বিদ্যুৎ ও কৃষি খাতে বিদেশিদের বিনিয়োগের আহ্বান
বিদ্যুত্, অটোমোবাইল, সড়ক ও অবকাঠামো এবং কৃষি খাতসহ অন্য যেকোনো খাতে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. এ কে আজাদ। আজ রোববার এফবিসিসিআইয়ের সম্মেলনকক্ষে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।এ সময় এ কে আজাদ বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার পাঁচটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) বরাদ্দ রেখেছে। এখানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা থাকবে।সিলেট ও সিরাজগঞ্জের কথা উল্লেখ করে এ কে আজাদ বলেন, সিলেট অঞ্চলে শিল্পকারখানা গড়ে তুললে সহজে গ্যাস-সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে সিরাজগঞ্জ নদী-তীরবর্তী জেলা হওয়ায় সেখানেও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠতে পারে। এ ছাড়া সেখানে খুব শিগগির গ্যাস-সুবিধা পাওয়া যাবে বলে জানান তিনি। আর এ ক্ষেত্রে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এ কে আজাদ।কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদলের প্রধান ও সিআইআইর প্রেসিডেন্ট আদি গোদরেজ এ সময় বলেন, বৈশ্বিক অর্থনীতির মন্দাভাবের পরও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য।গোদরেজ আরও বলেন, উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল হিসেবে আমরা ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। এ ক্ষেত্রে বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ এবং শিক্ষা খাতে বিনিয়োগের ব্যাপারে সরকারের উচ্চমহলের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।আলোচনা সভায় আরও বক্তব্য দেন, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি জসীম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাতলুব আহমাদ ও কাজী আকরাম হোসেন।এ ছাড়া সিআইআইর প্রতিনিধিদলের মধ্যে বক্তব্য দেন সিআইআইর সাবেক চেয়ারম্যান শেখর দত্ত ও সিআইআইর ডিরেক্টর জেনারেল চন্দ্রজিত ব্যানার্জি।