বিদ্যুৎ উৎপাদন-ক্ষমতা আট হাজার ৩১৫ মেগাওয়াট
সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুতের দৈনিক উৎপাদন-ক্ষমতা আট হাজার ৩১৫ মেগাওয়াট। এর মধ্যে ৪৫ শতাংশ বিদ্যুত্ উৎপাদনের ক্ষমতা রয়েছে বেসরকারি খাতের। আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সাংসদ বজলুল হকের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের পক্ষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক এ কথা জানান। সাংসদ ফরিদুন্নাহার লাইলীর অপর এক প্রশ্নের জবাবে জানানো হয়, প্রতিদিন গড়ে বিদ্যুতের চাহিদা ছয় হাজার ৩০০ মেগাওয়াট। দৈনিক বিদ্যুতের ঘাটতি প্রায় ৩০০ থেকে ৫০০ মেগাওয়াট। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদকে জানান, শিল্প-কলকারখানায় বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে। বেশকিছু কারখানায় সংযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ আছে জানিয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন, প্রাধিকারের ভিত্তিতে সার ও বিদ্যুৎ খাতে গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে।বিএনপি দলীয় সাংসদ আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে সংসদে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, জাতীয় সম্প্রচার নীতিমালা তৈরি করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করার কোনো চেষ্টা সরকারের নেই। দেশে গণমাধ্যম পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করছে। মন্ত্রী বলেন, স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা ও নীতিবোধ গভীরভাবে জড়িত। পূর্ণ বাকস্বাধীনতার সুযোগে কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের চরিত্র হনন কারও কাম্য নয়। আদালত-সংক্রান্ত কোনো মন্তব্য করার বিষয়ে সাংবিধানিক সীমারেখা আছে। এটা পালন করা সাংবাদিকদের অপরিহার্য দায়িত্ব। এ জন্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে সম্প্রচার-সংক্রান্ত নীতিমালা আছে। এগুলো তারা কঠোরভাবে মানে। তাই গণমাধ্যম যেন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে সে জন্য সম্প্রচার নীতিমালা করা প্রয়োজন। সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ নীতিমালা করা হবে।সাংসদ নজরুল ইসলাম দেশের সারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ প্রসঙ্গে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বিষয়টি সরকার দেখছে। সারের উত্পাদন বাড়ানো হচ্ছে।পরে সম্পূরক প্রশ্ন করতে দাঁড়িয়ে শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, সারের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। দেশে সারের সংকট আছে। এ নিয়ে মন্ত্রণালয়কে সজাগ থাকতে হবে। গণমাধ্যমে সার নিয়ে সংবাদ হয়েছে। স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হবে।