বিদ্যুতের ভবিষ্যৎ অন্ধকার!
‘২ আগস্ট রাত সাড়ে ১০টার পর সারা রাত বিদ্যুৎ ছিল না। এখন প্রতিদিন বিদ্যুৎ থাকে না। এক ঘণ্টা পর আসে। তারপর মাত্র ৮-১০ মিনিটের মধ্যে আবার চলে যায়। বিদ্যুৎ অফিসে অভিযোগ করলে বলছে, এটাকে লোডশেডিং বলে।’গতকাল বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে আসা ৩৭ জন গ্রাহকের মধ্যে একজনের অভিযোগ এটি। অভিযোগকারী একজন গৃহবধূ। বাসা মধ্য বাসাবোর সবুজবাগ থানার কাছে। বৃদ্ধা শাশুড়ি আর দুই বাচ্চাকে নিয়ে এই গরমে কী কষ্টে আছেন, তাও তিনি বলেছেন টেলিফোনে। বাসাবো থেকেই গতকাল লিখিত ও টেলিফোনে এ রকম অভিযোগ এসেছে ১৯টি। এ ছাড়া মুগদাপাড়া, শনির আখড়া, শ্যামলী, কল্যাণপুর, পল্লবী, মিরপুর-৬, উত্তরা, নিকুঞ্জ এলাকা থেকে সারা রাত বারবার লোডশেডিংয়ের অভিযোগ পাওয়া গেছে।অভিযোগকারীরা প্রত্যেকেই বলেছেন, ‘এখন বোধহয় স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে। এই যদি হয় অবস্থা, তাহলে তো বিদ্যুতের ভবিষ্যৎ খুবই অন্ধকার।’এ অবস্থা কেন: দেশে চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন যে কম, এ কথা সবারই জানা। কিন্তু প্রকৃত চাহিদা কত, আর উৎপাদন ঘাটতিই বা আসলে কত, তা কেউ জানে না। মধ্যরাতে কিংবা সারা রাত ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের প্রকৃত কারণ সেটাই।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাব অনুযায়ী, প্রতিদিন বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় দুটি। একটি দিনের বেলা দুপুরে। অন্যটি সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা। কিন্তু কয়েক মাস ধরে গ্রাহকের অভিযোগ ও গণমাধ্যমে পরিবেশিত সংবাদের সূত্রে পিডিবি মধ্যরাতের চাহিদা সম্পর্কে সজাগ হয়েছে। এ ব্যাপারে তারা জরিপ চালাতে শুরু করেছে। পিডিবি সূত্র জানায়, জরিপে পাওয়া তথ্যে ইতিমধ্যে দেখা গেছে, অনেক এলাকায়ই সন্ধ্যাকালীন সর্বোচ্চ চাহিদার চেয়ে মধ্যরাতে চাহিদা মোটেই কম নয়। এ বিষয়টি আগে তাদের জানা ছিল না।জানতে চাইলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) পরিচালক (কারিগরি) মো. সিরাজউদেদৗলা প্রথম আলোকে বলেন, ‘আমাদের দিন-রাতের চাহিদা প্রায় সমান হয়ে গেছে। দিনের বেলায় প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় এবং রমজান মাসে বিভিন্ন পণ্যের বাড়তি চাহিদা মেটাতে অনেক শিল্পপ্রতিষ্ঠান রাতেও চালানো হচ্ছে। এটিও মধ্যরাতে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির অন্যতম কারণ।’এ ছাড়া সামগ্রিকভাবে চাহিদার তুলনায় উত্পাদন ঘাটতি তো রয়েছেই। এই ঘাটতি এখনো প্রকৃতপক্ষে দুই হাজার মেগাওয়াটের বেশি। তবে পিডিবির হিসাবে গতকাল দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল পাঁচ হাজার ১৫০ মেগাওয়াট। আর সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল তিন হাজার ৮৬০ মেগাওয়াট। ঘাটতি এক হাজার ২৯০ মেগাওয়াট।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সর্বোচ্চ চাহিদার সময় ওই পরিমাণ ঘাটতির কারণে ঢাকাসহ সারা দেশে সকাল-দুপুর, সন্ধ্যা ও মধ্যরাত-নির্বিশেষে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং করার দরকার হতে পারে না। এর একমাত্র কারণ, পিডিবির হিসাবের চেয়ে চাহিদা অনেক বেশি।