বিদ্যুতের পাইকারি দাম ১০ শতাংশ বাড়তে পারে
চলতি সপ্তাহেই বিদ্যুতের পাইকারি দাম প্রায় ১০ শতাংশ বাড়ার ঘোষণা আসতে পারে। এই মূল্যবৃদ্ধি সাধারণ গ্রাহকের ওপর বর্তাবে না। গতকাল রোববার বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রস্তাবের শুনানির পরিপ্রেক্ষিতে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও পিডিবি সূত্র এ কথা বলেছে। দাম বাড়ানোর আবেদন শুনানিতে পিডিবি বলেছে, সেপ্টেম্বর ও নভেম্বরে দুই দফা জ্বালানি তেলের দাম বাড়ায় চলতি অর্থবছরের বাকি মাসগুলোতে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বাড়বে এক হাজার ৩২৮ কোটি টাকা। পিডিবির উপস্থাপনায় বলা হয়, এ অবস্থায় বিদ্যুতের পাইকারি দাম না বাড়ালে এ বছর পিডিবির লোকসান হবে নয় হাজার ৯২ কোটি টাকা। গত বছর পিডিবির লোকসানের অঙ্ক ছিল চার হাজার ৭৯০ কোটি টাকা। এ বছর ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার পরিমাণ এবং জ্বালানি তেলের দাম বাড়ায় লোকসানের অঙ্ক প্রায় দ্বিগুণ হবে।এ অবস্থায় পিডিবি পাইকারি বিদ্যুতের দাম চার দফায় ৬০ শতাংশ বাড়ানোর আবেদন করেছে। এর প্রথম দফা চলতি নভেম্বর মাসে, দ্বিতীয় দফা আগামী মার্চে, তৃতীয় দফা আগামী জুলাইয়ে এবং চতুর্থ দফা পরের বছরের (২০১৩) জানুয়ারি মাসে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পিডিবি ৬০ শতাংশ চাইলেও বিইআরসির কর্মকর্তাদের হিসাব অনুযায়ী দাম ৪১ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে। গতকালের শুনানিতে তাঁরা এ প্রস্তাব দিয়েছেন। বিইআরসি ও পিডিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, এই শুনানির ওপর ভিত্তি করে চলতি সপ্তাহেই বিইআরসি বিদ্যুতের পাইকারি দাম প্রায় ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিতে পারে। এই মূল্যবৃদ্ধি সাধারণ গ্রাহকের ওপর বর্তাবে না। বর্তাবে ডিপিডিসি, ডেসকো, আরইবি, ওজোপাডিকো প্রভৃতি বিতরণকারী সংস্থাগুলোর ওপর। এরা পিডিবির কাছ থেকে বিদ্যুৎ কিনে গ্রাহককে সরবরাহ করে। তবে সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তে পারে আগামী মাসে। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পিডিবির দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে পদ্ধতিগত লোকসান কমানো, অপচয় বন্ধ করা এবং সরকারি ভর্তুকির প্রস্তাব দিয়েছে।