বিদ্যুত্ ও পানির অপব্যবহার থেকে বিরত থাকুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যেকোনো পরিস্থিতিতে রমজান মাসে বিদ্যুতের মূল্য না বাড়ানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জনগণের প্রতি বিদ্যুত্ ও পানি ব্যবহারে কৃচ্ছতা সাধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্রমবর্ধমান চাহিদা ও অপর্যাপ্ত সরবরাহের কথা বিবেচনা করে বিদ্যুত্ ও পানির অপব্যবহার থেকে বিরত থাকতে হবে।আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিআরসি) বর্তমান কর্মকাণ্ড, ভবিষ্যত্ পরিকল্পনা ও কর্মকৌশলের ওপর এক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা অনুষ্ঠানে এ নির্দেশ দেন।বিআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন প্রধানমন্ত্রীর কাছে এই উপস্থাপনা পেশ করেন। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, কৃচ্ছ্রতা সাধন ও অপব্যবহার রোধের মাধ্যমে আমাদেরকে বিদ্যুত্ ঘাটতি পূরণ করতে হবে। কেননা সরকার প্রতি বছর বিদ্যুত্ খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছে। তিনি বলেন, তাঁর সরকার গত অর্থবছরে বিদ্যুত্ খাতে সাড়ে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।সেহরি ও ইফতারের সময় কিছু কিছু এলাকায় বিদ্যুত্-বিভ্রাটের কথা উল্লেখ করে শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর কারণ অনুসন্ধানের নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের দুঃখ-দুর্দশা বাড়াতে যারা অকারণে বিদ্যুত্-বিভ্রাট ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, গত বছর এ ধরনের একাধিক ঘটনা ঘটানো হয়েছিল, পরে দায়ী কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পর পরিস্থিতির উন্নতি ঘটে।বর্তমানে বিদ্যুত্-সমস্যার জন্য শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে বলেন, তাদের শাসনামলে দুর্নীতির মাধ্যমে বিদ্যুত্ খাত ধ্বংস করা হয়েছিল। বিদ্যুত্ খাতের কোটি কোটি টাকা লুটপাট করা হলেও তারা জাতীয় গ্রিডে এক মেগাওয়াট বিদ্যুত্ও যোগ করতে পারেনি।শেখ হাসিনা বলেন, ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে বিএনপি-জামায়াত জোট সরকার বিদ্যুত্ উত্পাদন বাড়ানোর কোনো ব্যবস্থা নেয়নি, বরং তারা সীমাহীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই খাত ধ্বংস করে দিয়েছিল।বিস্তারিত বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর বিগত সরকার দেশের বিদ্যুত্ উত্পাদন এক হাজার ৬০০ মেগাওয়াট থেকে চার হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিল। কিন্তু ২০০৯ সালে সরকার গঠন করার সময় দেশের বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ ছিল চার হাজার ১০০ মগাওয়াট।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার অতীতের মতো সারা দেশে ক্রমবর্ধমান চাহিদা পূরণে দেশের বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ বাড়াতে বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার এরই মধ্যে জাতীয় গ্রিডে দুই হাজার মেগাওয়াট বিদ্যুত্ যুক্ত করেছে। তিনি বলেন, দৈনিক সাত হাজার মেগাওয়াট বিদ্যুত্ চাহিদার বিপরীতে বর্তমানে দেশে পাঁচ হাজার ৫২ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদিত হচ্ছে।অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বাসস।