বিদ্যুৎ-গ্যাস ছাড়াই চলছে নগরায়ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে বাড়ছে মানুষ, কিন্তু বাড়ছে না সেবা সংস্থাগুলোর সেবার উপাদান-উপকরণ। তাই চাহিদা ও জোগানের ঘাটতির পাল্লায় পড়ে গ্যাস ও বিদ্যুতের সেবা দিতে হিমশিম খাচ্ছে ডিপিডিসি, ডেসকো ও তিতাস গ্যাস। নগরে গ্যাস ও বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া স্থগিত করেছে সরকার। কিন্তু নগরের নতুন অবকাঠামো নির্মাণ চলছেই। নির্মাণাধীন এই ভবনগুলো নিয়ে বিপাকেই পড়েছেন ভবনমালিকেরা। নতুন করে বিদ্যুৎ বা গ্যাসের সংযোগ দেওয়ার ব্যাপারে আশাবাদও দিতে পারছে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। আর বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস ও বিদ্যুতের সংযোগ না দিয়ে নগরে নতুন ভবন গড়তে দেওয়াটা অপরিকল্পিত নগরায়ণের চূড়ান্ত দৃষ্টান্ত।তিতাসের বদলে সিলিন্ডারের গ্যাসউত্তরার কামারপাড়ায় আধা-পাকা টিনের চালার বাড়ি করেছেন কল্যাণপুরের শহীদুল ইসলাম। তিন বছর ধরে সেখানে ভাড়াটেরা থাকছেন। বাড়িতে রান্নাঘর রয়েছে। তবে গ্যাসের সরবরাহ না থাকায় কেরোসিনের চুলায় রান্নার কাজ সারেন ভাড়াটেরা। গত জুনে বাড়িতে গ্যাসের সংযোগ আনার উদ্যোগ নেন শহীদুল। কিন্তু গত জুলাইয়ের মাঝামাঝি থেকে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড কোনো আবাসিক গ্রাহককে গ্যাসের নতুন সংযোগ দিচ্ছে না। তাই শহীদুলের বাড়িতে গ্যাস সরবরাহের বিষয়টি এখন ঝুলে আছে। নগরের টিনের বাড়ি থেকে অভিজাত ভবন—কোথাও গ্যাসের নতুন সংযোগ দিচ্ছে না তিতাস।গ্যাসের সংযোগ না থাকায় রেডি ফ্ল্যাটে উঠতে পারছেন না অনেকে। এ বিষয়ে একটি ভবন নির্মাতা প্রতিষ্ঠানে কর্মরত সাইট ইঞ্জিনিয়ার জয়রাম সেন জানান, উত্তরা ও বনানীতে তাঁদের একাধিক ভবনের সব কাজ শেষ হয়ে গেছে। কিন্তু গ্যাসের সংযোগ না থাকায় তাঁরা ফ্ল্যাট ক্রেতাদের সেগুলোয় ওঠাতে পারছেন না।আবাসিক ভবনে নতুন করে গ্যাসের সংযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো আশার কথাও শোনাতে পারলেন না তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান। তিনি জানান, বিগত চার দশকে এ দেশে অবাধে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়েছে। এখন উৎপাদনের তুলনায় চাহিদা অনেক বেড়েছে। তাই সরকার গ্যাস ব্যবহারের লাগাম টেনে ধরেছে। এখন পর্যন্ত অবস্থা অনুযায়ী, সরকার আবার সিদ্ধান্ত নিলে তবেই বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ দেওয়া যাবে। আর যাঁরা আগেই তিতাসে ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছিলেন, তাঁদের ব্যাপারে সরকার কী সিদ্ধান্ত নেয়, সেই অপেক্ষায় আছে তিতাস।