বিদ্যুত্ খাত এগোচ্ছে, জ্বালানি খাতে অগ্রগতি কম
বর্তমান সরকারের মেয়াদে বিদ্যুৎ খাতে অর্জন জ্বালানি খাতের তুলনায় বেশি। ‘বিদ্যুৎ খাতের মতো জ্বালানি খাতেও রণপ্রস্তুতিতে এগিয়ে যাওয়া প্রয়োজন।’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ কথা বলেছেন।বিদ্যুৎ ও জ্বালানি খাত সরকারের বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত। এই খাত উন্নয়নে ‘পথনকশার একটি হালচিত্রে’ অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে সরকারের গৃহীত মহাপরিকল্পনা ও কর্মযজ্ঞের সুফল জনগণ পেতে শুরু করেছে। ইতিমধ্যে এক হাজার ৫৫৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। তবে জ্বালানি খাতে এর সমানুপাতিক হারে অগ্রগতি সাধিত হয়নি।অর্থমন্ত্রীর এ বক্তব্য সম্পর্কে বিদ্যুৎ খাতের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও পর্যবেক্ষকেরা বলছেন, বিদ্যুৎ খাত এগিয়েছে এবং আরও এগোচ্ছে, এ কথা ঠিকই। কিন্তু এখন পর্যন্ত যে এক হাজার ৫৫৬ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা তিনি বলেছেন, তার মধ্যে ৭১১ মেগাওয়াট বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় নেওয়া কার্যক্রমের ফল। বাকি ৮৪৫ মেগাওয়াট বর্তমান সরকারের অর্জন। এ সরকারের মেয়াদের মধ্যভাগে এই অর্জন যথেষ্ট নয় বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন।তবে অর্থমন্ত্রী এ কথাও বলেছেন, গত বছর বাজেট বক্তৃতায় উপস্থাপিত পথনকশায় তিনি যেসব পরিকল্পনা বাস্তবায়নের কথা উল্লেখ করেছিলেন, তার সব বাস্তবায়িত হয়নি। অবশ্য এই খাতের অগ্রগতি, প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রয়েছে উল্লেখ করে পর্যবেক্ষকেরা বলেন, চলতি বছরের মধ্যে আরও এক হাজার মেগাওয়াটের বেশি নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।অগ্রগতির কিছু সূচক: অর্থমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির ফলে মাথাপিছু বার্ষিক বিদ্যুৎ ব্যবহার ২২০ কিলোওয়াট ঘণ্টা থেকে বেড়ে ২৩৬ হয়েছে। বিদ্যুৎ সরবরাহের আওতাভুক্ত জনগোষ্ঠী গত বছরের ৪৭ শতাংশ থেকে বেড়ে ৪৯ শতাংশ হয়েছে। গত বছর প্রতিদিন লোডশেডিং ছিল এক হাজার ২০০ থেকে দেড় হাজার মেগাওয়াট। এ বছর তা এক হাজার থেকে এক হাজার ২০০ মেগাওয়াটে নেমেছে। পাশাপাশি বিদ্যুতের চাহিদাও বেড়েছে। গত বছরের এপ্রিলে যেখানে সর্বোচ্চ চাহিদা ছিল পাঁচ হাজার ৮০০ মেগাওয়াট, এ বছরের এপ্রিলে তা হয়েছে ছয় হাজার ৫০০ মেগাওয়াট। গত বছর সর্বোচ্চ সরবরাহ ছিল চার হাজার ৪০৬ মেগাওয়াট। এ বছর তা চার হাজার ৬৯৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে। তবে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির, বিশেষ করে গ্যাসের স্বল্পতা এবং পুরোনো কেন্দ্রগুলোর উৎপাদনক্ষমতা কমে যাওয়া এই খাতের অন্যতম প্রধান সমস্যা হিসেবে এখনো রয়ে গেছে।জ্বালানি সমস্যা নিরসনে সরকার ডিজেল ও ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাধ্য হওয়ায় প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম এখন চার টাকা পাঁচ পয়সা হয়েছে। ২০০৯-১০ সালে এই দাম ছিল দুই টাকা ৬২ পয়সা। বিদ্যুতের সঞ্চালন ও বিতরণব্যবস্থায়ও কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। তবে এ সবই অতিক্রম করে এগিয়ে যাওয়ার পথ রচনা করা হয়েছে বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন।জ্বালানি খাত: গ্যাসের চাহিদা ও সরবরাহের বর্তমান চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী দেখিয়েছেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত দুই বছরে গ্যাসের দৈনিক উৎপাদন বেড়েছে ২৮ কোটি ৪০ লাখ ঘনফুট। এ সময় গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে দৈনিক ঘাটতি ৩০ কোটি ঘনফুট থেকে বেড়ে হয়েছে ৫০ কোটি ঘনফুট। পাশাপাশি তিনি গ্যাসের উৎপাদন বাড়ানোর কার্যক্রমও তুলে ধরেছেন। তবে কয়লানীতি চূড়ান্ত করা ও কয়লা আমদানি করার বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে অর্থমন্ত্রী গত বছরের অবস্থানেই স্থির থাকতে বাধ্য হয়েছেন। অর্থাৎ এ বিষয়ে গত এক বছরে আসলে কোনো অগ্রগতি হয়নি। পর্যবেক্ষকেরা বলছেন, এর ফলে চাহিদা অনুযায়ী জ্বালানির সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য অন্তত আগামী দুই বছরও কঠিন হবে।