বিদ্যুত্স্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু, জনতা-পুলিশ সংঘর্ষে আহত ৫০
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আজ মঙ্গলবার ভোরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বায়েজিদ হোসেন (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছাত্র, জনতা ও পুলিশের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা শহরের থানাপাড়ার ব্যবসায়ী আবদুল বারীর ছেলে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র বায়েজিদ আজ সকাল ছয়টার দিকে কলেজপাড়ায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। আলমডাঙ্গা বিদ্যুত্ বিতরণ কার্যালয়ের সামনে পৌঁছলে মূল সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে রাজিবের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ খবর দ্রুত ছড়িয়ে পড়ে। দায়িত্বে অবহেলার জন্য সকাল আটটার দিকে বিদ্যুত্ বিভাগের আবাসিক প্রকৌশলীকে দায়ী করে তাঁর শাস্তির দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিদ্যুত্ বিতরণ কেন্দ্র ঘেরাও করে। এ সময় তাঁরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। আবাসিক প্রকৌশলী শফিকুর রহমান খান তাঁর ব্যক্তিগত রিভলবার দিয়ে ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব উপস্থিত হয়ে লাঠিপেটা, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছাত্রজনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়। পরে আবাসিক প্রকৌশলীর তাত্ক্ষণিক বদলির খবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রচারিত হলে দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক ১২ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।