ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন
বিদ্যুৎ খাতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বিদ্যুৎ-সংকট মোকাবিলায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তিনি প্রবাসীদের উৎপাদনশীল খাত, বিশেষ করে বিদ্যুৎ খাতে বিনিয়োগ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে কৃষকদের আরও ভর্তুকি দেওয়া হবে।গতকাল শনিবার সিলেটের ফেঞ্চুগঞ্জে বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিকস লিমিটেডের ফেঞ্চুগঞ্জ ৫১ মেগাওয়াট ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রথমবারের মতো সিলেট সফরে আসেন। বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী ফেঞ্চুগঞ্জে পৌঁছান। বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন শেষে মঞ্চে গিয়ে তিনি বক্তৃতা করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বোরো মৌসুমে কৃষির ফলন নিশ্চিত করতে আমরা সেচকাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিয়েছি। গত বছরও সেচপাম্পে এভাবে বিদ্যুৎ সরবরাহ করে আমরা বাম্পার ফলন নিশ্চিত করেছিলাম। ঢাকার কল-কারখানা বন্ধ রেখে সেচের ব্যবস্থা নেওয়ায় শহরের মানুষের সাময়িক কষ্ট হচ্ছে। তবু আমরা কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছি।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ-গ্যাসের মতো খাতে খুব দ্রুত সমস্যার সমাধান সম্ভব নয়। জনগণের কষ্ট হচ্ছে জানি, কিন্তু এটা এমন এক খাত, যেখানে রাতারাতি কোনো কিছু করা যায় না। আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০১৩ সালের মধ্যে সাত হাজার এবং ২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ পরিকল্পনার আওতায় বেসরকারি খাতে প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে ভাড়াভিত্তিক এবং সরকারি খাতে মোট এক হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে। এগুলোর নির্মাণকাজ চলছে। দুই মাসের মধ্যে আরও প্রায় এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের কার্যাদেশ দেওয়া হবে।’সবাইকে সৌরবিদ্যুৎ ব্যবহারের অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সরকারি অফিস ও শহরের বাড়িঘরে আমরা সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিয়েছি। যেসব এলাকায় লাইনের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানো দুষ্কর, সেখানে সৌরবিদ্যুৎ ব্যবহারের অনুরোধ জানাচ্ছি।’প্রধানমন্ত্রী বলেন, সিলেট অঞ্চলের প্রবাসীরা দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বর্তমান সরকার মনে করে, প্রবাসীরা দেশের উন্নয়নমূলক খাতে বেশি করে বিনোয়োগ করবেন।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, স্থানীয় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিকস লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, চিফ হুইপ আবদুস শহীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মুহিবুর রহমান, ইমরান আহমদ, হাফিজ আহমদ মজুমদার ও সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক।টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি: বিকেল চারটায় প্রধানমন্ত্রী সিলেটের সাংসদ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে দলীয় নেতাদের বক্তব্য শোনার পর শেখ হাসিনা বলেন, কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ্য করা হবে না। টেন্ডারবাজ ও চাঁদাবাজদের দলে রাখা হবে না।প্রধানমন্ত্রী বলেন, ‘সিলেটের ছাত্রলীগ সম্পর্কে পত্রপত্রিকায় যে ধরনের সংবাদ দেখি, তা আর দেখতে চাই না। প্রকৃত ছাত্ররাই ছাত্রলীগ করবে। আদু ভাই আর আঙ্কেলদের দিয়ে ছাত্রলীগ হবে না।’মতবিনিময় সভায় সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস জহির চৌধুরী, মৌলভীবাজারের সাবেক সাংসদ আজিজুর রহমান, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবদুল খালিক, আসাদউদ্দিন আহমদ, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার বক্তৃতা দেন। এ সময় সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।