বিদ্যুৎ খাতে বাংলাদেশ ভারত সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতা শুধু দুই দেশের মধ্যে গ্রিড সংযোগ এবং বিদ্যুত্ আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এই সহযোগিতা পুরোনো বিদ্যুৎকেন্দ্র নবায়ন, যৌথ উদ্যোগে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন, এমনকি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের মতো এ দেশের বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়নে সম্প্রসারিত হতে পারে।দুই দেশের বিদ্যুত্সচিব পর্যায়ের যৌথ স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভার প্রাক্কালে গতকাল বৃহস্পতিবার উভয় পক্ষের কাছ থেকে এ তথ্য জানা গেছে। স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার।উভয় দেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ কারিগরি কমিটি ও যৌথ ওয়ার্কিং কমিটির মধ্যে গতকাল থেকে আলোচনা শুরু হয়েছে। এর অংশ হিসেবে ভারতীয় প্রতিনিধিদল সন্ধ্যায় বিদ্যুত্ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হকের সঙ্গে সাক্ষাৎ করে।গতকাল সন্ধ্যায় বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এ সাক্ষাত্পর্ব শুরু হয়। সন্ধ্যা সাতটার দিকে তা শেষ হওয়ার পর সভাস্থলে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে বিদ্যুত্ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যকার সহযোগিতার ভিত্তি হবে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ)। এর ভিত্তিতে কী কী কাজ আমরা করতে পারি, তা নিয়ে আলাপ-আলোচনা হবে।’সেখানে ভারতীয় প্রতিনিধিদলের নেতা সে দেশের বিদ্যুত্সচিব এইচ এস ব্রহ্ম প্রথম আলোর এক প্রশ্নের জবাবে বলেন, বিদ্যুত্ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করতে ভারতের কোনো সমস্যা নেই। তিনি বলেন, ‘আমরা এখন বিদ্যুত্ সরবরাহ করছি এক লাখ ৫৬ হাজার মেগাওয়াট। চলতি বছর আরও ১০ হাজার এবং আগামী বছর আরও ২৪ হাজার মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হবে।’আরেক প্রশ্নের জবাবে এইচ এস ব্রহ্ম বলেন, ‘দুই দেশের মধ্যে লেনদেন করা বিদ্যুতের দাম, সঞ্চালন ব্যয় (হুইলিং চার্জ) এবং অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করব।’গতকালের আলোচনা এবং আজকের স্টিয়ারিং কমিটির বৈঠকের সম্ভাব্য আলোচ্য সম্পর্কে জানতে চাইলে বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আলোচনার একটি বিষয় তো অবশ্যই বিদ্যুত্ আনা-নেওয়ার জন্য গ্রিড সংযোগের ব্যয়ের অঙ্ক, অর্থের সম্ভাব্য উত্সসহ যাবতীয় খুঁটিনাটি বিষয়। এ ছাড়া আমাদের পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলোর আপগ্রেডেশন (নবায়ন) এবং যৌথ উদ্যোগে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়েও ওয়ার্কিং কমিটি ও কারিগরি কমিটিতে আলোচনা হচ্ছে। স্টিয়ারিং কমিটিতেও এসব বিষয়ে আলোচনা হতে পারে। এই কাজগুলো করা আমাদের জন্য জরুরি। আর ভারত এসব কাজে সহযোগিতা করতে পারে।’গতকাল সন্ধ্যার বৈঠকের একটি সূত্র জানায়, বাংলাদেশ এলএনজি টার্মিনাল স্থাপন প্রকল্প ‘রোড শো’তে নিয়ে গেছে শুনে ভারতীয় পক্ষ থেকে বলা হয়, ভারতের তিনটি স্থানে তারা টার্মিনাল স্থাপন করে এলএনজি আমদানি করছে। এ ব্যাপারে তারা বাংলাদেশকে কারিগরি সহায়তা দিতে পারে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ১১ জানুয়ারি দুই দেশের মধ্যে বিদ্যুত্ খাতে সহযোগিতার লক্ষ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়। সে অনুযায়ী তখন দিল্লিতে দুই দেশের বিদ্যুত্সচিবের নেতৃত্বে গঠিত যৌথ স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করে গ্রিড সংযোগের সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করে। পরে বাংলাদেশের একটি কারিগরি দল ভারত সফর করেছে। আজ হচ্ছে স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভা। একই সঙ্গে যৌথ কারিগরি কমিটি ও ওয়ার্কিং কমিটিরও সভা হচ্ছে।ভারতীয় ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল ছাড়াও বেসরকারি খাতের আম্বানি, টাটা প্রভৃতি শীর্ষস্থানীয় গ্রুপের কয়েকজন প্রতিনিধিও বাংলাদেশে এসেছেন। তবে তাঁদের কাউকে গতকাল পাওয়া যায়নি। দুই দেশের মধ্যে এবারের বৈঠকের পরই চলতি মাসের শেষ বা আগামী মাসের শুরুতে গ্রিড লাইন নির্মাণের দরপত্র আহ্বান করা হবে। জুন-জুলাই মাসে দেওয়া হবে কার্যাদেশ। এর পরবর্তী দেড়-দুই বছরের মধ্যে বিদ্যুত্ আদান-প্রদান শুরু হবে।