বিদ্যুতের বর্ধিত দাম মার্চ থেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর আদেশ দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে দেওয়া ওই আদেশে বিতরণ সংস্থার জন্য পাইকারি (বাল্ক) এবং সব শ্রেণীর গ্রাহকের জন্যই দাম বাড়ানো হয়েছে।আদেশ অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের (এক কিলোওয়াট/ঘণ্টা) পাইকারি দাম ২৮ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ৩০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ নিয়ে পাইকারি ও গ্রাহক উভয় পর্যায়েই পাঁচবার দাম বাড়ানো হলো। এর ফলে ২০১০ সালের তুলনায় গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম দুই টাকা থেকে বেড়ে পাঁচ টাকা ৪০ পয়সার মতো হয়েছে।বিশেষ তাৎপর্য: এবারের মূল্যবৃদ্ধির বিশেষ তাৎপর্য হচ্ছে, আদেশ ঘোষণার এক মাস আগে থেকে তা কার্যকর করা। বিইআরসি আদেশ দিয়েছে গতকাল, আর ওই আদেশ কার্যকর হয়েছে ১ মার্চ থেকে। বিষয়টিকে সংশ্লিষ্ট অনেকে অনৈতিক এবং বিতরণ কোম্পানির স্বার্থে জনগণের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ক্ষমতার ব্যবহার বলে অভিহিত করেছেন।সরকারের নীতিনির্ধারণী একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছে, নিয়োগ-বদলি-পদোন্নতি, বেতন বৃদ্ধিসহ অনেক বিষয় সরকার প্রশাসনিক আদেশ ভূতাপেক্ষভাবে (পেছনের সময় থেকে কার্যকর) কার্যকর করে। কিন্তু যে বিষয়টির সঙ্গে সারা দেশের সব পর্যায়ের মানুষের আর্থিক দায় জড়িত, সে বিষয়ে এ ধরনের আদেশ বাঞ্ছিত নয়।ভোক্তা অধিকার নিয়ে কর্মরত সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, বিইআরসির এই আদেশ ন্যায়সংগত হয়নি। এটা তারা করেছে ইচ্ছামাফিক, যা জনস্বার্থ ক্ষুণ্ন করেছে। টেলিভিশনসহ পত্রিকাগুলোর অনলাইন সংস্করণে এক মাস আগে থেকে মূল্যবৃদ্ধি কার্যকর হওয়ার বিষয়টি জানতে পেরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার অন্তত ১০ জন গ্রাহক গতকাল প্রথম আলো কার্যালয়ে টেলিফোন করে বলেন, এটা জনগণের পকেট কাটার শামিল। লোডশেডিংয়ের জ্বালায় যখন সাধারণ মানুষ অতিষ্ঠ, তখন এ ধরনের সিদ্ধান্ত সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করবে।গতকাল বিকেলে মূল্যবৃদ্ধির আদেশ ঘোষণার সময় এ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন স্বীকার করেন, তাঁদের এই সিদ্ধান্তে জনস্বার্থের পরিবর্তে বিতরণ কোম্পানির স্বার্থই প্রাধান্য পেয়েছে। তিনি বলেন, ১ মার্চ থেকে দাম না বাড়ালে পিডিবির কাছ থেকে যে কোম্পানিগুলো বিদ্যুৎ কেনে, তাদের অনেক লোকসান হবে। বিতরণব্যবস্থায়ও এর বিরূপ প্রভাব পড়তে পারে।অভিজ্ঞতা কী: এর আগে ২০১০ সালের ১ মার্চ থেকে পাইকারি ও গ্রাহক পর্যায়ে চারবার দাম বাড়ানো হলেও সাধারণ গ্রাহক বিদ্যুৎ-পরিস্থিতির কোনো উন্নতি দেখছেন না। সরকারের পরিকল্পনা, বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি, সরকারি নীতিনির্ধারকদের বক্তব্য-বিবৃতির সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল না পেয়ে গ্রাহকেরা বিভ্রান্ত।অনেক গ্রাহকই টেলিফোনে এবং মুখোমুখি জানতে চান, আসলে সত্য কোনটা। বাস্তবে যে বিদ্যুৎ-পরিস্থিতি দেখছেন সেটা, নাকি সরকারের বক্তব্য-বিবৃতি? অনেকে জানতে চান, বিদ্যুৎ-পরিস্থিতির কি কোনো উন্নতিই হয়নি? গতকালও প্রতি ঘণ্টার লোডশেডিংয়ে বিপর্যস্ত অনেক গ্রাহক এ প্রশ্ন করেছেন।তা ছাড়া প্রতিবার দাম বাড়ানোর সময় বিইআরসি পিডিবি এবং বিতরণ কোম্পানিগুলোকে গ্রাহকসেবার মানোন্নয়ন, পদ্ধতিগত লোকসান কমানোসহ কয়েকটি নির্দেশনা দেয়। এখন পর্যন্ত সেসব নির্দেশনার যথাযথ বাস্তবায়ন হয়নি। এমনকি, এসব বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বিইআরসিকে জানানোও হয় না। এ জন্য সম্প্রতি বিইআরসির চেয়ারম্যান ও সদস্যরা পিডিবির কার্যালয়ে গিয়ে সভা করে এ বিষয়ে জানার চেষ্টা করেছেন।