রমজান মাসে কী হবে: আর মাত্র পাঁচ দিন পর শুরু হচ্ছে রমজান মাস। বিদ্যুৎ মন্ত্রণালয় বেশ কিছুদিন আগেই এই মাসের বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে পরিকল্পনা করেছে। সে অনুযায়ী কাজও হচ্ছে। কিন্তু আশঙ্কা কমছে না। গ্রাহকদের প্রায় শতভাগ এবং সরকারি-বেসরকারি অনেক সংশ্লিষ্ট ব্যক্তিও রমজান মাসে বিদ্যুৎ সংকটের আশঙ্কা করছেন।মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, রমজান মাসে দৈনিক বিদ্যুৎ উৎপাদন সাড়ে চার হাজার মেগাওয়াটে উন্নীত করার কথা। এরপর লোড ব্যবস্থাপনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে। কিন্তু এই পরিকল্পনা কতটা বাস্তবায়ন করা যাবে, সে বিষয়ে সব পর্যায়েই সন্দেহ রয়েছে। সর্বোপরি রমজান মাসে বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা অনেক বেড়ে যায়। কারণ এ সময় ছোটখাটো অনেক নতুন শিল্প, বাণিজ্য ও সেবা প্রতিষ্ঠান চালু হয়।তবে রমজানে লোড ব্যবস্থাপনায় সরকারকে সহযোগিতা করার অংশ হিসেবে দোকান মালিক সমিতি বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত গ্রিডের বিদ্যুৎ দিয়ে দোকানপাটে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র না চালাতে এবং বাতি কম জ্বালাতে সম্মত হয়েছে। একই সঙ্গে তারা তারাবির নামাজের সময় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করবে না বলেও অঙ্গীকার করেছে। এই সময় তারা জেনারেটর চালাবে। কিন্তু একটা দাবিতে তারা অনড় থাকতে চায়। সেটি হচ্ছে, প্রথম রোজা থেকেই রাত আটটার পরও দোকানপাট খোলা রাখা। এসব করেও পরিস্থিতি কতটা সামাল দেওয়া যাবে, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সন্দেহ রয়েছে।গ্যাস পরিস্থিতি: বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ করা হচ্ছে ৭৫ কোটি ঘনফুটের কম। গ্যাসস্বল্পতার কারণে এখন বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে প্রায় ৮০০ মেগাওয়াট। পিডিবি বলছে, সাড়ে চার হাজার মেগাওয়াট উৎপাদন করতে হলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে অন্তত ৮৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করতে হবে।এটা সম্ভব হবে কি না, জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, সম্ভব হবে। দৈনিক গ্যাস উত্পাদন ২০০ কোটি ঘনফুট ছাড়িয়ে গেছে বলে দাবি করে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে ৮৫ কোটি ঘনফুট দেওয়ার জন্য হয়তো কোনো কোনো শিল্পে কিছুটা সরবরাহ কমাতে হতে পারে। আবার না কমিয়েও দেওয়া সম্ভব হতে পারে। তিনি বলেন, আগামী মাসগুলোতে গ্যাসের উৎপাদন ক্রমাগতভাবে বাড়তে থাকবে। ২০১২ সালের মধ্যে চাহিদার সমান গ্যাস সরবরাহের পরিকল্পনা বাস্তবায়নের কাজ যথাযথভাবেই চলছে। মুক্তি নেই: সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, বিদ্যুৎ-গ্যাসের চলমান সংকট থেকে শিগগির মুক্তির সম্ভাবনা নেই। এই দুটিরই চাহিদা ক্রমাগতভাবে বাড়ছে। কিন্তু সেই তুলনায় প্রকৃত উত্পাদন বাড়ছে না। বর্তমান সরকার নতুন বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা নিয়েছে, তা যত ভালোই হোক, বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে। এখন পর্যন্ত বর্তমান সরকারের পরিকল্পনার মধ্যে মাত্র ১৫০ মেগাওয়াটের ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎ জাতীয় গ্রিডে এসেছে। অথচ আসার কথা ছিল আরও অনেক বেশি। তা ছাড়া সরকার লোডশেডিংমুক্ত বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছে, তা ২০১২ সালেও সম্ভব হবে কি না, সে ব্যাপারে সন্দেহ রয়েছে।