ঢাকা বিশ্ববিদ্যালয়
বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির দাবিতে কুয়েত মৈত্রী হলে ছাত্রীদের বিক্ষোভ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার রাত নয়টায় হল থেকে বেরিয়ে তাঁরা রাস্তায় অবস্থান নেন। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এসব সমস্যা বারবার বলার পরও সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।হলের একাধিক ছাত্রী প্রথম আলোকে জানান, টানা লোডশেডিংয়ের কারণে পড়াশোনা করা যায় না। পরীক্ষা থাকলেও প্রস্তুতি ঠিকমতো নেওয়া সম্ভব হয় না। এ ছাড়া দিনভর ক্লাস শেষে হলে এসে বিশ্রাম নেওয়ারও কোনো সুযোগ নেই। হলের দুর্গন্ধযুক্ত পানিও ব্যবহার উপযোগী নয়। ছাত্রীরা আরও অভিযোগ করেন, মূল ক্যাম্পাস থেকে আলাদা হওয়ায় তাঁদের সমস্যার শেষ নেই। বছরজুড়েই এসব সমস্যা থাকে।হলের প্রাধ্যক্ষ ফরিদা বেগম প্রথম আলোকে বলেন, সমস্যাগুলো সমাধানে কর্তৃপক্ষ আন্তরিক। ইতিমধ্যে দিনে দুই হাজার লিটার বিশুদ্ধ পানি কলাভবন থেকে সরবরাহ করা হচ্ছে। বিদ্যুতের ব্যাপারে ডেসাকে বলা হয়েছে। তাঁরা সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা বলেছে।