সংসদের চলতি অধিবেশনে পাস হওয়া ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন’ বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, এ আইন জনস্বার্থবিরোধী। এটি লুটপাটের একটি হাতিয়ার। এ আইনের মাধ্যমে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনটি ৩ অক্টোবর সংসদে পাস হয়। এ আইনের বলে সরকার ও সরকারি মালিকানার প্রতিষ্ঠান প্রয়োজনে বিদেশ থেকে বিদ্যুৎ বা জ্বালানির আমদানি ও তার সঞ্চালন, পরিবহন এবং বিপণনসংক্রান্ত পরিকল্পনার প্রস্তাব গ্রহণ করতে পারবে। এ আইনের অধীনে কোনো কার্য, ব্যবস্থা, প্রদত্ত আদেশ বা নির্দেশের বৈধতা নিয়ে আদালতের কাছে আশ্রয় নেওয়া যাবে না। একই সঙ্গে ওই সব কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর কোনো দায় চাপানো যাবে না। প্রধান বিরোধী দল বিএনপি সংসদ বর্জন করে আসছে। বিলটি পাসের সময়ও তারা সংসদে ছিল না। গতকাল সংবাদ সম্মেলন ডেকে নতুন আইনটি সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই আইনে ৯ ও ১০ ধারায় আদালতে প্রশ্ন না তোলার এবং দায়মুক্তির যেসব বিধান রাখা হয়েছে, তা আপত্তিকর। সংবিধান এ ধরনের আইন করার কোনো অধিকার কাউকে দেয়নি। এর মাধ্যমে জনগণের কাছে জবাবদিহির যে গণতান্ত্রিক সংস্কৃতি, তা বিনষ্ট হচ্ছে।ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে দেশের অর্থের অপচয় হচ্ছে বলে অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেন, বিনা দরপত্রে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়ে এ খাত থেকে বড় ধরনের দুর্নীতির দিকে হাত বাড়াচ্ছে সরকার। সংবিধান পুনর্মুদ্রণে দ্বিমত: শিগগিরই সংবিধান পুনর্মুদ্রণ করার ব্যাপারে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘সংসদ ছাড়া সংবিধান পুনর্মুদ্রণের ব্যাপারে আইনমন্ত্রী যা বলেছেন, তার সঙ্গে বিএনপি একমত হতে পারছে না। একজন আইনজীবী হিসেবে আইনমন্ত্রী কেন এমন কথা বলছেন, তা আমি বুঝতে পারছি না।’প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার বলেন, সংসদ ছাড়া সংবিধান পুনর্মুদ্রণ সংবিধানের বিরোধী। বিচারপতিরা সংবিধানের ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু তা সংবিধানের অংশ হবে সংসদের মাধ্যমে।বিএনপি সংসদে গিয়ে এসব বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবে কি না, এ প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার বলেন, সবাই বিএনপিকে সংসদে যাওয়ার কথা বলে। বিএনপি সংসদে গিয়েছে, এখনো যেতে চায়। কিন্তু কথা বলতে না দিলে গিয়ে কী লাভ। তিনি বলেন, বিএনপির দেওয়া সব মুলতবি প্রস্তাব বাতিল করে দেওয়া হচ্ছে। একটি অন্তত গ্রহণ করে তো তারা আলোচনার জন্য বিরোধী দলকে সংসদে আসতে বলতে পারে।