বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, ২০১০-১১ অর্থবছরের বাজেটের আকার হবে এক লাখ ৩২ হাজার কোটি টাকার কিছু বেশি। এর পাশাপাশি তিনি আরও জানান, এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার হবে ৩৮ থেকে ৪০ হাজার কোটি টাকা। তিনি আজ বৃহস্পতিবার সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র ও অন্যান্য ইলেকট্রনিক সংবাদমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট বৈঠকে এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে সরকারের প্রাক্কলিত মূল দেশজ উত্পাদন (জিডিপি) ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ। চলতি বছরে দেশের গড় প্রবৃদ্ধি ছয় শতাংশ হবে বলে তিনি জানান।অর্থমন্ত্রীর সঙ্গে আলাপকালে বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকেরা বিদ্যুতের পাশাপাশি অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান। তাঁরা অর্থমন্ত্রীকে সরকারের ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার জন্য প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধির অনুরোধ করেন। তাঁরা কাগজ আমদানির শুল্কের হার শূন্য করা ও যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে বাজেট বৃদ্ধির আহ্বান জানান। এ বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, দ্য ইনডিপেন্ডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম, চ্যানেল আইয়ের পরিচালক ও হেড অব নিউজ শাইখ সিরাজ, দৈনিক জনকণ্ঠ-এর নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদ ইমরোজ খালিদী, সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর উপ-সম্পাদক শামসুল হক জাহিদ, ইনকিলাব-এর নগর সম্পাদক জাকারিয়া কাজল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মো. তারেক, ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারি, এনবিআরের চেয়ারম্যান মো. নাসিরুদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ।