বিদ্যুৎ ও তেলের দাম বাড়ালে হরতাল দেবে বাম মোর্চা
বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ালে হরতালসহ কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। একই সঙ্গে গত ৩০ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার বিচার দাবি করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের নেতারা এসব ঘোষণা দেন। আন্দোলনে জনগণের সংশ্লিষ্টতা বাড়াতে ৪ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী প্রতিটি জেলায় গণসংযোগ এবং ঢাকার বিভিন্ন থানায় প্রচার পদযাত্রা কর্মসূচি পালন করবে সংগঠনটি। সমাবেশে বাম মোর্চার নেতারা বলেন, রাষ্ট্রীয় বৃহত্ বিদ্যুৎ প্লান্টগুলোর নবায়ন ও মেরামত না করে কুইক রেন্টাল ও ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্র থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্তের ফলে বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। ইতিমধ্যে ছয়বার দাম বাড়িয়ে আবারও দাম বাড়ানোর তৎপরতা চালাচ্ছে। একইভাবে আইএমএফের নির্দেশে বারবার গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। এর ফলাফলে জিনিসপত্রের দাম, পরিবহন-ব্যয়সহ একদিকে জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে সব উৎপাদন খাতের ওপরে মারাত্মক কুপ্রভাব ফেলছে।নেতারা আরও বলেন, গত ৩০ ডিসেম্বরের ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাম মোর্চার সংগঠক ও ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত মল্লিকের পায়ে রাইফেল ঠেকিয়ে গুলি করেছে। হামলায় বাম মোর্চার কেন্দ্রীয় নেতা সাইফুল হক, বহ্নিশিখা জামালীসহ ২০ জনেরও অধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। এই হামলা সরকারের ফ্যাসিবাদী দমননীতিরই বহিঃপ্রকাশ। বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।