বিদ্যুৎ, গ্যাস ও আইটি খাতে বিনিয়োগের জন্য কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস, অবকাঠামো, জাহাজ নির্মাণ, আইটি ও কৃষিভিত্তিক শিল্প খাতে আরও বেশি বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার হোটেল গ্রান্ড হায়াতের ন্যামসান সম্মেলন কেন্দ্রে তাঁর সম্মানে কোরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) দেওয়া মধ্যাহ্ন ভোজসভায় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসস।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সবাইকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ এবং আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’ অনুষ্ঠানে কেসিসিআইয়ের চেয়ারম্যান কিউং শিক শন স্বাগত বক্তব্য দেন। এতে দক্ষিণ কোরিয়ান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা যোগ দেন।বাংলাদেশে বিনিয়োগের জন্য অনেক খাত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিদ্যমান ১৬ কোটি ভোক্তার বাজার, সস্তা শ্রমিক, স্বল্প ব্যয়ের পরিবহন ব্যবস্থা ও অনুকূল বিনিয়োগনীতির কথা বিবেচনা করে আরও বিনিয়োগ করার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ-সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ও কোরিয়া এরই মধ্যে বিনিয়োগ উন্নয়ন ও দ্বৈত করবিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেছে। তিনি বলেন, ‘আমরা উদার আর্থিক নীতিমালা গ্রহণ করে আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করেছি। এসব নীতিমালার মধ্যে রয়েছে ট্যাক্স হলি ডে, আমদানীকৃত মেশিনারির ওপর শুল্ক ছাড়, রয়্যালটি ফেরত নেওয়া, কারিগরি জ্ঞান, কারিগরি সহায়তা ফি, শতভাগ বিদেশি সম্পদ, নির্বিঘ্নে ফিরে যাওয়ার নীতি এবং চলে যাওয়ার সময় মুনাফা ও পুঁজি সম্পূর্ণভাবে প্রত্যাহারের সুযোগ।’প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী আর্থিক মন্দা সত্ত্বেও বাংলাদেশে ২০০৯ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির হার বজায় ছিল এবং বর্তমান সরকার ২০১৪ সাল নাগাদ প্রবৃদ্ধি হার ৮ শতাংশে উন্নীত করতে দৃঢ়প্রতিজ্ঞ।শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে ৩৭ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাণিজ্য ও বিনিয়োগ উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে।তিনি বলেন, উভয় দেশের বাণিজ্যের পরিমাণ ২০০৮ সালে ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। তবে এ সময় বাণিজ্যের ভারসাম্য ব্যাপকভাবে দক্ষিণ কোরিয়ার অনুকূলে ছিল।প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস বাংলাদেশ ও কোরিয়ার একযোগে কাজ করার সম্ভাব্য অনেক সুযোগ রয়েছে এবং আমাদের ব্যবসায়ী মহল, জনগণ ও দুই দেশ এর সুফল ভোগ করবে।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদ, অ্যাম্বাসেডার অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।