ পাবে ৫০০ কিলোওয়াট পর্যন্ত
বিদ্যুতের নতুন সংযোগ শুরু ১৫ মে থেকে
বিদ্যুতের নতুন সংযোগের জন্য যেসব গ্রাহকের অনুকূলে গত ৩১ মার্চ পর্যন্ত চাহিদাপত্র (ডিমান্ড নোট) বরাদ্দ করা হয়েছে, তাঁরা আগামী ১৫ মে থেকে সংযোগ পেতে শুরু করবেন। এবার সংযোগ দেওয়া হবে ৫০০ কিলোওয়াট পর্যন্ত চাহিদার সব শ্রেণীর গ্রাহককে। যেসব গ্রাহকের চাহিদা আরও বেশি, তাঁদের সংযোগ দেওয়ার বিষয়ে চলতি (এপ্রিল) মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে ফেব্রুয়ারি পর্যন্ত যেসব গ্রাহকের অনুকূলে চাহিদাপত্র বরাদ্দ করা হয়েছিল, তাঁদের সংযোগ দেওয়া অব্যাহত আছে। কোনো গ্রাহকের চাহিদা দুই কিলোওয়াটের বেশি হলে নির্দিষ্ট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্যানেল বসানোসহ যেসব শর্ত আগে ছিল, এখনো তা বহাল থাকবে।তবে এত দিন ঢাকায় নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে একেকটি ভবনকে একেকটি গ্রাহক হিসেবে বিবেচনা করে যে ভুল হচ্ছিল, এবার এর অবসান হবে। কারণ বিতরণকারী সব সংস্থাকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে একটি বহুতল ভবনে যে কটি ফ্ল্যাট থাকবে, প্রতিটি আলাদা আলাদা গ্রাহক হবে। এগুলোর প্রতিটি কোনো শর্ত ছাড়াই দুই কিলোওয়াট পর্যন্ত চাহিদার সংযোগ পাবে।বিদ্যুতের নতুন সংযোগের বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ-সচিব মো. আবুল কালাম আজাদ, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিতরণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে বিদ্যুৎ-সচিব সাংবাদিকদের জানান, পর্যায়ক্রমে নতুন সংযোগ দেওয়া অব্যাহত থাকবে। এতে বিদ্যুৎ-পরিস্থিতি খারাপ হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ, নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে। আগামী জুন মাস নাগাদ প্রায় ৬০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।গ্যাসের নতুন সংযোগ চালুর বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আগামী বাজেটে এলপি গ্যাসের ওপর থেকে শুল্ক, কর কমানোর প্রস্তাব করা হবে। এলপি গ্যাসের সরবরাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। আর বিদ্যমান পাইপলাইন গ্যাসের দাম বাড়ানো হবে।মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যুৎসংযোগ বন্ধ থাকা অবস্থায় সারা দেশে মোট তিন লাখ ৮৮ হাজার ৭৪৯টি নতুন সংযোগের আবেদন পড়ে। এর মধ্যে চাহিদাপত্র ইস্যু করা ছিল ৯৯ হাজার ২৭৮টির। ফেব্রুয়ারিতে আবার নতুন করে চাহিদাপত্র দেওয়া শুরু করে প্রায় ৮৭ হাজার গ্রাহকের অনুকূলে চাহিদাপত্র দেওয়া হয়। এই এক লাখ ৮৬ হাজার ২৭৮টির মধ্যে গত বুধবার পর্যন্ত মোট এক লাখ ছয় হাজার ৭০৯টি সংযোগ দেওয়া হয়েছে। বাকিগুলো দেওয়ার কাজ চলছে।মার্চ মাসে প্রায় ৮৭ হাজার গ্রাহকের অনুকূলে চাহিদাপত্র ইস্যু করা হয়। তাঁদের সংযোগ দেওয়া শুরু হবে ১৫ মে থেকে। বাকি আবেদনকারীদের অনুকূলে চলতি মাসেও চাহিদাপত্র ইস্যু করা হচ্ছে। তাঁরা সংযোগ পাবেন আরও পরে। এইভাবে পর্যায়ক্রমে চাহিদাপত্র ইস্যু করা ও সংযোগ দেওয়া হবে। তাঁদের সবাইকে সংযোগ দিতে প্রায় এক হাজার মেগাওয়াট নতুন বিদ্যুতের দরকার হবে।এই প্রক্রিয়ার পাশাপাশি নতুন সংযোগের জন্য আবেদনপত্রও গ্রহণ করা হচ্ছে। সারা দেশে এখন পর্যন্ত এ রকম ছয় লাখ ৪৫ হাজার ৮৬৭টি আবেদন জমা পড়েছে। এগুলোর অনুকূলেও পর্যায়ক্রমে চাহিদাপত্র ইস্যু করা ও সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলবে।