বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে অক্টোবরে মূল্যস্ফীতি বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ভিত্তি বছরেই বিগত সেপ্টেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। ১৯৯৫-৯৬ ভিত্তি বছরে সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। আগস্ট মাসে এই হার ছিল ৭ দশমিক ৯৩ শতাংশ। নতুন ভিত্তি বছর অর্থাত্ ২০০৫-০৬ ভিত্তি বছরের সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৯৬ শতাংশ। এর আগের মাসে এই হার ছিল ৪ দশমিক ৯৭ শতাংশ। আজ রোববার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতি পরিস্থিতি প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল, উপমহাপরিচালক মিজানুর রহমান প্রমুখ।গোলাম মোস্তফা কামাল বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে অক্টোবর মাসেই মূল্যস্ফীতি বাড়তে পারে। তবে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে গত বছরের তুলনায় এবার মূল্যস্ফীতি কমেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সেপ্টেম্বর মাসে আটা, ডাল, মাছ, ডিম, শাকসবজি, ভোজ্যতেল, দুধসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর দাম কমেছে। খাদ্যপণ্যে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ০২ শতাংশ। আর একইভাবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে ১ দশমিক ৮২ শতাংশ। আর দাম বেড়েছে পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি, পরিবহন ব্যয় ইত্যাদিতে। বিবিএসের হিসাবে, ১৯৯৫-৯৬ ভিত্তি বছর ধরে গত সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যে এই হার ৯ দশমিক ৯৫ শতাংশ। এই দুটি উপখাতেই মূল্যস্ফীতি আগের মাসগুলোর তুলনায় কমেছে। ২০০৫-০৬ ভিত্তি বছর ধরে সেপ্টেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ১ দশমিক ৭৫ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যে এই হার ১০ দশমিক ১৮ শতাংশ। একইভাবে দুই ভিত্তি বছরেই সেপ্টেম্বর মাসে গ্রামের চেয়ে শহর এলাকার মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি পড়েছে। ১৯৯৫-৯৬ ভিত্তি বছর ধরে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৫৩ শতাংশ। আর গ্রামে এই হার ৬ দশমিক ৯৪ শতাংশ। এদিকে ২০০৫-০৬ ভিত্তি বছরে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৯৩ শতাংশ। আর গ্রামে এই হার ৪ দশমিক ৪৬ শতাংশ।