সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় দিনাজপুর-৪ আসনের সাংসদ আবুল হাসান মাহমুদ আলী বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো রেলওয়েকে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার জাতীয় সংসদে উত্তরাঞ্চলের জনগণের যোগাযোগের ক্ষেত্রে রেলওয়ের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, ওই অঞ্চলে রেল বিপর্যয়ের মুখে পড়েছে।সাংসদ মাহমুদ আলী রেলওয়ের উন্নয়নে রেল-বাজেট প্রণয়ন করার প্রস্তাব দেন। সম্প্রতি উত্তরবঙ্গমুখী কয়েকটি ট্রেন বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।মাহমুদ আলী রেলওয়ের জন্য একজন চেয়ারম্যানের নেতৃত্বে রেলওয়ে বোর্ড চালু করার প্রস্তাব দেন। তিনি বলেন, এই বোর্ড অতীতে ছিল। বিশ্বের অন্যতম বৃহত্তম ও অগ্রসর রেল নেটওয়ার্কের দেশ ভারতেও তা আছে বলে উল্লেখ করেন এই সাংসদ। তিনি ইঞ্জিন ও যন্ত্রপাতি ক্রয় ও মেরামত এবং রেলচালক, মাস্টার ও গার্ড নিয়োগের প্রস্তাব করেন। সৈয়দপুর রেল কারখানা মেরামত এবং তা চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সরকারের কাছে আহ্বান জানান তিনি।গতকাল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আরও বেশ কয়েকজন সাংসদ প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আলোচনা করেন।বিল উত্থাপন: গতকাল সংসদে বাংলাদেশ পর্যটন বোর্ড বিল, ২০১০ উত্থাপিত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বিলটি উত্থাপন করেন। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।গতকাল সাংসদ সানজিদা খানম কিছুক্ষণের জন্য প্যানেল স্পিকার হিসেবে সংসদ পরিচালনা করেন। নবম সংসদে নারী সাংসদদের মধ্যে তিনিই প্রথম এই দায়িত্ব পালন করলেন।সংসদের বৈঠক আজ বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।