কাঁধের হাঁড়ি-পাতিলের ভাড়। উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন চল্লিশোর্ধ্ব অজিত পাল। কেমন আছেন? জিজ্ঞেস করতেই বেশ আক্ষেপের সুরে বললেন, ‘হারা দিন খাইটা মাটির জিনিস বানাই, কিন্তু বেচনের সময় কান্দে কইরা নেওয়ন (নেওয়া) লাগে শহরে। ভাঙা রাস্তার লাগি কোনো রিকশা টেলাগাড়ি আইত চায় না।’ শুধু অজিত পাল নয়, এমন অভিযোগ ভুলন চন্দ্র পাল, মিন্টু চন্দ্র পাল, পিন্টু পালসহ গ্রামের প্রায় সবারই।হবিগঞ্জের বাহুবল উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার পূর্বে মৌড়ী গ্রামটির অবস্থান। পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম গ্রাম। ছোটবড় মিলিয়ে গ্রামটিতে প্রায় হাজার লোকের বাস। সবাই কুমার সম্প্রদায়ের। এ গ্রামের পূর্বপুরুষেরা সবাই মৃৎশিল্পের সঙ্গে জড়িত। বর্তমানে গ্রামটির বেশির ভাগ মানুষই পেশা বদল করেছেন বিভিন্ন কারণে। যে কয়েকজন এখনো এ পেশায় টিকে আছেন তাঁরাও ভালো নেই। তাঁদেরই একজন সুখময় পাল (৫৫) বলেন, ‘পুঁজির লাগি ব্যবসা করতাম পারি না। সরকার ছাগল পালন, মাছ পালন করলে ঋণ দেয়। মৃৎশিল্পের ওপর ঋণ দিলে ভালা হইত।’মাটির রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই পাই কলেজছাত্র সন্তোষ পালকে। বেশ কয়েকজন সহপাঠী নিয়ে গল্প করছেন। মৌড়ী গ্রামের প্রধান সমস্যা কী জানতে চাইলে সবাই এক বাক্যে বললেন, বিদ্যুৎ আর রাস্তা’। সন্তোষ জানান, এ গ্রামের প্রায় ২০০ ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা করছে। বিদ্যুত্ না থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে।গ্রামের বাসিন্দা পংকজ পাল বলেন, বিদ্যুতের জন্য বেশ কয়েকবার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আবেদন করা হলেও কোনো ফল হয়নি। চাকরিজীবী মনতোষ পাল ও প্রিয়ময় পাল বলেন, বাহুবল সদর থেকে যে রাস্তাটি গ্রামে এসেছে তা এত সরু ও ভাঙা যে এতে কোনো যানবাহন চলাচল করতে পারে না। বর্ষায় অবস্থা আরও খারাপ হয়ে যায়। গ্রামবাসী জানায়, নির্বাচনের আগে প্রার্থীরা রাস্তা ও বিদ্যুতের কথা বলে ভোট চান। পরে কেউই আর কথা রক্ষা করেন না। তাই তাঁরা এবার বুঝেশুনে ভোট দেবেন বলে জানান।এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, চার-পাঁচ দিন হয় মৌড়ী রাস্তায় কাজ শুরু হয়েছে। বাহুবল সদর ইউপি চেয়ারম্যান মো. নজমূল হোসেন চৌধুরী বলেন, ‘বর্তমানে নতুন করে নাকি বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। তবে গ্রামটিতে বিদ্যুৎ পৌঁছে দিতে আমি যথাসাধ্য চেষ্টা করব।’