আগামী কয়েক মাস বিদ্যুত্ সরবরাহে সেচকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সেচে বিদ্যুত্ সরবরাহে কোনো সমস্যা হচ্ছে কি না, হলে তাত্ক্ষণিকভাবে তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনটি স্তরে নিবিড় পরিবীক্ষণ চালানো হবে। বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ এবং বিদ্যুত্ ও জ্বালানি, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় বলা হয়, সেচে বিদ্যুত্ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে কেন্দ্রীয়, বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে পরিবীক্ষণ দল কাজ করবে। কেন্দ্রীয় পরিবীক্ষণ দলের নেতৃত্বে থাকবেন বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উত্পাদন)। এর কার্যালয় হবে বিদ্যুত্ মন্ত্রণালয়ের ২১৫ নম্বর কক্ষ। এ ছাড়া বিদ্যুত্ বিতরণ ব্যবস্থার বিভাগীয় পর্যায়ে ছয়টি এবং সব আঞ্চলিক পর্যায়ে পরিবীক্ষণ দল কাজ করবে।সভাশেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘সেচে বিদ্যুত্ সরবরাহের জন্য শহরে-নগরে লোডশেডিং হলেও তা মেনে নিতে সবার কাছে আমরা অনুরোধ জানাই। তবে গ্রীষ্মের মাঝামাঝি সময়ে বিদ্যুত্ উত্পাদন বাড়বে। তখন লোডশেডিং কমবে।’