গ্যাসের সংযোগ না থাকায় যাঁরা নতুন ফ্ল্যাটে উঠতে পারছেন না, তাঁদের প্রতি তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের পরামর্শ হচ্ছে, তাঁরা যেন সিলিন্ডার গ্যাস কিনে চুলা সচল করেন। কেননা, সরকার এখন প্রাকৃতিক গ্যাসের আবাসিক ব্যবহারের অপচয় কমাতে চাইছে। এই গ্যাস বিদ্যুৎ-সারের মতো উৎপাদনশীল খাতে কাজে লাগানোর দিকে নজর দেওয়া হচ্ছে।বিদ্যুৎ দিতে অপারগ ডিপিডিসি-ডেসকোঅভিজাত সব ভবন গড়ে উঠছে মিরপুর ডিওএইচএসে। এগুলোরই একটা দাঁড়িয়ে আছে ৯ নম্বর সড়কের ২৫৮ নম্বর প্লটে। এখানে কিছু ফ্ল্যাটে লোক উঠেছেন, আর কিছু ফ্ল্যাটে লোক উঠতে দেওয়া হচ্ছে না। এর কারণ জানালেন ভবনটি নির্মাণের সঙ্গে জড়িত ভবন নির্মাতা প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার কামরুল আহসান। ‘সরকার বিদ্যুতের নতুন সংযোগ দিচ্ছে না। তাই ভবনের জন্য তিন ফেজের বিদ্যুতের লাইন নেওয়া যাচ্ছে না। এখন দুই ফেজের লাইন দিয়ে কাজ চালানো হচ্ছে। কিন্তু এর লোড কম। আর কোনো ফ্ল্যাটে লোক উঠলে পুরো লাইন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই লাইনটা আবার ভবন নির্মাণের সময় কমার্শিয়াল লাইন হিসেবে নেওয়া। তাই আবাসিকের চেয়ে দ্বিগুণ বিদ্যুৎ বিল দিতে হচ্ছে।’বিদ্যুতের অভাবে ফ্ল্যাটে উঠতে না পেরে অনেককে আবার বাসা ভাড়া গুনতে হচ্ছে, আবার ফ্ল্যাটের জন্য নেওয়া ব্যাংকঋণও দিতে হচ্ছে। এমন জের টানছেন নাম প্রকাশে অনিচ্ছুক শান্তিনগরের একজন বাসিন্দা। তিনি জানান, মে মাসে তাঁর ফ্ল্যাটের সব কাজ শেষ। মে বা জুন মাসে তিনি ফ্ল্যাটে উঠতে পারতেন। কিন্তু বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় অক্টোবর মাসেও ফ্ল্যাটে উঠতে পারছেন না। একদিকে মাসে মাসে দিতে হচ্ছে বাসা ভাড়া, অন্যদিকে শোধ করতে হচ্ছে ব্যাংকঋণ। এখন অপেক্ষায় আছেন ফ্ল্যাটে কবে বিদ্যুৎ-সংযোগ পাওয়া যাবে।অভিজাত ফ্ল্যাট কিংবা বিবর্ণ টিনের বাড়ি করে নগরের যাঁরা এখন নতুন বিদ্যুৎ-সংযোগ পাওয়ার অপেক্ষায় আছেন, তাঁদের অপেক্ষার প্রহর শেষ হতে পারে ১ নভেম্বর। কারণ, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন থেকে আবার আবাসিক গ্রাহকেরা বিদ্যুতের নতুন সংযোগ পাবেন। তবে এ সিদ্ধান্ত ঠিক থাকবে কি না, তার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড ও ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেডের কর্মকর্তারা। কেননা, প্রথম দফায় এপ্রিল, মে, জুন; দ্বিতীয় দফায় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং তৃতীয় দফায় অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে বিদ্যুতের নতুন সংযোগ না দেওয়ার সরকারি সিদ্ধান্ত।