যৌক্তিকতা কী: বর্তমান সরকারের আমলে বিদ্যুতের দাম প্রথম বাড়ানো হয় ২০১০ সালের ১ মার্চ, গ্রাহক পর্যায়ে। এরপর গত বছরের ১ ফেব্রুয়ারি বাড়ানো হয় পাইকারি ও গ্রাহক পর্যায়ে। গত বছরের ১ আগস্ট আবার পাইকারি দাম বাড়ানো হয়। গত ডিসেম্বর মাসে পাইকারি ও গ্রাহক পর্যায়ের দাম বাড়ে আরেকবার। তারপর আবার পাইকারি ও গ্রাহক পর্যায়ে দাম বাড়ে গত ১ ফেব্রুয়ারি থেকে। সর্বশেষ বাড়ানো হলো গতকাল—পাইকারি ও গ্রাহক উভয় পর্যায়ে।প্রতিবারই দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হয়েছে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা। সাধারণ মানুষ সেটা মেনেও নিয়েছে। কিন্তু সরকারের শাসন মেয়াদের সোয়া তিন বছরের মাথায় এসেও যখন বাস্তবে দাম বাড়ানোর সুফল পাওয়া যাচ্ছে না, তখন তাঁরা ক্ষুব্ধ সমালোচক হয়ে উঠেছেন।কুড়িল থেকে এক নারী গতকাল টেলিফোনে বলেন, ‘এই সরকারের সব কথা শুনেছি, মেনেছি, বিশ্বাস করেছি। কিন্তু বিদ্যুৎ ও পানির সমস্যা এখনো এমন যে রাস্তায় নেমে যেতে ইচ্ছা হয়।’বিইআরসির বিবেচনা কী: প্রতিবার দাম বাড়ানোর ক্ষেত্রে বিইআরসির বিবেচনার বিষয় হচ্ছে পিডিবি বা সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব। এবার দাম বাড়ানোর প্রস্তাবে পিডিবি জ্বালানি তেল ব্যবহারের যে হিসাব দিয়েছে এবং যে হিসাব বিইআরসি বিবেচনায় নিয়েছে, তা সঠিক নয় বলে অভিযোগ পাওয়া গেছে।পিডিবি এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যে পরিমাণ জ্বালানি তেলের সংশোধিত চাহিদা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) দিয়েছে, তা বিবেচনায় নেওয়া হলে দাম আরও কম বাড়ালেও চলত বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।সূত্রগুলো আরও জানায়, যে পরিমাণ তেল ব্যবহারের হিসাবের ভিত্তিতে দাম বাড়ানো হয়েছে, সেই পরিমাণ তেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে প্রতি ঘণ্টায় লোডশেডিং হওয়ার কথা নয়।দাম বাড়লেও ঘাটতি চলবে: পাইকারি ও সব শ্রেণীর গ্রাহক পর্যায়ে পঞ্চমবার দাম বাড়ানো হলেও এ বছরও চাহিদা ও সরবরাহের ব্যাপক ঘাটতি চলবে। এখন ক্রমান্বয়ে এই ঘাটতি সর্বোচ্চ পর্যায়ে উঠবে।বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আট হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেলেও পিডিবি সাধারণভাবে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াটের মধ্যে উৎপাদন সীমিত রাখছে। কারণ, জ্বালানি সাশ্রয় করা। জ্বালানি সাশ্রয় করে উৎপাদন সীমিত রাখলে গ্রাহকের জন্য দাম বাড়ানোর যৌক্তিকতা কী—এ প্রশ্ন তুলেছেন গ্রাহকেরা।বিল সম্পর্কে সাবধান: গতকাল দাম বাড়ানোর পর আবাসিক গ্রাহকের ক্ষেত্রে ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীর জন্য প্রতি ইউনিটের দাম হয়েছে তিন টাকা পাঁচ পয়সা। ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত চার টাকা ২৯ পয়সা। ৪০০ ইউনিটের বেশি ব্যবহারকারীর প্রতি ইউনিটের দাম সাত টাকা ৮৯ পয়সা।বিইআরসির প্রবর্তিত বর্তমান নিয়ম অনুযায়ী, যে গ্রাহক ৩০০ ইউনিটের মধ্যে ব্যবহার সীমিত রাখতে পারবেন, তিনি প্রথম ১০০ ইউনিটের দাম তিন টাকা পাঁচ পয়সা হারে এবং পরবর্তী ২০০ ইউনিটের দাম চার টাকা ২৯ পয়সা হারে দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু কোনো গ্রাহক দ্বিতীয় ধাপের (১০১-৪০০ ইউনিট) হলেও তাঁর বিদ্যুৎ ব্যবহার ৩০০ ইউনিটের বেশি হলে সম্পূর্ণ বিদ্যুতের দামই চার টাকা ২৯ পয়সা হারে দিতে হবে। ১০০ ইউনিট পর্যন্ত কম দামের সুবিধা তিনি পাবেন না।ইতিমধ্যে এ নিয়ে অনেক গ্রাহক দুর্ভোগে পড়েছেন। তাই এ বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে।