বিদ্যুৎ, জ্বালানিসহ সার্বিক উন্নয়নে বাংলাদেশকে সহায়তা দেবে আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্কালে আইএমএফের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক অনুপ সিং এ কথা বলেন। খবর বাসসের।আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুসহ বিভিন্ন সেতু নির্মাণ, রেল ও সড়কপথ উন্নয়ন এবং ঢাকা শহরের যানজট নিরসনের জন্য তাঁর সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর সরকার দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য অচিরেই এসব প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর। তিনি এ ব্যাপারে আইএমএফের সহযোগিতা প্রত্যাশা করেন।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আইএমএফের পরিচালক বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন। অনুপ সিং বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য যে নীতি গ্রহণ করেছে, তা খুবই চমত্কার। এই নীতির কারণে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। তিনি এ ব্যাপারে বাংলাদেশকে আইএমএফের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।আলোচনাকালে দেশের জনগণের সার্বিক কল্যাণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানিসংকট বাধা হয়ে দাঁড়িয়েছে। সংকট মোচনে তাঁর সরকারের নেওয়া কয়েকটি পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে অবস্থার উন্নতি হয়েছে।প্রধানমন্ত্রী বিদ্যুতের সংকট মোকাবিলায় সফলতা অর্জনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের লক্ষ্যে মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি আইনের প্রস্তাব অনুমোদন করেছে।বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গত অর্থবছরে বাংলাদেশ ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এবার আরও বেশি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে।শেখ হাসিনা জনগণের ভাগ্যোন্নয়নে বিশেষ করে দারিদ্র্য-বিমোচনে নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, তাঁর সরকার সামাজিক নিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে বয়স্ক-ভাতা, বিধবা-ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধা ভাতা এবং আশ্রায়ন প্রকল্প গ্রহণ করে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী খাদ্যনিরাপত্তাসহ মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, তাঁর বিগত সরকার (১৯৯৬-২০০১) ঘাটতি কাটিয়ে উঠে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশ পুনরায় খাদ্যঘাটতির দেশে পরিণত হয়। বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ফলে দেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সরকার এরই মধ্যে গভীর সমুদ্রবন্দর স্থাপনের উদ্যোগ নিয়েছে।শুধু বাংলাদেশ নয় ভারত, নেপাল, ভুটানসহ প্রতিবেশী দেশগুলো এই সমুদ্রবন্দর ব্যবহার করতে পারবে। এই বন্দর থেকে সবাই অর্থনৈতিকভাবে লাভবান হবে। তিনি গভীর সমুদ্রবন্দর নির্মাণে আইএমএফের সহযোগিতা কামনা করেন।অর্থসচিব মোহাম্মদ তারেক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও বিশেষ সহকারী আবদুস সোবহান এ সময় উপস্থিত ছিলেন।