তবু নির্মাণ থেমে নেইসরকারের সিদ্ধান্তে ডিপিডিসি, ডেসকো ও তিতাস নতুন গ্রাহক না নিলেও নগরে ভবন নির্মাণ থেমে নেই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে নকশা অনুমোদন নিয়ে নতুন নতুন ভবন তৈরির কাজ চলছে নগরে। যাঁরা আবার নতুন ভবন নির্মাণে হাত দিতে চাইছেন, তাঁরা শর্ত পূরণ করে এখনো রাজউক থেকে নকশার অনুমোদন পাচ্ছেন। সেই নকশায় গ্যাস ও বিদ্যুতের সরবরাহব্যবস্থার তথ্যও থাকছে। ভবন নির্মাণ করতে দেওয়া হচ্ছে, অথচ গ্যাস ও বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে না; এ প্রসঙ্গে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান বলেন, গ্যাস, বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি সাময়িক। এ জন্য ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া যায় না। নির্মাণকাজ বন্ধ করে দিলে তো দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।গ্যাস, বিদ্যুতের নতুন সংযোগ বন্ধ থাকায় নির্মাণ ব্যবসায় কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) অর্গানাইজার সেক্রেটারি আক্তার বিশ্বাস। তিনি বলেন, নির্মাণ খাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই খাত থেকে সরকার অনেক রাজস্ব পাচ্ছে। তাই গ্যাস ও বিদ্যুতের সমস্যা সরকারকেই সমাধান করতে হবে। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে নির্মাণ ব্যবসায়ীরা আশা করছেন। তবে তিতাসের গ্যাসের বদলে সিলিন্ডারের গ্যাস কিংবা ডিপিডিসি, ডেসকোর বিদ্যুতের বিকল্প হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার নির্মাণ খাতের অনিশ্চয়তা দূর করতে পারবে না বলে তিনি মনে করেন।এদিকে গ্যাস, বিদ্যুতের অনিশ্চয়তার মধ্যেও এগিয়ে চলছে রাজউকের গৃহায়ণ প্রকল্প। এর মধ্যে অন্যতম হচ্ছে পূর্বাচল প্রকল্প। এ প্রসঙ্গে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান বলেন, পূর্বাচল প্রকল্পে পুরোদমে বাড়িঘর তৈরি হতে আরও কয়েক বছর সময় লাগবে। সরকার বলছে, উৎপাদন বাড়ার ফলে ২০১২-১৩ সালের মধ্যে বর্তমান গ্যাস ও বিদ্যুতের সংকট কেটে যাবে। তাই পূর্বাচল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না।সমাধান কোথায়?নগরে নতুন ভবন তৈরির বর্তমান কর্মকাণ্ডকে ঠিক সমর্থন দিতে পারছেন না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান সারওয়ার জাহান। তিনি জানান, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় গ্যাস ও বিদ্যুতের নতুন গ্রাহক বাড়াচ্ছে না সরকার। অথচ সরকার ভবন নির্মাণ বন্ধ করেনি। যদি গ্যাস ও বিদ্যুতের সরবরাহ না করা যায়, তবে নতুন ভবন নির্মাণ করতে দেওয়া হচ্ছে কেন? ঢাকায় যেভাবে ভবন ও মানুষ বাড়ছে, তাতে এর বাসযোগ্যতা আর থাকছে না। জনসংখ্যার ঘনত্ব এত বেশি যে প্রতিটি সেবা সংস্থাই নাগরিক সেবা দিতে হিমশিম খাচ্ছে। সাময়িকভাবে কোনো সেবা দেওয়া বন্ধ করে নাগরিক সেবার মানে ইতিবাচক বদল সম্ভব নয়। রাজধানী ঢাকার নাগরিক সেবার মান বাড়াতে হলে এখানকার জনসংখ্যা কমাতে হবে। এ জন্য সর্বস্তরে বিকেন্দ্রীকরণ করতে হবে। দেশে ঢাকা ছাড়াও ৫২২টি শহর আছে। সেসব শহরের উন্নয়ন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।