বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে কিছু পদ্ধতিগত ও আইনি জটিলতা দেখা দিয়েছে। ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত ১ নভেম্বর দাম বাড়ানোর প্রস্তাব দিলেও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এখন পর্যন্ত এ ব্যাপারে নিজস্ব দাপ্তরিক কার্যক্রম ছাড়া আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নিতে পারেনি।পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর পিডিবির প্রস্তাব নিয়ে এখন বিইআরসি নিজস্ব হিসাবনিকাশের কাজ করছে। তবে মোট পাঁচ সদস্যের (একজন চেয়ারম্যান ও চারজন সদস্য) এই কমিশনে বর্তমানে চেয়ারম্যান ও একজন মাত্র সদস্য থাকায় দাম বাড়ানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া (গণশুনানি, আদেশ তৈরি প্রভৃতি) চালানো সম্ভব হবে না। আর এসব প্রক্রিয়া ছাড়া বিদ্যুতের দাম বাড়ানোও সম্ভব হবে না। সরকারি সূত্রগুলো জানায়, ইতিমধ্যে দুজন সদস্য নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তা প্রক্রিয়াকরণ করার পর ওই নিয়োগে আরও অন্তত মাস তিনেক সময় লাগবে। আর সর্বশেষ একজন সদস্য গত ৩০ নভেম্বর মেয়াদ শেষ করেছেন। তাঁর স্থলে নিয়োগের কোনো প্রক্রিয়াই শুরু করা হয়নি। বিইআরসির কাজ অব্যাহতভাবে চলমান রাখার জন্য নিয়মিত এসব নিয়োগ-প্রক্রিয়া চালু রাখার দিকে সরকারের নজর নেই বলে সূত্রগুলোর অভিযোগ। আইনি জটিলতা: বিইআরসি আইন-২০০৩ অনুযায়ী বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া-পদ্ধতি সম্পর্কে যে প্রবিধানমালা তৈরি করা হয়েছে, সে অনুযায়ী দাম পরিবর্তনের আবেদনের সঙ্গে বিগত তিন বছরের নিরীক্ষিত বার্ষিক হিসাব দাখিল করতে হবে। কিন্তু পিডিবি যে প্রস্তাব করেছে, তাতে যে বিদ্যুৎকেন্দ্র এখনো স্থাপিত হয়নি, তা থেকে উৎপাদিত বিদ্যুতেরও দাম বাড়াতে বলা হয়েছে। প্রস্তাবে পিডিবি ২০০৯-১০ সালে বিদ্যুতের ‘প্রকৃত সরবরাহ ব্যয়’ এবং ২০১০-১১ ও ২০১১-১২ সালের ‘প্রাক্কলিত ব্যয়ের ভিত্তিতে নির্ণয় করা সরবরাহ ব্যয়’ অনুযায়ী দাম বাড়ানোর কথা বলেছে। অর্থাৎ দুই বা তিন বছর পরে যে বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হবে, সেই বিদ্যুতের সরবরাহ ব্যয়ও দাম বাড়ানোর প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আইন ও প্রবিধানমালা অনুযায়ী বিইআরসি এটা করতে পারে না। ব্যতিক্রম ছাড়া সব ক্ষেত্রেই বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং বাণিজ্যিক উৎপাদন শুরু বিলম্বিত হয়। তাই দাম বাড়ানোর প্রস্তাবে সরবরাহ শুরু করার যে সময় উল্লেখ করা হয়েছে, তা কার্যকর না হওয়ারও আশঙ্কা থাকে। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, বিদ্যুতের দাম তো বাড়াতেই হবে। তাই বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে, কী করা যায়।পিডিবির প্রস্তাব: দাম বাড়ানোর প্রস্তাবে পিডিবি বলেছে, বিদ্যুতের সরবরাহ ব্যয় বাড়ার কারণে পিডিবির লোকসান বাড়ছে। এই লোকসান কমানোর জন্য ২০০৯-১০ সালে বিদ্যুতের প্রকৃত সরবরাহ ব্যয় এবং ২০১০-১১ ও ২০১১-১২ সালের প্রাক্কলিত ব্যয়ের ভিত্তিতে নির্ণয় করা সরবরাহ ব্যয় অনুযায়ী দাম বাড়ানো প্রয়োজন।পিডিবির হিসাব অনুযায়ী, ২০০৯-১০ সালে প্রতি ইউনিট বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় ছিল দুই টাকা ৬২ পয়সা। বর্তমানে বিভিন্ন বিতরণ কোম্পানির কাছে পিডিবির বিক্রি করা প্রতি ইউনিট বিদ্যুতের বাল্ক (পাইকারি) দাম দুই টাকা ৩৭ পয়সা। কাজেই অন্যান্য ব্যয় একই থাকলেও শুধু তরল জ্বালানি ব্যবহার বাড়ানোর কারণে পাইকারি পর্যায়ে এই দাম ২০১০-১১ সালে ইউনিট প্রতি হবে তিন টাকা ৬২ পয়সা (বৃদ্ধির হার ৫২ দশমিক ৫৭ শতাংশ)। ২০১১-১২ সালে হবে প্রায় চার টাকা ৪১ পয়সা (বৃদ্ধির হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ)। ২০১২-১৩ সালে হবে প্রায় চার টাকা ৯৮ পয়সা (বৃদ্ধির হার ১১০ দশমিক ৩৮ শতাংশ)। এই ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো দরকার।এটা করলে বিতরণ কোম্পানিগুলোর লোকসান ঠেকাতে খুচরা পর্যায়েও (গ্রাহকের ক্ষেত্রে) একই হারে দাম বাড়াতে হবে। কিন্তু তা না করে, গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার জন্য পিডিবির প্রস্তাব হচ্ছে প্রতি ছয় মাস অন্তর বিদ্যুতের পাইকারি দাম ১২ শতাংশ হারে বাড়ানো। এই দাম বৃদ্ধি গত (২০১০ সালের) জুলাই মাস থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়। সে অনুযায়ী, বর্তমানে প্রতি ইউনিট পাইকারি বিদ্যুতের দাম যেখানে দুই টাকা ৩৭ পয়সা, সেখানে ১ জানুয়ারি ২০১১ থেকে তা হবে দুই টাকা ৯৭ পয়সা। ১ জুলাই ২০১১ থেকে তা হবে তিন টাকা ৩৩ পয়সা। ১ জানুয়ারি ২০১২ থেকে হবে তিন টাকা ৭২ পয়সা। ১ জুলাই ২০১২ থেকে হবে চার টাকা ১৭ পয়সা। ১ জানুয়ারি ২০১৩ থেকে চার টাকা ৬৮ পয়সা। এই হিসাবে প্রতি বছর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির হার হয় ২৫ দশমিক ৩০ শতাংশ। তার পরও লোকসান: এই হারে দাম বৃদ্ধির পরও পিডিবিকে বিপুল পরিমাণ লোকসান দিতে হবে। পিডিবির হিসাবে বলা হয়েছে, এই দাম বৃদ্ধির পরও সরবরাহ ব্যয়ের সঙ্গে তার পার্থক্যের কারণে পিডিবির লোকসান হবে ২০১০-১১ সালে দুই হাজার ৩৩৪ কোটি টাকা; ২০১১-১২ সালে দুই হাজার ৯৫৯ কোটি এবং ২০১২-১৩ সালে দুই হাজার ৫৭ কোটি টাকা। কাজেই পিডিবির প্রস্তাব হচ্ছে ক্রমান্বয়ে দাম বাড়ানো এবং ২০১৪ সাল নাগাদ পাইকারি বিদ্যুতের দাম সরবরাহ ব্যয়ের সমান নির্ধারণ করা।পাইকারি বিদ্যুতের দাম সরবরাহ ব্যয়ের চেয়ে কম হওয়ায় সরকার ২০০৬-০৭ থেকে ২০০৮-০৯ সাল পর্যন্ত প্রতি বছর ৬০০ কোটি টাকা করে এবং ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা বাবদ ২০০৯-১০ সালে ৩৯৪ কোটি টাকা পিডিবিকে ঋণ দিয়েছে। এর মধ্যে ২০০৮ সালের ১ অক্টোবর থেকে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৬ শতাংশ বাড়ানো হয়।