বিদ্যুৎ ও পানিসংকটের জন্য বিগত সরকারগুলোই দায়ী: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও পানির চলমান সংকটের জন্য বিগত চারদলীয় জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিদ্যুৎ ও পানির দাবিতে আন্দোলন করলে বিগত সরকারগুলোর বিরুদ্ধেই করা উচিত। তিনি আজ বৃহস্পতিবার সায়েদাবাদে ঢাকা ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।প্রকল্পটির অধীনে সায়েদাবাদের গোলাপবাগে নির্মিত প্রথম শোধনাগারটির মাধ্যমে ঢাকা ওয়াসা প্রতিদিন সাড়ে ২২ কোটি লিটার পানি পরিশোধন করে থাকে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে সায়েদাবাদে আরেকটি পানি শোধনাগারের নির্মাণকাজ শেষ হলে ঢাকা ওয়াসা আরও সাড়ে ২২ কোটি লিটার পানি পরিশোধনের মাধ্যমে ব্যবহার উপযোগী করতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৭ সালে একই জায়গায় দাঁড়িয়ে ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করেছিলাম। আজ ১৩ বছর পর আবার দ্বিতীয় পর্যায়ের কাজ উদ্বোধন করতে এলাম। এত বছরে দ্বিতীয় পর্যায়ের কাজও শুরু করা গেল না কেন, আমার প্রশ্ন এখানেই।’ প্রধানমন্ত্রী বলেন, প্রতিনিয়ত দেশে বিদ্যুৎ ও পানির চাহিদা বাড়ছে। অথচ বিগত সরকারগুলো চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও পানির উত্পাদন বৃদ্ধির জন্য কোনো বাস্তব পদক্ষেপই নেয়নি। বর্তমান সরকার এ সংকটের বোঝা মাথায় নিয়ে ক্ষমতায় এসেছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘২০০১ সালে আগেরবার সরকারে থাকাকালীন আমরা চার হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে রেখে এসেছিলাম। আজ আট বছর পরে এসে দেখা যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন তো বাড়েইনি, বরং কমেছে।’ তিনি সায়েদাবাদের পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় পর্যায় এবং পাগলায় পদ্মা নদীর পানি পরিশোধনের জন্য একটি পানি শোধনাগার স্থাপনের কাজও বর্তমান সরকারের আমলে শুরু হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূগর্ভস্থ পানির উত্তোলন ও ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ভূগর্ভস্থ পানি অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। তিনি নদীর পানি পরিশোধন ও বৃষ্টির পানি সংরক্ষণের পর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নদীর পানিদূষণ রোধ করার জন্য শিল্পমালিক থেকে শুরু করে সাধারণ জনগণ— সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, নদীমাতৃক এ দেশে সুপেয় পানির কোনো সংকট হওয়ার কথা নয়। কিন্তু তার পরও দূষণ, দখল ও অব্যবস্থাপনার ফলে আমাদের দেশে পানির এই তীব্র সংকট দেখা দিয়েছে। সেবা খাতের উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য সম্ভব সব ধরনের পদক্ষেপ হাতে নিয়েছি।’ তিনি বিদ্যুত্ ও পানির সংকট মোকাবিলায় সবার প্রতি বিদ্যুৎ ও পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী পানিসংকট দূর করার জন্য ঢাকার চারপাশের নদীগুলো পুনরুদ্ধারের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সরকারসচিব মঞ্জুর হোসেন, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান।