বিদ্যুৎ উৎপাদন উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ উন্মুক্ত করা হয়েছে। ‘বিদ্যুৎ খাতে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধির নীতিমালা ২০০৮’-এর অধীনে এই কার্যক্রম চলবে। এখন এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লাইসেন্স নিয়ে বেসরকারি খাতে যেকোনো বিনিয়োগকারী বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারবেন।এসব কেন্দ্র স্থাপিত হবে অযাচিত প্রস্তাবের ভিত্তিতে (আনসলিসিটেড)। অর্থাৎ এসব কেন্দ্র স্থাপনের জন্য সরকার কোনো আগ্রহ প্রকাশ বা দরপত্র আহ্বান করবে না। আগ্রহী বিনিয়োগকারী সরকারের কাছে (পিডিবি বা বিদ্যুৎ মন্ত্রণালয়) প্রস্তাব দেবেন। ওই প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করে গ্রহণযোগ্য বিবেচিত হলে কেন্দ্র স্থাপনে অনুমোদন দেওয়া হবে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ‘সরকারের গৃহীত নীতিমালা অনুযায়ী এখন যেকোনো উদ্যোক্তা বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব দিতে পারেন। তবে তাঁদের কাছ থেকে সর্বোচ্চ কতটুকু বিদ্যুৎ কেনা হবে এবং আনুষঙ্গিক বিষয় নির্ধারণের জন্য আমাদের একটি নীতিমালা তৈরি করতে হবে।’এসব কেন্দ্র থেকে সরকারি বিতরণ কোম্পানিগুলো বিইআরসির নির্ধারিত দামে বিদ্যুৎ কিনবে। এ জন্য বিইআরসি গত ২১ নভেম্বর দামও (অঞ্চলভিত্তিক বেঞ্চমার্ক বাল্ক ট্যারিফ) নির্ধারণ করেছে। এ ছাড়া বিনিয়োগকারী তৃতীয় পক্ষের কাছেও বিদ্যুৎ বিক্রি করতে পারবেন। সে ক্ষেত্রে উভয় পক্ষ মতৈক্যের ভিত্তিতে দাম নির্ধারণ করবে। এসব কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের জন্য ভাড়ার (হুইলিং চার্জ) বিনিময়ে সরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করা যাবে। তবে কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় জমির ব্যবস্থা করতে হবে বিনিয়োগকারীকে।জ্বালানির সংস্থানও বিনিয়োগকারীকেই করতে হবে। তবে সরকারি খাতের বিতরণ কোম্পানিগুলো এসব কেন্দ্র থেকে যে পরিমাণ বিদ্যুৎ কিনবে, সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহ করবে নিয়ন্ত্রিত দামে, যেমন করে থাকে ভাড়াভিত্তিক বা অন্যান্য বিদ্যুৎকেন্দ্রে।সরকার বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারীদের (আইপিপি, ক্ষুদ্র আইপিপি প্রভৃতি) বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় মৌলিক যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ আমদানি, করপোরেট আয়কর প্রদান ইত্যাদি ক্ষেত্রে যেসব সুবিধা দিয়ে থাকে, বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রেও তা একইভাবে দেওয়া হবে।এ সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ উৎপাদন খাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘পদক্ষেপটি প্রশংসনীয় ও দীর্ঘমেয়াদে ভালো ফল দেবে। বাজার অর্থনীতিতে সব কিছুই বাজারনির্ভর হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে বিদ্যুৎ ও জ্বালানির দাম তো বাজারনির্ভর নয়। সে জন্য দাম নিয়ে কিছুটা সমস্যা হতে পারে।’নির্ধারিত দাম: বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বিইআরসি তিন ধরনের জ্বালানিভিত্তিক কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের দাম নির্ধারণ করেছে। এক, ফার্নেস তেলচালিত কেন্দ্রের প্রতি ইউনিট (এক কিলোওয়াট/ঘণ্টা) বিদ্যুতের দাম ধরা হয়েছে সাত টাকা ৭৫ পয়সা। দুই, দ্বৈত জ্বালানিভিত্তিক কেন্দ্রের ক্ষেত্রে গ্যাস ব্যবহার করা হলে প্রতি ইউনিটের দাম হবে দুই টাকা ৭৭ পয়সা এবং ফার্নেস তেল ব্যবহার করা হলে প্রতি ইউনিটের দাম হবে সাত টাকা ৮৩ পয়সা। তিন, কয়লাচালিত কেন্দ্রের ক্ষেত্রে দেশীয় কয়লা ব্যবহারকারী খনিসংলগ্ন কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে চার টাকা নয় পয়সা। আমদানি করা কয়লাভিত্তিক হলে প্রতি ইউনিটের দাম হবে চার টাকা ৫১ পয়সা। এ ছাড়া দেশের মধ্যে নৌ-চলাচল এলাকায় আমদানি করা কয়লাভিত্তিক কেন্দ্রের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে চার টাকা ৯৭ পয়সা। বিইআরসি এই দাম সময় সময় পুনর্নির্ধারণ করতে পারবে। উল্লেখ্য, বিইআরসির কাছ থেকে লাইসেন্স গ্রহণকারী কোনো প্রতিষ্ঠানের আবেদন ছাড়া বিদ্যুৎ বা জ্বালানির দাম নির্ধারণের বিধান বিইআরসি আইন, ২০০৩-এ নেই। কিন্তু সরকার বিদ্যুৎ খাতে অধিকতর বিনিয়োগ আকর্ষণ ও বেসরকারি অংশগ্রহণ বাড়াতে ‘বেঞ্চমার্ক’ দাম নির্ধারণের জন্য বিইআরসিকে অনুরোধ করে। এ অবস্থায় বিইআরসি বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করে। এই কমিটির সুপারিশ, বিদ্যুৎ খাতে দেশীয় কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা, কারিগরি সভা ও উন্মুক্ত সভার ভিত্তিতে এই দাম নির্ধারণ করে।নীতিমালা: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে ‘মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসি’ নামে একটি নীতিমালা তৈরি করা হয়, যাতে দেশ-বিদেশের আগ্রহী অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ খাতে অযাচিত অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। পরে ওই নীতিমালাই ‘বিদ্যুৎ খাতে বেসরকারি অংশগ্রহণ নীতিমালা ২০০৮’ হিসেবে অভিহিত করা হয় এবং মূল নীতিমালাটি সংশোধন করে ‘বেঞ্চমার্ক ট্যারিফ’ নির্ধারণের বিষয়টি অন্তর্ভুক্ত করে জারি করা হয়। এই ‘বেঞ্চমার্ক ট্যারিফ’ দেখে কোনো বিনিয়োগকারী বিনিয়োগের আগেই যাচাই করে নেওয়ার সুযোগ পাবেন যে ওই বিনিয়োগ ঝুঁকিমুক্ত হবে কি না। মন্ত্রণালয় সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই প্রবাসী বাংলাদেশিসহ অনেক উদ্যোক্তা এখানে বিদ্যুৎ উৎপাদনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করে আসছেন। কিন্তু তাঁরা প্রচলিত দরপত্র-প্রক্রিয়ার দীর্ঘ আনুষ্ঠানিকতায় যেতে চান না। মৌখিক ও লিখিত অনেক প্রস্তাব এখনো আছে। তাঁদের সুযোগ করে দেওয়ার জন্যই সরকার বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পদক্ষেপটি নিয়েছে।