দেশে গতকাল বুধবার সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তিন হাজার ৭৯০ মেগাওয়াট, যা গত মঙ্গলবারের চেয়েও ১৩০ মেগাওয়াট কম। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে, গতকাল চাহিদা ছিল আগের দিনের সমান, পাঁচ হাজার ২৫০ মেগাওয়াট। তবে প্রকৃতপক্ষে এই চাহিদা ছিল প্রায় ছয় হাজার ২০০ মেগাওয়াট।জানা গেছে, বিদ্যুতের চাহিদা-উৎপাদনের বিস্তর ফারাকের কারণে গতকালও বিভিন্ন এলাকায় প্রতি এক ঘণ্টা পরপর লোডশেডিং করা হয়েছে। অফিস, বাজার, ব্যাংক, বিমা, বাসা, বাড়ি—সর্বত্র ছিল একই অবস্থা। এমনকি গভীর রাতেও ঘণ্টা ধরে চলে লোডশেডিং। রাজধানীর বাইরে কোনো কোনো এলাকায় টানা দু-তিন ঘণ্টাও লোডশেডিং হয়েছে। একই পরিমাণ লোডশেডিং অব্যাহত থাকায় গতকালও ডিপিডিসি, ডেসকো, পিডিবি, ওজোপাডিকো প্রভৃতি সংস্থাভুক্ত এলাকায়ই গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়। আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে।এদিকে মঙ্গলবার রাতে দুর্ঘটনার কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া সাতটি ইউনিটের মধ্যে ছয়টি গতকাল চালু ছিল। তবে উৎপাদন ছিল কিছু কম। ৩৪ মেগাওয়াট ক্ষমতার যে ইউনিটের কারেন্ট ট্রান্সফরমারে (সিটি) অগ্নিকাণ্ড ঘটেছিল, সেটি বন্ধ আছে। সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্রে এসব তথ্য জানা গেছে।ডিপিডিসির ব্যাখ্যা: গতকাল প্রথম আলোয় ‘এক ঘণ্টা বিদ্যুৎ, এক ঘণ্টা লোডশেডিং, ২৪ ঘণ্টা ভোগান্তি’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের ব্যাখ্যা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। ব্যাখ্যায় বলা হয়েছে, প্রকাশিত সংবাদে পরিচালক (অপারেশন) এফ এম ফরিদুল হককে উদ্ধৃত করে বলা হয়েছে, ডিপিডিসির প্রধান কার্যালয় ও সচিবালয়কে লোডশেডিংয়ের আওতায় আনতে হবে। আজ (মঙ্গলবার) সংস্থার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত করা হয়নি। তবে করতে হবে। প্রকৃতপক্ষে টেলিফোনে বলা হয়েছিল, গরমের কারণে যে হারে বিদ্যুৎ ব্যবহার বাড়ছে তাতে ডিপিডিসির প্রধান কার্যালয় ও সচিবালয়ে লোডশেডিং করতে হয় কি না, এ বিষয়ে পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। তবে করতে হবে কি না, তা ভবিষ্যত্ পরিস্থিতির ওপর নির্ভর করছে।ব্যাখ্যায় আরও বলা হয়, প্রকাশিত সংবাদে ডিপিডিসির সর্বোচ্চ চাহিদা বলা হয়েছে এক হাজার ৪০০ মেগাওয়াট। প্রকৃতপক্ষে ডিপিডিসির বর্তমান চাহিদা কমবেশি এক হাজার ২০০ মেগাওয়াট। এর মধ্যে স্টিল ও রি-রোলিং মিলগুলোয় ব্যবহূত ১৫০ মেগাওয়াট সর্বোচ্চ চাহিদার সময় সম্পূর্ণ বন্ধ থাকে বলে সর্বোচ্চ চাহিদা হয় এক হাজার ৫০ মেগাওয়াট। এর বিপরীতে পাওয়া যাচ্ছে ৬৫০ মেগাওয়াটের মতো।