নতুন বিদ্যুৎ-সংযোগের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্তের পাশাপাশি এবার পুরোনো গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে সরকার।উন্নত প্রযুক্তির প্রি-পেইড ই-মিটারের মাধ্যমে এই নিয়ন্ত্রণ করা হবে; পাশাপাশি গৃহস্থালি পর্যায়ে গ্যাস ব্যবহারেও মিটার বাধ্যতামূলক করা হচ্ছে।সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, সারা দেশের বিদ্যুৎ গ্রাহকদের পর্যায়ক্রমে এমন প্রযুক্তিসম্পন্ন প্রি-পেইড ই-মিটারের আওতায় আনা হবে, যার মাধ্যমে প্রত্যেক গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। সাধারণভাবে সন্ধ্যাকালীন সর্বোচ্চ চাহিদার সময় প্রত্যেক গ্রাহকের অনুমোদিত পরিমাণের অন্তত ৩০ শতাংশ বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে।সূত্রগুলো জানায়, যে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের অনুমোদিত পরিমাণ (স্যাংশনড লোড) দুই কিলোওয়াট, তিনি সন্ধ্যাকালীন সর্বোচ্চ চাহিদার সময় ব্যবহার করতে পারবেন ১ দশমিক ৪ কিলোওয়াট বিদ্যুৎ। প্রত্যেক গ্রাহকের জন্য দেওয়া প্রি-পেইড ই-মিটারে এভাবেই প্রোগ্রাম করা থাকবে। কোনো গ্রাহক সর্বোচ্চ চাহিদার সময় এর চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করলে তাঁর বাসার বিদ্যুৎ সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।প্রথমবার বন্ধ হওয়ার ৩০ সেকেন্ড পর আবার বিদ্যুৎ ব্যবহার স্বয়ংক্রিয়ভাবেই চালু হবে। কিন্তু গ্রাহক যদি ইতিমধ্যে ব্যবহার না কমান, অর্থাৎ বাসার বা প্রতিষ্ঠানের ফ্যান, লাইট বা এসির কোনো কোনোটি বন্ধ করে বিদ্যুৎ ব্যবহার মিটারে নির্ধারিত মাত্রার মধ্যে না আনেন, তাহলে বিদ্যুৎ সরবরাহ আবারও বন্ধ হয়ে যাবে। এভাবে তিনবার বিদ্যুৎ সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ ও চালু হওয়ার পরও যদি গ্রাহক বিদ্যুৎ ব্যবহার না কমান, তাহলে চতুর্থবার সরবরাহ বন্ধ হবে এবং ওই দিনের সর্বোচ্চ চাহিদার সময়ের সম্পূর্ণ সময়ের জন্য (সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা) তা বন্ধই থাকবে।সরকারি সূত্র জানায়, বর্তমানে প্রায় প্রত্যেক বিদ্যুৎ গ্রাহকই অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করেন। কিন্তু এই ই-মিটার স্থাপনের পর সর্বোচ্চ চাহিদার সময় বেশি তো ব্যবহার করা যাবেই না, অনুমোদিত পরিমাণের চেয়েও কম ব্যবহার করতে বাধ্য হবেন। বিদ্যুৎ ব্যবহারে এই নিয়ন্ত্রণ আরোপের ফলে সর্বোচ্চ চাহিদার সময় অনেক বেশি গ্রাহক বিদ্যুৎ সরবরাহ পাবেন। লোডশেডিং কম হবে। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় বাড়বে।এ ধরনের প্রি-পেইড মিটার স্থাপনের জন্য সরকার একটি বেসরকারি কোম্পানির সঙ্গে গত ১৪ জুলাই চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, নয় মাসের মধ্যে দেশের পাঁচটি বিদ্যুৎ বিতরণকারী সংস্থার এলাকায় মোট ৩৫ হাজার প্রি-পেইড ই-মিটার স্থাপন করা হবে। এরপর পর্যায়ক্রমে সারা দেশের গ্রাহকদের এই মিটারের আওতায় আনা হবে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, প্রথম পর্যায়ের ৩৫ হাজার মিটার লাগানোর পরই দ্বিতীয় পর্যায়ে লাগানোর কাজ শুরু করে দেওয়া হবে। আগামী তিন বছরের মধ্যে দেশের অধিকাংশ বিদ্যুৎ গ্রাহককে এই প্রি-পেইড মিটারের আওতায় আনা হবে। তিনি বলেন, এই মিটারের মাধ্যমে শুধু গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করা নয়, পদ্ধতিগত লোকসান কমানো এবং রাজস্ব আয় বাড়ানোও সম্ভব হবে।সরকারের অন্য সূত্র জানায়, অতীতেও দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড মিটার লাগানো হয়েছে। প্রি-পেইড মিটার ব্যবহারকারী বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা এখন দেশে প্রায় ৪৫ হাজার। কিন্তু এগুলো লাগানো হয়েছে পরীক্ষামূলকভাবে। এবারের ই-মিটারটি আর পরীক্ষামূলক নয়। ভবিষ্যতেও এই মিটার সারা দেশে ব্যবহার করা হবে। মাসে ১০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী ছাড়া সব গ্রাহককেই এই প্রি-পেইড ই-মিটারের আওতায় আনা হবে। এই মিটার স্থাপনে গ্রাহককে কোনো অর্থ ব্যয় করতে হবে না।প্রথম পর্যায়ের ৩৫ হাজার প্রি-পেইড ই-মিটারের মধ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মগবাজার ও মোহাম্মদপুর এলাকায় লাগানো হবে ১০ হাজার। ডেসকোর মিরপুর এলাকায় লাগানো হবে ১০ হাজার। পিডিবির টাঙ্গাইল এলাকায় লাগানো হবে পাঁচ হাজার। আরইবির সাভার এলাকায় পাঁচ হাজার এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) খুলনা এলাকায় আরও পাঁচ হাজার মিটার লাগানো হবে।গ্যাস ব্যবহারেও মিটার: শুধু গৃহস্থালি পর্যায় ছাড়া বর্তমানে সব ক্ষেত্রে গ্যাস ব্যবহার মিটারভিত্তিক। এখন গৃহস্থালি পর্যায়েও মিটার লাগানো হচ্ছে। তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি চলতি মাসেই ঢাকায় মিটার স্থাপন শুরু করছে।সরকারি সূত্র জানায়, চলতি মাসে ঢাকার লালমাটিয়া ও মোহাম্মদপুরে মিটার লাগানো শুরু হবে। আগামী মাসের মধ্যে (অক্টোবর ’১১) ওই এলাকায় ১০ হাজার মিটার লাগানো শেষ করা হবে। এরপর অন্যান্য এলাকায় পর্যায়ক্রমে মিটার স্থাপন করা হবে। তিতাসের এই মিটারগুলো তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।