বিদ্যুৎ খাতকে অধিকতর গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বেসরকারি খাতকে উৎসাহিত করা এবং সেই খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করাসহ নানা পরামর্শ দিয়েছে।আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বিদ্যুৎ-সংকট সমাধানসহ নানা দাবিতে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন।লিখিত বক্তব্যে মুজাহিদ বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের আমলে দেশে বিদ্যুৎ উত্পাদন ক্ষমতা বেড়েছিল এক হাজার ১১৭ মেগাওয়াট। সরকার বিদ্যুত্-সমস্যার জন্য চারদলীয় জোটকে দায়ী করে যে বক্তব্য দিচ্ছে, তা পুরোপুরি অন্যায় ও অযৌক্তিক।‘চার দলীয় জোট সরকারের আমলে যে বিদ্যুৎেকন্দ্রগুলো উদ্বোধন করা হয়, তার প্রায় সবই এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে কাজ শুরু হয়েছিল। ক্ষমতায় থাকাকালে আপনারা কোথায়, কয়টা বিদ্যুৎেকন্দ্র করেছেন’—জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘বড়পুকুরিয়ায় (দিনাজপুর) ১৯৯১ সালে বিদ্যুৎেকন্দ্রের কাজ শুরু হয়েছিল। জোট সরকারের আমলে তা পূর্ণতা দেওয়া হয়। সিরাজগঞ্জের বাঘাবাড়িতেও একটি করা হয়েছে জোটের আমলে। আরও বিস্তারিত জানানো সম্ভব হবে, যদি আপনারা প্রয়োজন মনে করেন।’মুজাহিদ বলেন, ‘আমরা তো বলিনি, আমরা এককভাবে করেছি। বিগত সরকারের ধারাবাহিকতা অবশ্যই ছিল। কিন্তু বর্তমান সরকার তো বলছে, আমরা কিছুই করিনি।’আপনারা কয়টা বিদ্যুৎেকন্দ্র করেছেন, স্পষ্ট করে তো বললেন না—এ মন্তব্যের জবাবে মুজাহিদ বলেন, ‘আমি বলেছি, আপনাকে দেব আমি...মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি সিলেটে ৫১ মেগাওয়াটের যে বিদ্যুৎেকন্দ্র উদ্বোধন করেছেন, তাও চারদলীয় জোটের প্রকল্প।’মুজাহিদ বলেন, ‘যে সরকার চলে গেছে, সে তো চলে গেছে। আপনারাও একটু সহযোগিতা করেন।... সব দোষ যেন চারদলীয় জোটের ওপর ছেড়ে দিয়ে সরকার ঘুমিয়ে না থাকে।’ভোলা-৩ আসনে উপনির্বাচন নিয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জামায়াত নেতা বলেন, ‘আমরা সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করব। আমরা কামনা করছি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। মাগুরা উপনির্বাচনকে (১৯৯৪ সালে) কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে, সেই পরিস্থিতি যেন তৈরি না হয়।’মুজাহিদ বলেন, ‘সরকার নির্বাচনের নামে যদি প্রহসন করে, তাহলে আমরা আমাদের বক্তব্য দেব।’কর্মসূচি: আজ মুজাহিদ ঘোষিত কর্মসূচির মধ্যে আছে আগামীকাল বুধবার সারা দেশে গণসংযোগ অভিযান উদ্বোধন, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল পানি, বিদ্যুৎ ও গ্যাস-সমস্যা সমাধানের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোলটেবিল, মানববন্ধন, সভা-সমাবেশ, সেমিনার ও আলোচনা সভা, ২৯ এপ্রিল পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে দাবি দিবস পালন, ১ মে মে দিবস পালন, ৫ মে নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ দিবস, ১০ মে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ দিবস পালন এবং ১৫ মে মহানগর ও জেলা কেন্দ্রে ওলামা সমাবেশ।