বিদ্যুতের সিস্টেম লসে ক্ষতি ৩৪১ কোটি টাকা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ সম্প্রসারণের মাধ্যমে তিন বছরে ১৮ লাখ গ্রাহককে সংযোগ দেওয়ার কথা। কিন্তু সরকার তিন মাসে মাত্র দেড় হাজার গ্রাহককে সংযোগ দিতে পেরেছে। এ নিয়ে সংসদে অসহায়ত্ব প্রকাশ করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। আজ সোমবার সংসদে শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘পল্লী বিদ্যুৎ সম্প্রসারণের মাধ্যমে ১৮ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি বছরের জানুয়ারি থেকে ২০১৫ সালের মধ্যে ১৮ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত এক হাজার ৬৬২ জন গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। সম্পূরক প্রশ্নে শহীদুজ্জামান সরকার বলেন, এখন নির্বাচনের বছর। গ্রাহক সংযোগের হার এত কম হলে সেটা নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি সংসদ সদস্যের সঙ্গে একমত। কিন্তু কিছু করার নেই। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে।’অপু উকিলের প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, বর্তমানে পাঁচ হাজার ৪৩৭ মেগাওয়াট ক্ষমতার মোট ২৭টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে। এসব কেন্দ্র পর্যায়ক্রমে ২০১৬ সালের মধ্যে চালু হবে। মাহজাবিন মোরশেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০২০-২১ সালের মধ্যে দৈনিক ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতীয় পার্টির এ এইচ এম গোলাম রেজার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতের সিস্টেম লসের কারণে সরকারের বার্ষিক ক্ষতির পরিমাণ ৩৪১ কোটি টাকা।জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, দেশে বর্তমানে বিদ্যুতের গড়চাহিদা ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হচ্ছে পাঁচ হাজার ৬০০ থেকে ছয় হাজার ৩০০ মেগাওয়াট।সংসদে অনুপস্থিত বিএনপির সাংসদ মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জানান, বিসিআইসির অধীন পাঁচটি শিল্পকারখানা বন্ধ রয়েছে। এগুলো হলো চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স, নর্থবেঙ্গল পেপার মিলস, কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যাল, খুলনা নিউজপ্রিন্ট মিলস ও ঢাকা লেদার কোম্পানি। এ ছাড়া, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার অধীন চারটি প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রয়েছে। এগুলো হলো ঢাকা স্টিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ স্টিল ইন্ডাস্ট্রিজ, রহিম মেটাল ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ ক্যান কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানগুলো আপাতত চালু করার কোনো ইচ্ছা সরকারের নেই।জাতীয় পার্টির এম এ জব্বারের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনটি সার কারখানা নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এগুলো হলো এক হাজার ৭৬০ টন উৎপাদনের ক্ষমতাসম্পন্ন শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প, এক হাজার ৭৫০ টন উৎপাদনের ক্ষমতাসম্পন্ন নর্থওয়েস্ট ফার্টিলাইজার প্রকল্প ও এএফসিসি ইউরিয়া সার কারখানা।প্রশ্নোত্তর-পর্বের আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।