বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, কমবে লোডশেডিং
বিদ্যুৎ উৎপাদন বাড়তে শুরু করেছে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়িয়ে দেওয়ায় এবং মেরামত-সংরক্ষণের জন্য বন্ধ থাকা কেন্দ্রগুলো চালু হতে শুরু করায় উৎপাদন বাড়ছে। এখন ঘাটতি এবং লোডশেডিংও কমে আসবে বলে আশা প্রকাশ করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র। সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো গতকাল শনিবার জানায়, শুক্রবার সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে চার হাজার ৩৮৩ মেগাওয়াট। কর্তৃপক্ষের দেওয়া হিসাবে গতকাল শনিবার চাহিদা ছিল পাঁচ হাজার ৩০০ মেগাওয়াট। আর এর বিপরীতে সম্ভাব্য উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল চার হাজার ৪৪৪ মেগাওয়াট। সরকারি হিসাবে ঘাটতি কমে এসেছে ৯০০ মেগাওয়াটের নিচে। আজ রোববার ঘোড়াশালে ১০০ মেগাওয়াট ক্ষমতার কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু হলে অবস্থার আরও উন্নতি হবে।পিডিবি সূত্র জানায়, মেরামত ও সংরক্ষণে থাকা বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটটি গত শুক্রবার রাতে চালু হয়েছে। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৫৫ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটিও গতকাল শনিবার রাতে চালু হওয়ার কথা। এ ছাড়া, সোমবার থেকে সারা দেশের সিএনজি স্টেশনগুলো বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধ রাখার কার্যক্রম শুরু হলে বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালি ব্যবহারের ক্ষেত্রে গ্যাসের সরবরাহ আরও বাড়বে। ফলে গ্যাস-বিদ্যুতের সমস্যা সহনীয় পর্যায়ে আসবে বলে সরকারি সূত্রগুলো আশা প্রকাশ করে।রোজার মাসে বিদ্যুৎ উৎপাদন অন্তত সাড়ে চার হাজার মেগাওয়াটে উন্নীত করার যে পরিকল্পনা ছিল আজ-কালের মধ্যে তা বাস্তবায়িত হবে বলেও সূত্রগুলো জানায়।