নাটোর সদর উপজেলার রহিমকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০০৯ সালের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে। এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ের ৩২ পরীক্ষার্থীর সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। অথচ ভালো ফল করা এ বিদ্যালয়ে বিদ্যুত্ নেই। সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের নিভৃত গ্রাম রহিমকুড়ি। ১৯৪৮ সালে রহিমকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তিন শতাধিক ছেলেমেয়ে এখানে পড়ালেখা করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে দুই পর্বে পড়ালেখা করানো হয়। মাত্র আটজন শিক্ষক এসব ছেলেমেয়েকে পড়ান। বড় বড় আমগাছে ঘেরা এই বিদ্যালয়ে সারা বছরই আলোর স্বল্পতা লেগে থাকে। আর আকাশে মেঘ থাকলে কিংবা ঘনকুয়াশা দেখা দিলে শ্রেণীকক্ষ অন্ধকার হয়ে যায়। বাধ্য হয়ে কখনো কখনো দিনের বেলায় কুপি বাতি ও হারিকেন জ্বালিয়ে ছেলেমেয়েদের পড়ালেখা করানো হয়। বিদ্যালয়টির মাত্র ৫০০ গজ দূরেই নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর সরবরাহ লাইন রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যুত্ সংযোগের জন্য তিন বছর আগে দরখাস্ত করেছে। বিদ্যুত্ কর্তৃপক্ষ আবেদনটি যাচাই-বাছাইও করেছে। কিন্তু বিদ্যালয় ভবনটি সমিতির নির্ধারিত দূরত্ব ১০০ গজের মধ্যে না হওয়ায় কর্তৃপক্ষ সংযোগ দিচ্ছে না। অতিরিক্ত পোলের (খুঁটি) মাধ্যমে বিদ্যুত্ সরবরাহের জন্য বিদ্যালয় থেকে ৩৫ হাজার টাকা দিতে চাইলেও বিদ্যুত্ দেওয়া হচ্ছে না। পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘বিদ্যালয়ে বিদ্যুত্ সংযোগ দেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকায় এত দিনেও সংযোগ দেওয়া যায়নি। যত দ্রুত সম্ভব আমরা বিদ্যুত্ দেওয়ার চেষ্টা করছি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা ফেরদৌসী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য বছরের শুরুতে একটি পরীক্ষা নিয়ে থাকি। যারা অপেক্ষাকৃত কম মেধাবী হিসেবে শনাক্ত হয়, আমরা তাদের জন্য বাড়তি যত্ন নিতে শুরু করি। এভাবে একের পর এক পরীক্ষা আর বাড়তি যত্ন নেওয়ার মাধ্যমে বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সর্বোচ্চ সফলতার দিকে নিয়ে যায়। প্রয়োজনে বাড়িতে গিয়ে ও ছুটির দিনে পড়িয়েও তাদের পড়ালেখায় সহযোগিতা করি। যেমন, গত সমাপনী পরীক্ষার আগে প্রস্তুতিমূলক পরীক্ষায় চারজন শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছিল। আমরা তাদের ব্যাপারে বাড়তি সতর্কতা নেওয়ায় তারা চূড়ান্ত পরীক্ষায় খুবই ভালো করেছে। আমাদের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না। এই পুরো প্রক্রিয়া তদারকি করেন আমাদের সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও)। তিনি মাঝেমধ্যে আমাদের বিদ্যালয়ে আসেন। শিক্ষার্থী ও আমাদের কাজের মূল্যায়ন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।’ এবার সমাপনী পরীক্ষায় সামশুন্নাহার নামের এক পরীক্ষার্থী ৫৬০ নম্বর পেয়ে সদর উপজেলার মধ্যে প্রথম হয়েছে। সামশুন্নাহার বলে, ‘স্যারেরা আমাদের পড়াশোনার ব্যাপারে খুব যত্ন নেন।’