বিদ্যুৎ ও জ্বালানি খাতের ‘রোড শো’ শেষ
দেশের পিছিয়ে পড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সরকারের ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট কনফারেন্স অ্যান্ড রোড শো অন পাওয়ার অ্যান্ড এনার্জি প্রজেক্টস’ শিরোনামের তিনটি অনুষ্ঠান শেষ হয়েছে। গত ১৫-১৬ ডিসেম্বর লন্ডনে প্রথম অনুষ্ঠানটির পর ২৫-২৬ জানুয়ারি সিঙ্গাপুরে দ্বিতীয় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। তৃতীয় অনুষ্ঠানটি শেষ হয়েছে আজ শুক্রবার নিউইয়র্কে। তিনটি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে সরকারি প্রতিনিধিদল অংশ নেয়।বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তত ৩৫ হাজার কোটি টাকার (৫০০ কোটি মার্কিন ডলার) প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনার উদ্দেশ্যে এ তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ জন্য অনুষ্ঠানগুলোতে যেসব প্রকল্প উপস্থাপন করা হয়েছে, তার মধ্যে গ্যাস, তেল, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রায় চার হাজার মেগাওয়াট উত্পাদন ক্ষমতার বিদ্যুৎ প্রকল্প রয়েছে। এ প্রকল্পগুলো হচ্ছে, বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াটের গ্যাসভিত্তিক দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র, মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট দ্বৈত জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ভোলায় ১৫০ থেকে ২২৫ মেগাওয়াটের গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সাভারে ১০০ মেগাওয়াটের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্র, কালিয়াকৈরে ১০০ মেগাওয়াটের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্র এবং খুলনা ও চট্টগ্রামে আমদানি করা কয়লাভিত্তিক চারটি বিদ্যুৎ কেন্দ্র—এগুলোর মোট উৎপাদন ক্ষমতা হবে দুই হাজার থেকে দুই হাজার ৬০০ মেগাওয়াট। সরকারি সূত্র জানায়, নিউইয়র্কের ম্যারিয়ট মার্কুইজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ৭৮টি প্রতিষ্ঠানের ১৬০ জন প্রতিনিধি অংশ নেন। এর মধ্যে ৩৮টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে সরকারি প্রতিনিধিদলের ‘একান্ত (ওয়ান টু ওয়ান) আলোচনা’ হয়েছে। এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিমেন্স, হলস্ট্যাড, এইএস, ক্যাটারপিলার, কনোকো ফিলিপস, গোল্ডস্টার এনার্জি এবং মর্গান স্ট্যানলি ও এইচএসবিসির মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।সিঙ্গাপুরের অনুষ্ঠানে ৯০টি কোম্পানির ১৪০ জন প্রতিনিধি অংশ নেন বলে উল্লেখ করে সরকারি সূত্র জানায়, এখানে ২৬টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে সরকারি প্রতিনিধিদলের একান্ত আলোচনা হয়েছে। অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে ছিল এইএস, কনোকো ফিলিপস, শেভরন, সুমিতোমো করপোরেশন, বিপি, পেট্রোনাস, চায়না পাওয়ার ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এবং চায়না হুয়াদিয়ান হংকং কোম্পানি লিমিটেড।লন্ডনের অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ২২টিসহ মোট ৭৮টি কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ৩০টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে সরকারি প্রতিনিধিদলের একান্ত আলোচনা হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। এখানে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য কোম্পানিগুলো ছিল সিমেন্স, সিডিসি গ্লোবালেক, ইনডিপেন্ডেন্ট পাওয়ার করপোরেশন, রোলস রয়েস, ওয়ার্টসিলা এবং বিশ্বব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিডিসিসহ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।